YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 3

3
তরুণদের প্রতি উপদেশ
1বৎস, আমার শিক্ষা ভুলো না, মনে রেখ আমার সমস্ত নির্দেশ। 2সেগুলি তোমাকে দান করবে দীর্ঘায়ু, দান করবে জীবনের প্রাচুর্য ও সফলতা। 3আনুগত্য ও সততা যেন তোমায় পরিত্যাগ না করে, এ দুটিকে তুমি কন্ঠে ধারণ করে রেখ, লিখে রেখ তোমার হৃদয়ফলকে। 4তাহলে লাভ করবে তুমি ঈশ্বর ও মানুষের অনুগ্রহ ও প্রসন্নতা।#লুক 2:52
5তুমি সর্বান্তঃকরণে নির্ভর কর প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞানবুদ্ধির উপর ভরসা করো না। 6তোমার সমস্ত কর্মপথে স্বীকৃতি দাও তাঁকে তিনি তোমায় সঠিক পথের সন্ধান দেবেন। 7নিজেকে বেশী জ্ঞানী মনে করো না পরম প্রভুকে সম্ভ্রম কর, মন্দ থেকে দূরে থাক।#রোমীয় 12:16 8এগুলি ওষুধের মত কাজ করবে দান করবে তোমায় সুস্বাস্থ্য, দূর করবে ব্যথাবেদনা। 9তোমার ধনসম্পদ ও ফসলের অগ্রভাগ প্রভুকে নিবেদন কর, সম্মান জানাও তাঁকে। 10তাহলে তোমার গোলা শস্যে পূর্ণ থাকবে, তোমার ভাণ্ড থেকে উপচে পড়বে দ্রাক্ষারস।
11বৎস,প্রভুর শাসন তুচ্ছ করো না বিরক্ত হয়ো না তাঁর অনুযোগে,#ইয়োব 5:17 12কারণ পিতা যেমন স্নেহভাজন পুত্রকে শাস্তি দেন, তেমনি প্রভু যাকে ভালবাসেন তাকে শাসন করেন#প্রকা 3:19#হিব্রু 12:5-6 13ধন্য সেই ব্যক্তি যেপ্রজ্ঞার সন্ধান পেয়েছে, সে অর্জন করেছে বোধশক্তি। 14কারণ রজতখণ্ডের চেয়েও প্রজ্ঞা লাভজনক সুবর্ণলাভের চেয়ে প্রজ্ঞালাভ শ্রেয়। 15প্রজ্ঞা মণিমুক্তার চেয়েও মূল্যবান, তোমার ইস্পিত কোন বস্তুই তার তুল্য নয়। 16তার ডান হাতে দীর্ঘজীবন বাম হাতে তার ধনসম্মান। 17সুরম্য তার সকল পথ, সে পথে রয়েছে কল্যাণ। 18যারা প্রজ্ঞাকে অবলম্বন করে তাদের কাছে সে জীবনতরু যারা তার সঙ্গে যুক্ত থাকে তারাই হয় সুখী।
19পরমেশ্বর আপন প্রজ্ঞায় স্থাপন করেছেন পৃথিবীর ভিত্তিমূল।
প্রতিষ্ঠা করেছেন আকাশমণ্ডল আপন জ্ঞানমাহাত্ম্যে।
20তাঁর জ্ঞানেই নদী নির্ঝর উৎসারিত হয়,
মেঘপুঞ্জ করে বারিপাত।
21বৎস, তুমি প্রজ্ঞা ও অর্ন্তদৃষ্টিতে হারিও না, এগুলি যেন তোমার দৃষ্টি এড়িয়ে না যায়। 22এগুলিই হবে তোমার জীবনের সার তোমার কন্ঠের মণিহার। 23তাহলে তুমি নির্ভয়ে পথ চলতে পারবে আঘাত লাগবে না তোমার পায়ে। 24শয়নকালে তুমি ভীত হবে না, সুখকর হবে তোমার নিদ্রা। 25আকস্মিক বিপদে বিচলিত হয়ো না, কিম্বা দুর্জনের বিনাশ কালে ভয় পেয়ো না। 26কারণ প্রভুই তোমার ভরসা, তিনিই ফাঁদ থেকে রক্ষা করবেন তোমার চরণ। 27যাদের উপকার করা উচিত, তোমার পক্ষে সম্ভব হলে তাদের উপকার করতে কুন্ঠিত হয়ো না। 28প্রার্থিত বস্তু যদি তোমার কাছে থাকে তাহলে তোমার প্রতিবেশীকে ফিরিয়ে দিও না, বলো না,কাল এস, তখন দেব। 29তোমার প্রতিবেশী, যে সরল বিশ্বাসে তোমার পাশে বাস করে, চক্রান্ত করো না তার বিরুদ্ধে। 30কোন ব্যক্তি যদি তোমার উপকার না করে থাকে তাহলে তার সঙ্গে অকারণে বিবাদ করো না। 31দুর্বৃত্তের সমৃদ্ধিতে ঈর্ষা করো না, অনুসরণ করো না তার পথ। 32কেননা কুটিল লোক প্রভুর ঘৃণাস্পদ কিন্তু ন্যায়নিষ্ঠের তাঁর আস্থাভাজন। 33দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ। 34নিন্দুকদের তিনি নিন্দিত করেন, কিন্তু বিনম্রদের প্রতি করেন অনুগ্রহ।#যাকোব 4:6; ১ পিতর 5:5 35জ্ঞানীরা হবে গৌরবের অধিকারী, কিন্তু অবমাননাই হবে নির্বোধের ভূষণ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in