Bible App logo
Search Icon

আমোষ 3

3
ইস্রায়েলের বিরুদ্ধে সাক্ষীদের তলব
1ওহে ইস্রায়েলের লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যা বলেছেন, তোমরা সেই বাক্য শোনো। আমি যাদের মিশর থেকে মুক্ত করে এনেছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলা বাক্য শোনো:
2“পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে,
আমি কেবলমাত্র তোমাদেরই মনোনীত করেছি;
তাই তোমাদের সব পাপের জন্য,
আমি তোমাদের শাস্তি দেব।”
3দুজন মানুষ এক পরামর্শ না হলে
তারা কি পথে একসঙ্গে চলতে পারে?
4ঘন জঙ্গলে শিকার না পেলে
কোনো সিংহ কি গর্জন করে?
কোনো শিকার না ধরে
সে কি তার গহ্বরে হুংকার দেয়?
5কোনো ফাঁসকল পাতা না থাকলে,
পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে?
কিছু না ধরা পড়লে,
মাটি থেকে কোনো কল কি আপনা-আপনি ছোটে?
6নগরের মধ্যে তূরী বাজলে,
লোকেরা কি ভয়ে কাঁপে না?
যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়,
তা কি সদাপ্রভু থেকে হয় না?
7নিশ্চয়ই সদাপ্রভু, তাঁর দাস ভাববাদীদের কাছে
নিজের পরিকল্পনা প্রকাশ না করে,
সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না।
8সিংহ গর্জন করলে—
কে না ভয় করবে?
সার্বভৌম সদাপ্রভু কথা বলেন—
কে না ভবিষ্যদ্‌বাণী করবে?
9তোমরা অস্‌দোদের দুর্গগুলিতে,
ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো:
“তোমরা শমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও;
আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো,
তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো।”
10“তারা জানে না ন্যায়সংগত কাজ কীভাবে করতে হয়,”
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন,
“তারা তাদের দুর্গগুলিতে
অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে।”
11অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:
“এক শত্রু দেশকে ছারখার করে দেবে,
সে তোমার ঘাঁটিগুলি ভেঙে ফেলবে
ও তোমার দুর্গগুলি লুট করবে।”
12সদাপ্রভু এই কথা বলেন:
“মেষপালক যেমন সিংহের মুখ থেকে
দুটি পায়ের হাড় বা একটি কানের টুকরো উদ্ধার করে,
তেমনই ইস্রায়েলীরাও রক্ষা পাবে,
যারা শমরিয়ায় তাদের বিছানার প্রান্তে
বা দামাস্কাসে তাদের পালঙ্কের কোণে বসে থাকে।”
13“তোমরা এই কথা শোনো ও যাকোবের কুলের বিপক্ষে সাক্ষ্য দাও,” বলেন প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু।
14“যেদিন আমি ইস্রায়েলের সব পাপের জন্য তাদের শাস্তি দিই,
আমি বেথেলের সব বেদি ধ্বংস করব;
বেদির শৃঙ্গগুলি কেটে ফেলা হবে
ও সেগুলি মাটিতে পতিত হবে।
15আমি শীতযাপনের গৃহ
ও গ্রীষ্মযাপনের গৃহকে ভেঙে ফেলব;
হাতির দাঁতে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে
এবং অট্টালিকাগুলি ভূমিসাৎ করা হবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।

Currently Selected:

আমোষ 3: BCV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in