Bible App logo
Search Icon

হোশেয় 8

8
ইস্রায়েলের পাপের প্রতিফল
1“তোমরা মুখে তূরী দাও!
সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান,
কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তিভঙ্গ করেছে
এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
2ইস্রায়েল আমার কাছে কেঁদে বলে,
‘হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি!’
3কিন্তু যা কিছু ভালো, ইস্রায়েল তা অগ্রাহ্য করেছে;
তাই এক শত্রু তার পশ্চাদ্ধাবন করবে।
4আমার সম্মতি ছাড়াই তারা রাজাদের প্রতিষ্ঠিত করে;
আমার অনুমোদন ছাড়াই তারা মনোনীত করে সম্মানীয়দের।
তাদের সোনা ও রুপোর দ্বারা
তারা বিভিন্ন প্রতিমা নির্মাণ করে
এবং নিজেদেরই ধ্বংস ডেকে আনে।
5শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও!
তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে।
আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?
6ওই প্রতিমাগুলি ইস্রায়েল থেকেই সৃষ্ট!
ওই বাছুর-প্রতিমাটি একজন কারিগর নির্মাণ করেছে;
ওটি ঈশ্বর নয়।
শমরিয়ার ওই বাছুর-প্রতিমাকে
খণ্ড খণ্ড করে ফেলা হবে।
7“তারা বায়ুস্বরূপ বীজবপন করে
এবং ঘূর্ণিবায়ুস্বরূপ শস্য কাটে।
সেগুলির শিষের মাথায় শস্যদানা থাকে না,
তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না।
যদি তাতে শস্যদানা উৎপন্ন হত,
তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত।
8ইস্রায়েলকে গ্রাস করা হয়েছে;
এখন এক অসার বস্তুর মতো
জাতিসমূহের মধ্যে তাঁর অবস্থান।
9যেমন কোনো বুনো গর্দভ একা একা বিচরণ করে,
সেভাবেই তারা আসিরিয়ায় গিয়েছিল।
ইফ্রয়িম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে।
10যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে,
কিন্তু আমি এখন তাদের একত্রিত করব।
পরাক্রান্ত রাজার অত্যাচারে
তারা ক্রমশ ক্ষয়ে যাবে।
11“যদিও ইফ্রয়িম পাপবলির উদ্দেশে বহু বেদি নির্মাণ করেছে,
কিন্তু সেগুলি পরিণত হয়েছে পাপ করার বেদিতে।
12আমি তাদের জন্য আমার বিধানে বহু বিষয় লিখেছিলাম,
কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল।
13তারা আমার কাছে বলি-উপহার উৎসর্গ করে,
এবং সেই মাংস তারা ভক্ষণও করে;
কিন্তু সদাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট নন।
এবারে তিনি তাদের সব দুষ্টতার কথা স্মরণ করবেন
এবং তাদের পাপের শাস্তি দেবেন;
তারা আবার মিশরে ফিরে যাবে।
14ইস্রায়েল তার নির্মাতাকে ভুলে গেছে
এবং বহু প্রাসাদ নির্মাণ করেছে;
যিহূদা বহু নগরকে প্রাচীর দিয়ে সুরক্ষিত করেছে।
কিন্তু তাদের নগরগুলির উপরে আমি অগ্নিবর্ষণ করব,
যা তাদের দুর্গগুলিকে গ্রাস করবে।”

Currently Selected:

হোশেয় 8: BCV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হোশেয় 8