গীতসংহিতা 22
22
নিপীড়িত ভক্তের কাতর বিনতি
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের জন্য
1ঈশ্বর আমার, ঈশ্বর আমার কেন পরিত্যাগ করেছ আমায়?
কেন শুনছ না আমার কাতর ক্রন্দন? কেন আমায় করছ না উদ্ধার?
কেন তুমি আজ রয়েছ দূরে?#মথি 27:46; মার্ক 15:34
2হে আমার ঈশ্বর,
দিবসে আমি ডাকি তোমায়,
তুমি দাও না সাড়া, নিশীথেও তোমায় ডাকি অবিরাম,
তবু তুমি রয়েছ নীরব।
3তবুও তুমিই পুণ্যময় অধিষ্ঠিত তুমি তোমার সিংহাসনে,
ইসরায়েল গায় তোমার বন্দনা গান।
4আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই ছিলেন আস্থাবান।
নির্ভর করতেন তোমারই উপরে, তুমি তাঁদের করতে উদ্ধার।
5তোমার কাছে আকূতি জানালে তাঁরা বিপদমুক্ত হতেন,
তোমার উপর ভরসা করে তাঁরা কখনও হননি নিরাশ।
6কিন্তু আমি তো মানুষ নই, কীটানুকীট,
অবজ্ঞা ও ঘৃণার পাত্র।
7আমাকে দেখে সকলেই উপহাস করে,
মুখভঙ্গী করে বলে:#মথি 27:39; মার্ক 15:29; লুক 23:35
8ও তো প্রভুর উপর নির্ভর করে, দেখি তিনি ওকে উদ্ধার করেন কিনা!
ও নাকি তাঁর প্রীতিভাজন, তবে তিনিই ওকে রক্ষা করুন।#মথি 27:43
9তুমি গর্ভ থেকে আমাকে এনেছ বাহিরে,
মাতৃবক্ষে তুমিই রেখেছ নিরাপদে,
10জন্মাবধি তোমার হাতেই আমি সমর্পিত,
মাতৃগর্ভ থেকে তুমিই আমার ঈশ্বর।
11সঙ্কট আসন্ন –আমার কাছ থেকে দূরে থেক না তুমি
কেউ নেই আমার সহায়!
12আমার শত্রুদল বৃষের মত বেষ্টন করে আমায়,
বাশানের শক্তিশালী বৃষের মত।
13শিকারী সিংহের মত গর্জন করতে করতে ছুটে আসছে
ওরা আমাকে আক্রমণ করবে বলে।
14নিঃশেষিত আমার সমস্ত শক্তি মাটিতে ঢেলে ফেলা জলের মত,
বক্ষপঞ্জরে হৃদয় আমার মোমের মতই বিগলিত।
15ভাঙ্গা মাটির পাত্রের মত শুষ্ক হয়েছে কণ্ঠ#22:15 কণ্ঠ: পাঠান্তর = শক্তি। আমার,
জিহ্বা ঠেকেছে তালুতে লুটিয়ে দিয়েছ তুমি আমায় মৃত্যুধূলায়।
16কুকুরের পাল ঘিরে ধরেছে আমায়, বেষ্টন করেছে দুর্বৃত্তের দল,
বিদ্ধ করেছে আমার হস্তপদদ্বয়।
17অস্থিসার হয়েছে আমার দেহ,
তারা চেয়ে আছে আমার দিকে হিংস্র উল্লাসে।
18ভাগ করে নিল ওরা আমার পোশাক,
আমার বর্হিবাসের জন্য ফেলল পাশার দান।#মথি 27:35; মার্ক 15:24; লুক 23:34; যোহন 19:24
19হে প্রভু পরমেশ্বর, আর দূরে থেক না তুমি
তুমিই আমার সহায়, তৎপর হও, সাহায্য কর আমায়।
20তরবারির আক্রমণ থেকে আমায় রক্ষা কর,
কুকুরের কবল থেকে বাঁচাও আমার প্রাণ।
21সিংহের মুখ থেকে উদ্ধার কর আমায়,
বন্যবৃষের শৃঙ্গের আঘাত থেকে বাঁচাও আমার বিপন্ন প্রাণ।
22আমি গাইব তোমার নাম আমার বন্ধুজনের কাছে,
লোক সমাজে –করব তোমার স্তবগান।#হিব্রু 2:12
23তোমরা, যারা প্রভুকে সম্ভ্রম কর,
গাও তাঁর স্তুতিগান। হে যাকোবের বংশ, জয়ধ্বনি কর তাঁর।
ইসরায়েলের সমস্ত গোষ্ঠী কর তাঁর আরাধনা।
24তিনি উপেক্ষা করেন না কখনও উৎপীড়িতের বেদনা,
করেন না তাকে তুচ্ছজ্ঞান। উৎপীড়িতের প্রতি বিমুখ নন তিনি,
কর্ণপাত করেন তিনি তার আর্তনাদে।
25বিপুল জনসমাবেশে আমি বর্ণনা করব তোমার মহান কীর্তির কথা,
যারা তোমায় সম্ভ্রম করে,
তাদের সমক্ষে আমি পূর্ণ করব আমার সকল অঙ্গীকার।
26সর্বহারা দলিত মানুষ তৃপ্ত হবে সুখাদ্যে,
প্রভু পরমেশ্বরের অন্বেষণ করে যারা তারা করবে তাঁর স্তবগান,
আনন্দে ভরে যাবে হৃদয় তাদের।
27পৃথিবীর সকল প্রান্তের মানুষ স্মরণ করবে তাঁকে,
ফিরে আসবে তারা প্রভুর কাছে। সকল জাতির সকল গোষ্ঠীই হবে
তোমার সম্মুখে আভূমি আনত।
28তিনিই সর্বজাতির অধীশ্বর
সকল রাজকীয় পরাক্রম তাঁরই।
29দাম্ভিকের দল নতজানু হবে তাঁর সম্মুখে,
নতজানু হবে মর্ত্যমানব, আভূমি আনত হবে তারা।
30আমার ভাবী প্রজন্ম করবে তাঁর আরাধনা,
বর্ণনা করবে প্রভুর কীর্তি কাহিনী তাদের উত্তরপুরুষের কাছে।
31আগামী যুগের মানুষের কাছে তারা করবে ঘোষণা তাঁর সাধিত পরিত্রাণের বাণী বলবে:
সকলই প্রভু পরমেশ্বরের মহান কীর্তি।
Currently Selected:
গীতসংহিতা 22: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.