Bible App logo
Search Icon

হোশেয় ভূমিকা

ভূমিকা
খ্রীষ্ট পূর্বাব্দ অষ্টম শতকের বিক্ষোভপূর্ণ সময়ে ভাববাদী হোশেয় ইস্রায়েলের উত্তরের রাজ্যের উদ্দেশে ভাববাণী বলেছিলেন। দ্বিতীয় যারবিয়ামের মৃত্যুর পর মাত্র কুড়ি বছরের মধ্যে ইস্রায়েলে ছ-জন আলাদা আলাদা রাজা রাজত্ব করেন; তার মধ্যে চারজন গুপ্তঘাতকের হাতে নিহত হন আর শেষ রাজাকে বলপূর্বক সিংহাসনচ্যূত করা হয়। এরপর আসিরীয় সাম্রাজ্যের উত্থান হয়, যারা 722 খ্রীষ্ট পূর্বাব্দে ইস্রায়েলকে আক্রমণ করে সম্পূর্ণভাবে তা অধিকার করে এবং দেশের অধিকাংশ মানুষকে বন্দি করে নির্বাসনে পাঠিয়ে দেয়।
ইস্রায়েল জাতি সদাপ্রভুর জায়গায় কনানীয়দের প্রকৃতি-দেবতা বায়ালকে স্থান দিয়ে ভুল কাজ করেছিল। এই কাজ হয়তো প্রথমদিকে তারা অত্যন্ত সরলচিত্তেই শুরু করেছিল, কারণ বায়াল শব্দের অর্থ “প্রভু” কিন্তু হোশেয়র সময়ে লোকেরা দেবতার পীঠস্থানে থাকা বেশ্যাদের কাছে যেত এবং উর্বরতা সংক্রান্ত যাদুবিদ্যাভিত্তিক পূজার্চনা রপ্ত করত। হোশেয় বারংবার এই ধরনের ভ্রষ্টাচারপূর্ণ পূজার্চনাকে আধ্যাত্মিক বেশ্যাবৃত্তি বলে তিরস্কার করেছেন। সেই সঙ্গে বিদেশিদের প্রতি ইস্রায়েল জাতির গোপন প্রেমের মূর্খতা, নৈতিকতাকে জলাঞ্জলি দেওয়া এবং বোধহীন লোভকেও তিনি অভিযুক্ত করেছেন। যদিও লোকেরা হোশেয়র সাবধানবাণীকে বাতিল করে দিয়েছিল এবং তাঁকে উপহাস করেছিল।
পুস্তকটি দুটি মূল ভাগে বিভক্ত। সংক্ষিপ্ত প্রথম ভাগটির বক্তব্য, কীভাবে ঈশ্বর হোশেয়কে ব্যভিচারী নারী গোমরকে বিয়ে করার আদেশ দিচ্ছেন। অবিশ্বস্ত নারী গোমর এখানে সদাপ্রভুর প্রতি ইস্রায়েল জাতির দোদুল্যমান বিশ্বস্ততার প্রতীক। এইভাবে ভাববাদীর নিজের জীবন বিপথগামী ইস্রায়েল জাতির প্রতি ঈশ্বরের ইচ্ছার একটি ছবিকে প্রকাশ করেছে। দীর্ঘ দ্বিতীয় ভাগে রয়েছে রাজা যারবিয়ামের পতনের পর প্রকাশিত বিভিন্ন ভাববাণী, যেখানে পর্যায়ক্রমে ঘুরে ফিরে এসেছে আশা ও সর্বনাশের কথা, কেননা নির্বাসনের আগের শেষ বছরগুলিতে হোশেয় ইস্রায়েল রাজ্যকে একইসঙ্গে হুমকি দিয়েছিলেন ও মিনতি করেছিলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in