যিহিষ্কেল 28
28
সোরের রাজার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2“হে মানবসন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘তোমার অন্তরের অহংকারে
তুমি বলো, “আমি দেবতা;
সমুদ্রের মাঝখানে
আমি ঈশ্বরের সিংহাসনে বসে আছি।”
কিন্তু তুমি একজন মানুষ, দেবতা নও,
যদিও তুমি মনে করো যে তুমি ঈশ্বরের মতো জ্ঞানী।
3তুমি কি দানিয়েলের থেকেও জ্ঞানী?
তোমার কাছে কি কোনও গুপ্ত বিষয় লুকানো হয়নি?
4তোমার জ্ঞান ও বুদ্ধি দিয়ে
তুমি নিজের জন্য সম্পদ লাভ করেছ
এবং তোমার কোষাগারে
সোনা ও রুপো জমা করেছ।
5ব্যবসায়ে তোমার দারুণ দক্ষতায়
তুমি তোমার সম্পদ বাড়িয়েছ,
এবং তোমার সম্পদের কারণে
তোমার হৃদয় অহংকারে ভরে গিয়েছে।
6“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন
“ ‘যেহেতু তুমি নিজেকে মনে করো,
ঈশ্বরের মতো জ্ঞানী,
7আমি তোমার বিরুদ্ধে বিদেশিদের নিয়ে আসব,
জাতিদের মধ্যে সবচেয়ে নির্মম;
তারা তোমার সৌন্দর্য এবং জ্ঞানের বিরুদ্ধে তাদের তরোয়াল উঠাবে
এবং তোমার উজ্জ্বল ঐশ্বর্যকে বিদ্ধ করবে।
8তারা তোমাকে কুয়োতে নামাবে,
এবং তুমি সমুদ্রের গভীরে
এক ভয়ংকর মৃত্যু ভোগ করবে।
9তোমার বধকারীদের সাক্ষাতে,
তুমি কি তখন বলবে, “আমি ঈশ্বর”?
যাদের হাতে তুমি বধ হয়েছ,
তুমি কেবল একজন মানুষ, ঈশ্বর নও।
10তুমি বিদেশিদের হাতে
অচ্ছিন্নত্বকের মতো মরবে।
আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
11সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 12“হে মানবসন্তান, সোরের রাজার জন্য তুমি বিলাপ করে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘তুমি ছিলে নিখুঁতের মুদ্রাংক,
জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত।
13তুমি ঈশ্বরের বাগান
এদনে ছিলে;
প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে:
পোখরাজ, পীতমণি, হীরা,
বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি,
নীলকান্তমণি, ফিরোজা ও পান্না।
তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল;
তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।
14রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল,
কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম।
তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে;
তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।
15তোমার সৃষ্টির দিন থেকে
তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে
যতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল।
16তোমার অনেক ব্যবসার দরুন
তুমি অত্যাচারী হয়ে উঠলে
এবং পাপ করলে।
সেইজন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম,
এবং হে রক্ষাকারী করূব, আমি তোমাকে
অগ্নিময় পাথরের মধ্যে থেকে তাড়িয়ে দিলাম।
17তোমার সৌন্দর্যের কারণে
তোমার হৃদয় অহংকারী হয়েছিল,
এবং তোমার জাঁকজমকের জন্য
তোমার জ্ঞানকে দূষিত করেছিলে।
এই জন্য আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম;
রাজাদের সামনে আমি তোমাকে রাখলাম যেন তারা তোমাকে দেখতে পায়।
18তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে
তুমি নিজের উপাসনার জায়গাগুলি অপবিত্র করেছ।
এই জন্য আমি তোমার মধ্যে থেকে আগুন বের করলাম
আর তা তোমাকে পুড়িয়ে দিল,
এবং যারা দেখছিল তাদের চোখের সামনে
আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম।
19যে সমস্ত জাতি তোমাকে জানত
তারা তোমার বিষয় হতভম্ব হল;
তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ
আর তুমি থাকবে না।’ ”
সীদোনের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
20সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 21“হে মানবসন্তান, তুমি সীদোনের দিকে মুখ রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো 22এবং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘হে সীদোন, আমি তোমার বিপক্ষে,
এবং আমি তোমার মধ্যে মহিমান্বিত হব।
তাতে তোমরা জানবে যে আমিই সদাপ্রভু,
যখন আমি তোমাকে শাস্তি দেব
এবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।
23আমি তোমার মধ্যে মহামারি পাঠাব
এবং তোমার রাস্তায় রক্ত বহাব।
চারিদিক থেকে তরোয়ালের আক্রমণের ফলে,
আহত লোকেরা তার মধ্যে পতিত হবে।
তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
24“ ‘ইস্রায়েল কুলের জন্য ব্যথা দেওয়া কোনও কাঁটাগাছ এবং সূচালো কাঁটার মতো বিদ্বেষী প্রতিবেশী আর থাকবে না। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।
25“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে পড়া ইস্রায়েলীদের আমি যখন জড়ো করব, তখন জাতিদের সামনে তাদের মধ্যে আমি নিজের পবিত্রতা প্রকাশ করব। তারা নিজেদের সেই দেশে বাস করবে, যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছিলাম। 26তারা সেখানে নিরাপদে বাস করবে এবং ঘরবাড়ি বানাবে ও আঙুর ক্ষেত করবে; তাদের বিদ্বেষী প্রতিবেশী সকল জাতিদের যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তখন তারা জানবে যে আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”
Currently Selected:
যিহিষ্কেল 28: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.