YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 25

25
পথনির্দেশ ও সুরক্ষার জন্য প্রার্থনা
দাউদের ভজন
1হে প্রভু পরমেশ্বর,
তোমার কাছেই করি আত্মনিবেদন।
2হে আমার ঈশ্বর, আমি নিয়েছি তোমারই শরণ।
লজ্জিত হতে দিও না আমায়,
আমার বিরোধীদের করতে দিও না উল্লাস।
3যারা তোমার প্রতীক্ষায় থাকে লজ্জিত হবে না তারা,
লজ্জা পাবে তারাই যারা বিশ্বাস ভঙ্গ করে অকারণে।
4হে প্রভু পরমেশ্বর, আমাকে জানাও তোমার পথ,
চলতে শিখাও আমাকে তোমারই পথে।
5তোমার সত্যে আমাকে পরিচালিত কর,
দীক্ষা দাও আমায় তোমারই সত্যে,
কারণ তুমিই আমার ত্রাণেশ্বর আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়।
6হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর সেই অনাদিকালের করুণা তোমার,
স্মরণ কর সেই অবিচল প্রেম।
7আমার যৌবনের পাপ অপরাধ মনে রেখ না তুমি।
হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম
ও মহাকরুণার গুণে স্মরণে রেখ আমায়।
8প্রভু পরমেশ্বর মঙ্গলময় ও ন্যায়পরায়ণ,
তাই পাপীদের তিনি পথ দেখান।
9যারা নম্রনত, তাদের পরিচালনা করেন তিনি ন্যায়ের পথে,
দেখিয়ে দেন তাদের গন্তব্য পথ।
10যারা রক্ষা করে তাঁর স্থাপিত সন্ধিচুক্তি,
পালন করে তাঁর অনুশাসন তাদের পথ প্রভুরই অবিচল প্রেম ও সত্যের পথ।
11হে প্রভু পরমেশ্বর তোমার মহিমার গুণে ক্ষমা কর আমার যত দোষ,
গুরুতর অপরাধ যত।
12প্রভু পরমেশ্বর তাদেরই দেন পথের নির্দেশ
যারা সম্ভ্রম করে তাঁকে।
13তিনি করবেন তাদের শ্রীবৃদ্ধি,
তার উত্তরপুরুষ লাভ করবে দেশের অধিকার।
14যারা তাঁর ইচ্ছা পালন করে তারাই তাঁর অন্তরঙ্গ,
তাদেরই সঙ্গে স্থাপন করবেন তিনি তাঁর সেই সন্ধিচুক্তি।
15সতত প্রভুর দিকে নিবদ্ধ আমার এ দুটি নয়ন,
তিনিই বিপদ থেকে রক্ষা করেন আমায়।
16হে প্রভু পরমেশ্বর, আমার দিকে ফিরে চাও,
কৃপা কর আমায়, বড়ই দুঃখী আমি, নিঃসঙ্গ, নিরুপায়।
17দুঃসহ আমার মর্ম বেদনা,
রক্ষা কর আমায় নিদারুণ এ যন্ত্রণা থেকে।
18চেয়ে দেখ আমার ক্লেশ ও নির্যাতনের দিকে,
মার্জনা কর আমার সকল পাপ।
19অসংখ্য শত্রু আমার চারিদিকে,
ওরা ঘৃণা করে আমায় হিস্র বিদ্বেষে।
20রক্ষা কর আমার জীবন,
উদ্ধার কর আমায়, আমি তোমারই শরণাগত,
লজ্জিত হতে দিও না, আমায়।
21সততা ও ন্যায়নিষ্ঠা রক্ষা করুক আমায়
আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়।
22হে ঈশ্বর, রক্ষা কর,
উদ্ধার কর ইসরায়েলকে সকল সঙ্কট থেকে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা 25