YouVersion Logo
Search Icon

সখরিয় 13

13
মিথ্যাচারের সমাপ্তি
1সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে। 2সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, সেই দিন আমি দেশ থেকে প্রতিমাপূজার রীতি তুলে দেব। মানুষের স্মৃতি থেকে প্রতিমার নাম পর্যন্ত মুছে যাবে। যারা নিজেকে নবী বলে দাবী করে তাদের ও সমস্ত মন্দভাবকে আমি দেশ থেকে দূর করে দেব। 3কেউ যদি তখন ভাবোক্তি করে, তাহলে তার নিজের বাবা-মা-ই তাকে বলবে, তুমি মরবে, কারণ প্রভু পরমেশ্বরের নাম করে তুমি মিথ্যা কথা বলেছ। তার পরেও সে যদি ভাবোক্তি করে তাহলে তারাই তাকে হত্যা করবে। 4সেই সময় এমন হবে যে নবীরা অত্যন্ত নম্রভাবে তাদের দিব্যদর্শনের কথা বলবে। তারা কেউ নবীর বেশ ধরে মানুষকে প্রতারণা করবে না। 5তারা বরং বলবে, আমি নবী নই, আমি চাষী মাত্র, আজীবন আমি চাষবাস নিয়েই আছি। 6যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, তোমার গায়ে এসব ক্ষতচিহ্ন কিসের? সে তখন বলবে, আমার বন্ধুর ঘরে আমি আঘাত পেয়েছিলাম, এ তারই চিহ্ন।
জাতীয় স্তরে শোধন
7সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ অসি, তুমি সক্রিয় হও আমার মেষপালক ও আমার সহকারীর বিরুদ্ধে, আঘাত কর মেষপালককে, তাহলে মেষপাল বিক্ষিপ্ত হবে চারিদিকে, এমনকি শাবকদেরও আমি আঘাত করব।#মথি 26:31; মার্ক 14:27 8সারা দেশের দুই-তৃতীয়াংশ লোক উচ্ছিন্ন ও বিনষ্ট হবে, এক-তৃতীয়াংশ লোক মাত্র অবশিষ্ট থাকবে। 9সেই এক-তৃতীয়াংশকে আমি অগ্নিশুদ্ধ করব, রূপোর মত আমি তাদের শোধন করব, সোনার মত যাচাই করব। তারা আমায় ডাকবে, আমি সাড়া দেব তাদের ডাকে। আমি বলব, এরা আমার প্রজা, ওরা বলবে, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in