Bible App logo
Search Icon

হোশেয় 10

10
1ইস্রায়েল ছিল শাখাপ্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা;
সে নিজের জন্যই ফল উৎপন্ন করত।
তার ফল যখন বৃদ্ধি পেল,
সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল;
তার দেশ যেই সমৃদ্ধ হল,
সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল।
2তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ,
তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে।
সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন
ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন।
3তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই,
তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি।
আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন,
তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”
4তারা বহু প্রতিশ্রুতি দেয়,
চুক্তি করার সময়
তারা মিথ্যা শপথ করে;
সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে
চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।
5শমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে
বেথ-আবনের বাছুর-প্রতিমা ভীতিপ্রদ।
কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে,
যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা,
যারা তার আড়ম্বরে আনন্দিত হয়েছিল,
কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে।
6তা আসিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ
তা বহন করে নিয়ে যাওয়া হবে।
ইফ্রয়িম অপমানিত হবে;
ইস্রায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে।
7জলরাশির উপরে কচি শাখার মতো
শমরিয়া ও তার রাজা ভেসে যাবে।
8দুষ্টতার#10:8 হিব্রু আবন হল বেথ-আবনের একটি উল্লেখ (বেথেল-এর এক মর্যাদাহানিকর নাম) উচ্চ স্থানগুলি ধ্বংস করা হবে,
কারণ এ হল ইস্রায়েলের পাপ।
সেখানে কাঁটাগাছ ও শিয়ালকাঁটার জন্ম হবে,
এবং সেগুলি তাদের যজ্ঞবেদিগুলিকে ঢেকে ফেলবে।
তখন তারা পর্বতসকলের উদ্দেশে বলবে, “আমাদের ঢেকে ফেলো!”
আর পাহাড়গুলিকে বলবে, “আমাদের উপরে পড়ো!”
9“হে ইস্রায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ,
আর তোমরা সেখানেই থেকে গিয়েছ।
তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের
নাগাল কি পাবে না?
10আমার যখন ইচ্ছা হবে, আমি তাদের শাস্তি দেব;
তাদের দ্বিগুণ পাপের জন্য তাদের বেঁধে ফেলতে।
জাতিসমূহ তাদের বিরুদ্ধে একত্র হবে,
11ইফ্রয়িম এক প্রশিক্ষিত বকনা-বাছুর,
সে শস্যমর্দন করতে ভালোবাসে;
তাই আমি তার সুন্দর ঘাড়ে
একটি জোয়াল দেব।
আমি ইফ্রয়িমকে বিতাড়িত করব,
যিহূদাকে অবশ্যই ভূমি কর্ষণ করতে হবে,
আর যাকোব অবশ্যই মাটির ঢেলা ভাঙবে।
12তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজবপন করো,
অনিঃশেষ ভালোবাসার ফসল তোলো,
তোমাদের পতিত জমি চাষ করো;
কারণ এখনই সদাপ্রভুকে অন্বেষণ করার সময়,
যতক্ষণ তিনি এসে
তোমাদের উপরে ধার্মিকতা বর্ষণ না করেন।
13কিন্তু তোমরা তো দুষ্টতার বীজবপন করেছ,
তোমরা মন্দতার শস্যচয়ন করেছ,
তোমরা প্রতারণার ফল ভক্ষণ করেছ।
এসবের কারণ, তোমরা নিজেদের শক্তি
ও তোমাদের অসংখ্য বীর যোদ্ধাদের উপর নির্ভর করেছিলে।
14তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে,
যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়;
ঠিক যেভাবে শল্‌মন যুদ্ধের সময় বেথ-অর্বেলকে ধ্বংস করেছিল,
সন্তানসহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল।
15ওহে বেথেল, তোমার প্রতি এরকমই করা হবে,
কারণ তোমার দুষ্টতা বিপুল।
সেদিন যখন ঘনিয়ে আসবে,
তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে।

Currently Selected:

হোশেয় 10: BCV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হোশেয় 10