YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 25

25
অম্মোনের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী
1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2“হে মানবসন্তান, তুমি অম্মোনীয়দের দিকে তোমার মুখ রেখে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী বলো। 3তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভুর এই কথা শোনো। সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেহেতু তোমরা আমার পবিত্রস্থানের উপর “বাহবা!” বলেছিলে যখন সেই জায়গা অপবিত্র হতে দেখেছিলে ও ইস্রায়েল দেশকে পতিত জমি হতে দেখেছিলে এবং যিহূদার লোকদের বন্দি হয়ে নির্বাসনে যেতে দেখেছিলে, 4এই জন্য আমি তোমাদের অধিকার করার জন্য পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব। তারা তোমাদের দেশে তাদের তাঁবু খাটিয়ে তোমাদের মধ্যে বাস করবে; তারা তোমাদের ফল খাবে ও দুধ পান করবে। 5আমি রব্বাকে উটের চারণভূমি ও অম্মোনকে মেষের বিশ্রামস্থান করব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। 6কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, কারণ তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সঙ্গে তাকে হিংসা করে আনন্দ করেছ, 7এই জন্য তোমাদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং লুটের জিনিস হিসেবে অন্য জাতিদের হাতে তোমাদের তুলে দেব। জাতিগণের মধ্যে থেকে তোমাকে কেটে ফেলব এবং সকল দেশের মধ্যে থেকে তোমাকে উচ্ছিন্ন করব। আমি তোমাকে ধ্বংস করব, তাতে তুমি জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
মোয়াবের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী
8“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু মোয়াব এবং সেয়ীর বলেছে, “দেখো, যিহূদা কুল অন্যান্য জাতিদের মতো হয়ে গেছে,” 9এই জন্য আমি মোয়াবের সীমানা খুলে দেব, তার সামনের নগর থেকে শুরু করে, তাদের গৌরবের নগর—বেথ-যিশীমোৎ, বায়াল-মিয়োন ও কিরিয়াথয়িম। 10আমি অম্মোনীয়দের সঙ্গে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব, যেন জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায়; 11আর আমি মোয়াবকেও শাস্তি দেব। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
ইদোমের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী
12“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু ইদোম যিহূদা কুলের উপর প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে, 13এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি ইদোমের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং সেখানকার মানুষ ও পশুকে মেরে ফেলব। আমি সেটি ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত তরোয়ালে মারা পড়বে। 14আমি আমার লোক ইস্রায়েলের হাত দিয়ে ইদোমের উপর প্রতিশোধ নেব, আর তারা আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ অনুসারে ইদোমের বিরুদ্ধে কাজ করবে; তখন তারা আমার প্রতিশোধ জানতে পারবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ”
ফিলিস্তিনীর বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী
15“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ‘যেহেতু ফিলিস্তিনীরা হিংসার মনোভাব নিয়ে যিহূদার উপর প্রতিশোধ নিয়েছে, এবং পুরানো শত্রুতার মনোভাব নিয়ে যিহূদাকে ধ্বংস করতে চেয়েছে, 16এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ফিলিস্তিনীদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব, আর আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকি লোকদের ধ্বংস করব। 17আমি তাদের উপর ভীষণ প্রতিশোধ নেবার জন্য আমার ক্রোধে তাদের শাস্তি দেব। আমি যখন তাদের উপর প্রতিশোধ নেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in