হিতোপদেশ 13
13
1বুদ্ধিমান পুত্র পিতার শাসন মানে, কিন্তু উদ্ধত সন্তান তিরস্কার গ্রাহ্য করে না।
2সজ্জনের মুখের কথা তার মঙ্গল আনে, কিন্তু দুষ্ট চায় হিংসার হানাহানি।
3যে ব্যক্তি বাক সংযত করে সে নিজের প্রাণ রক্ষা করে, কিন্তু যার বাক সংযম নেই সে নিজের সর্বনাশ করে।
4অলসের প্রাণে অনেক বাসনা কিন্তু সে কিছুই পায় না, কিন্তু পরিশ্রমীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়।
5সজ্জন মিথ্যাচরণ ঘৃণা করে, কিন্তু দুষ্টের কার্যকলাপ ঘৃণ্য, লজ্জাজনক।
6সজ্জনের ন্যায়নিষ্ঠা তাকে রক্ষা করে কিন্তু মন্দ আচরণ পাপীর পতন ঘটায়।
7কিছু না থাকা সত্ত্বেও কেউ কেউ ঐশ্বর্যের আড়ম্বর দেখায়, আবার বিপুল সম্পদ থাকা সত্ত্বেও কেউ কেউ দারিদ্র্যের ভাণ করে।
8ধনীকে অর্থমূল্যে নিজের প্রাণ বাঁচাতে হয়, কিন্তু দরিদ্রকে কেউ ভীতি প্রদর্শন করে না।
9ধার্মিক দীপ্যমান আলোকের মত, কিন্তু দুষ্ট নিভে আসা দীপের মত।
10নির্বোধের ধৃষ্টতা শুধু বিবাদ সৃষ্টি করে, কিন্তু পরামর্শ শুনে যারা চলে প্রজ্ঞা তাদের সহায়।
11সহজে পাওয়া অর্থ সহজেই চলে যায়, কিন্তু কষ্টার্জিত অর্থ দিনে দিনে বাড়ে।
12প্রত্যাশা ব্যর্থ হলে মন ভেঙ্গে যায়, কিন্তু বাসনা পূর্ণ হলে আনন্দে ভরে ওঠে মন।
13সৎ পরামর্শ যে অবহেলা করে সে নিজের বিপদ ডেকে আনে, কিন্তু যে সসম্ভ্রমে অনুশাসন পালন করে তার কোন বিপদ ঘটে না।
14জ্ঞানীর উপদেশ জীবনের উৎস স্বরূপ, তার দ্বারা মৃত্যুর ফাঁদ এড়ানো যায়।
15সুমতি মানুষকে সম্মানের পাত্র করে, কিন্তু অবিশ্বস্ততা নিয়ে যায় ধ্বংসের পথে।
16বুদ্ধিমান ভেবেচিন্তে সব কাজ করে, কিন্তু নির্বোধ নিজের মূর্খতা প্রকাশ করে।
17অবিশ্বস্ত সংবাদবাহক বিপত্তি ঘটায়, কিন্তু বিশ্বস্ত দূত সন্ধি স্থাপন করে।
18যে উপদেশ অগ্রাহ্য করে তার ভাগ্যে জোটে দারিদ্র্য ও অপমান, কিন্তু যে শাসন মানে সে হয় সম্মানিত।
19মনোবাঞ্ছা পূর্ণহলে তৃপ্তির আনন্দে মন ভরে যায়, কিন্তু মূঢ় কুপথ পরিত্যাগ করতে কখনও রাজী হয় না।
20সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
21অমঙ্গল পাপীদের তাড়া করে ফেরে, কিন্তু মঙ্গলই ধার্মিকের পুরস্কার।
22সৎলোক তার উত্তরপুরুষের জন্য রেখে যায় উত্তরাধিকার, কিন্তু পাপীর সম্পদ ধার্মিকের ভোগে লাগে।
23পতিত জমি চাষ করেও দরিদ্র প্রচুর ফসল ফলাতে পারে, কিন্তু দুর্জনের অন্যায় সে ফসল থেকে তাকে বঞ্চিত করে।
24পুত্রকে যে পিতা শাসন করে না, প্রকৃত পক্ষে সে তাকে ভালবাসে না, প্রকৃত ভালবাসা সন্তানকে সংশোধন করে।
25ধার্মিকের কখনও খাদ্যাভাব হয় না, কিন্তু দুর্জনের খাবার জোটে না।
Currently Selected:
হিতোপদেশ 13: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.