YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 2

2
1বৎস, তুমি যদি আমার কথা মান, যদি আমার সব নির্দেশ অন্তরে গেঁথে রাখ, 2যদি প্রজ্ঞার বাণী শোনার আগ্রহ তোমার থাকে, যদি সে বাণীর মর্ম বোঝার চেষ্টা কর, 3যদি সত্যই অর্ন্তদৃষ্টি লাভের জন্য আবেদন জানাও বোধ অর্জনের জন্য যদি আকুল হয়ে ওঠ, 4যদি রজতখণ্ডের মত তার খোঁজ কর, গুপ্তধনের মত কর তার সন্ধান, 5তাহলে পরম প্রভুর প্রতি জাগবে তোমার সম্ভ্রমবোধ, তুমি লাভ করবে ঈশ্বরজ্ঞান। 6পরম প্রভুই দান করেন প্রজ্ঞা তিনিই জ্ঞান ও বুদ্ধির উৎস। 7তাঁর ভাণ্ডারে ন্যায়বানদের জন্য রয়েছে শুভবুদ্ধি যারা সৎ পথে চলে তিনি তাদের ঢালস্বরূপ। 8তিনিই ন্যায়নীতির রক্ষক, ভক্তদের চলার পথ তাঁরই রক্ষণাধীন।
9তাহলে তুমি ধার্মিকতা ও ন্যায়বিচারের স্বরূপ উপলব্ধি করবে চলতে পারবে ন্যায় ও সততার পথে। 10তোমার হৃদয়ে তখন সঞ্চারিত হবে প্রজ্ঞা, জ্ঞান তোমার প্রাণে এনে দেবে তৃপ্তি। 11বিচক্ষণতা হবে তোমার প্রহরী, বুদ্ধিমত্তা তোমাকে করবে রক্ষা, 12উদ্ধার করবে তোমায় কুপথ ওকুচক্রীদের কবল থেকে, যারা কুৎসা রটনা করে, গোলযোগের সৃষ্টি করে, 13যারা অন্ধকারের পথে চলার জন্য ন্যায়ের পথ পরিহার করে, 14দুষ্কর্মেই যাদের আনন্দ দুষ্টতা ও কুটিলতায় যাদের উল্লাস, 15যারা বাঁকা পথে চলে, আচরণ যাদের শঠতায় পূর্ণ।
16এ জ্ঞান তোমাকে অসতী নারীর কবল থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদে থেকে রক্ষা করবে, 17যে তার স্বামীকে পরিত্যাগ করেছে, ভুলে গেছে ঈশ্বরের সামনে উচ্চারিত তার বিবাহের অঙ্কীকার। 18তার আবাস মৃত্যুর গহ্বর, সে পথে যারা যায়, প্রেতলোকই হয় তাদের ঠিকানা। 19তার কাছে যারা যায় তারা কেউ ফেরে না খুঁজে পায় না বাঁচার পথ। 20তাই বলি তুমি সজ্জনের পথে চল, অবলম্বন কর ধার্মিকের পথ। 21কেননা ন্যায়নিষ্ঠ ব্যক্তিরাই দেশে বাস করবে, অন্তর যাদের নির্মল তারাই স্থিতিলাভ করবে। 22দুর্জনেরা দেশ থেকে উচ্ছিন্ন হবে, অধর্মাচারীরা হবে সমূলে উৎপাটিত।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 2