YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 63

63
ঈশ্বরের জন্য ভক্তের আকুলতা
দাউদের ভজন
যিহুদীয়ার প্রান্তরে অবস্থানকালে রচিত।#১ শমু 23:14
(১ শমু 23:14-29)
1হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর,
একান্তভাবে আমি তোমাকেই চাই।
তোমারই জন্য অধীর আকুল আমার এ দেহমন
তৃষিত আমার প্রাণ যেন রুক্ষ্ম,
শুষ্ক জলহীন ভূমি চেয়ে আছে আকাশের পানে।
2চেয়ে আছি আমি তৃষিত নয়নে তোমার মহিমা দেখাও আমায়,
দেখাও তোমার অমিত পরাক্রম তোমারই পুণ্যভূমিতে।
3জীবনের চেয়েও শ্রেয় তোমার অবিচল প্রেম,
তাই আমার ওষ্ঠাধর গাইবে তোমার জয়গান।
4আমি আজীবন গাইব তোমার স্তুতিগান,
দুহাত তুলে তোমার নামে করব জয়ধ্বনি।
5উপাদেয় খাদ্যে যেমন তৃপ্ত হয় মানব রসনা,
তেমনি তৃপ্ত হবে আমার জীবন ও সত্তা, আমি মহানন্দে গাইব তোমার স্তবগান।
6আমি শয়নকালে স্মরণ করি তোমায়,
রাত্রির প্রহরে প্রহরে করি তোমারই ধ্যান।
7তুমিই আমার সহায়,
তোমারই পক্ষছায়ায় আমি করি আনন্দ গান।
8তোমাতেই আসক্ত আমার প্রাণ,
তোমার দক্ষিণ হস্ত ধারণ করে আমায়।
9আমার প্রাণ নাশের চেষ্টায় উন্মুখ যারা,
মৃত্যুলোক গ্রাস করুক তাদের।
10তারা নিক্ষিপ্ত হবে খড়্গমুখে,
শৃগালের ভক্ষ্য হবে তারা।
11ঈশ্বরের অনুগ্রহে বিজয়ী রাজা তাঁরই নামে উল্লসিত হবেন,
ঈশ্বরের নামে যারা শপথ করে
তারা সকলেই করবে তাঁর জয়ধ্বনি,
কিন্তু মিথ্যাবাদীদের মুখ হবে স্তব্ধ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in