YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 11

11
1যে ওজনে ঠকায় সে ঈশ্বরের ঘৃণার পাত্র, যে ন্যায্যা মাপে জিনিষ দেয় সে ঈশ্বরের প্রীতির পাত্র।
2দম্ভ এলে তার সঙ্গে আসে অপমান, কিন্তু বিনম্রদের সাথী প্রজ্ঞা।
3সৎ ব্যক্তিদের পথ দেখায় তাদের সততা, কিন্তু বিশ্বাসঘাতকদের কুটিলতাই তাদের বিনাশ ঘটায়।
4মরণের মুখে ধনসম্পদ কোন উপকারে লাগে না, কিন্তু ধার্মিকতা মৃত্যুর হাত থেকে উদ্ধার করে।
5সততাই নির্দোষের পথ সরল করে দেয়, কিন্তু দুষ্টের দুষ্টতাই তার পতন ঘটায়।
6সজ্জনের ধার্মিকতা তাকে উদ্ধার করে কিন্তু অবিশ্বস্ত ব্যক্তি নিজের লোলুপতার ফাঁদে ধরা পড়ে।
7মৃত্যুর সঙ্গে দুষ্টের আশা-ভরসা লোপ পায়, বিফল হয় তার ধনদৌলতের উপর ভরসা।
8সজ্জন সঙ্কট থেকে উদ্ধার পায়, পরিবর্তে দুর্জনই সঙ্কটে পড়ে।
9দুর্জনের পরামর্শে মানুষের ক্ষতি হয় কিন্তু সজ্জনের প্রজ্ঞা মানুষকে রক্ষা করে।
10ধার্মিকের সৌভাগ্যে নগরে আনন্দ হয়, কিন্তু দুর্জনের বিনাশে শোনা যায় হর্ষধ্বনি।
11সুজনের আশীর্বাদে নগরের শ্রীবৃদ্ধি হয়, কিন্তু দুর্জনের পরামর্শ ধ্বংস ডেকে আনে।
12অপরকে হেয় করা মূর্খতা, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি এ ক্ষেত্রে নীরব থাকে।
13বাচালকে বিশ্বাস করে গোপন কথা বলা যায় না, কিন্তু বিশ্বস্ত ব্যক্তি এ বিষয়ে নির্ভরযোগ্য।
14সুমন্ত্রণার অভাবে জাতির পতন হয়, সুচিন্তিত পরিকল্পনা আনে নিরাপত্তা।
15অচেনা লোকের জামিন হওয়া বিপজ্জনক, এক্ষেত্রে যে রাজী হয় না সে নিশ্চিন্ত থাকে।
16সুশীলা নারী সম্মান পায়, কিন্তু গুণহীনা রমণী মর্যাদা হারায়।
17দয়াবান নিজের মঙ্গল সাধন করে, কিন্তু নির্দয় ব্যক্তি নিজেরই ক্ষতি করে।
18অসৎ উপায়ে অর্জিত ধন থাকে না, ন্যায় পথে উপার্জিত অর্থ আশীর্বাদযুক্ত।
19সৎ পথে যে সুস্থির, সে বাঁচে, অসৎ কাজে যে লিপ্ত তার মৃত্যু অবধারিত।
20কুটিল যাদের মন, প্রভুর ঘৃণার পাত্র তারা, কিন্তু সদাচারী প্রভুর প্রীতিভাজন।
21দুষ্টের দণ্ড সুনিশ্চিত, কিন্তু ধার্মিক রক্ষা পায়।
22বিচারবুদ্ধিহীনা সুন্দরী নারী যেন শূকরীর নামে সোনার নথ।
23ধার্মিকের অভীষ্ট মঙ্গলজনক কিন্তু দুরাচারীর কামনা পূরণে অসন্তোষ দেখা দেয়।
24অনেকে মুক্তহস্তে দান করেও সমৃদ্ধিলাভ করে, আবার অনেকে ব্যয়সঙ্কোচ করেও দারিদ্র্য ঘুচাতে পারে না।
25উদারচিত্ত ব্যক্তি সমৃদ্ধিলাভ করে, যে অপরকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়।
26লাভের আশায় যে শস্য মজুত করে রাখে সে লোকের অভিশাপ কুড়ায় কিন্তু যে খোলা বাজারে শস্য বিক্রী করতে রাজী হয় সে আশীর্বাদ পায়।
27হিতাকাঙ্ক্ষী সকলের প্রীতিভাজন কিন্তু যে অপরের অনিষ্ট কামনা করে তার নিজেরই ক্ষতি হয়।
28ধনসম্পদের উপর নির্ভরতা আনে পতন, কিন্তু ধার্মিকেরা কিশলয়ের মতই থাকে সজীব।
29যে পরিবারে সঙ্কট সৃষ্টি করে পরিণামে সে সবই হারায়, মূর্খকে হতে হয় জ্ঞানবানের অধীন।
30ধার্মিকের কর্ম জীবন দেয়, দুর্জনের দৌরাত্ম্যে হয় জীবনের অবক্ষয়।
31এ পৃথিবীতে ধার্মিক পুরস্কার পায় এবং দুর্জন ও পাপী পায় সমুচিত দণ্ড।#১ পিতর 4:18

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 11