YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 21

21
ঈশ্বরের দণ্ড
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, জেরুশালেমকে প্রকাশ্যে অভিযুক্ত কর, যেখানে লোকে উপাসনা করে। সেখানকার পীঠস্থানগুলিকে প্রকাশ্যে অভিযুক্ত কর। ইসরায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর, 3তাদের বল যে আমি, প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু। ভাল-মন্দ নির্বিশেষে তোমাদের সকলকে আমি আমার কোষ মুক্ত তরবারি দিয়ে সংহার করব। 4উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবাইকে আমি আমার তরবারি দিয়ে সংহার করব। 5প্রত্যেকে জানবে যে আমি প্রভু পরমেশ্বর আমার তরবারি কোষমুক্ত করেছি, এ তরবারি আমি কোষবদ্ধ করব না।
6হে মর্ত্যমানব, তুমি আর্তনাদ কর যেন হতাশায় তোমার বুক ভেঙ্গে গেছে! দুঃখের দারুণ তীব্রতায় এমনভাবে আর্তনাদ কর যেন সকলের দৃষ্টি তোমার প্রতি আকৃষ্ট হয়। 7যখন তারা তোমায় জিজ্ঞাসা করবে, কেন তুমি আর্তনাদ করছ? তখন তুমি বলবে, আগামী দিনের ঘটনার কথা শুনে আমি আর্তনাদ করছি। এ ঘটনা যেদিন ঘটবে সেদিন তারা প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়বে, তাদের হাত অবশ হয়ে যাবে, তারা সাহস হারিয়ে ফেলবে, পা থর থর করে কাঁপবে। সেই লগ্ন আসন্ন। সর্বাধিপতি প্রভু এ কথা বলেছেন।
8প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 9হে মর্ত্যমানব, ভবিষ্যদ্বাণী কর। বল, আমি, প্রভু পরমেশ্বর বলছি:
দেখ, একটি শাণিত তরবারি, পালিশ করে তাকে ঝকঝকে করা হয়েছে।
10বধ করার জন্যই তারে শাণিত করা হয়েছে।
বিদ্যুতের মত ঝলসে ওঠার জন্যই পালিশ করা হয়েছে।
সেদিন সেখানে উল্লাসের লেশমাত্র থাকবে না
কারণ আমার প্রজারা আমার প্রতিটি
সতর্কবাণী ও দণ্ডের অমর্যাদা করেছে।
11পালিশ করা হচ্ছে তরবারি প্রস্তুত করা হচ্ছে
ব্যবহারের জন্য শাণিত তরবারি ঘাতকের হাতে
তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।
12হে মর্ত্যমানব, হাহাকার কর বেদনায়,
বল—এ তরবারি আমারই প্রজাদের বিরুদ্ধে উদ্যত হয়েছে,
হয়েছে উদ্যত ইসরায়েলের নেতৃকুলের বিরুদ্ধেও আমার প্রজাদের সাথে তারাও
নিহত হতে চলেছে। আক্ষেপে তুমি বক্ষে করাঘাত কর।
13যদি তারা অনুতাপ করতে না চায় এইসব ঘটনা ঘটবে তাদের উপর।#21:13 13 পদ-হিব্রু অস্পষ্ট।
14হে মর্ত্যমানব ভবিষ্যদ্বাণী কর। আনন্দে করতালি দাও কারণ ঐ ন্যায়ের তরবারি এসে আঘাত হানবে বারংবার। এ তরবারি আঘাত হানে, এ তরবারি ভীতি জাগায়,#21:14 কিছু প্রাচীন অনুবাদ-ভীতি জাগায়। হিব্রু অস্পষ্ট। সংহার করে। 15এ তরবারি আমার প্রজাদের মনোবল ভেঙ্গে দেবে, তারা ভূলুন্ঠিত হবে। বিদ্যুত ঝলকের মত সংহারে উদ্যত তরবারি দিয়ে আমি তাদের নগরীতে সন্ত্রাস#21:15 তরবারি...সন্ত্রাস: হিব্রু অস্পষ্ট সৃষ্টি করছি। 16হে শাণিত তরবারি, আঘাত কর ডাইনে বাঁয়ে! যেদিকে ফিরবে সেইদিকেই আঘাত করবে।#21:16 16 পদ-হিব্রু অস্পষ্ট। 17আমিও করতালি দেব এবং তখনই হব আমি শান্ত। আমি, প্রভু পরমেশ্বর বলছি এ কথা।
ব্যাবিলনরাজের তরবারি
18প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 19হে মর্ত্যমানব, দুটি পথ চিহ্নিত কর, যে পথ দিয়ে তরবারি হাতে ব্যাবিলনরাজ আসতে পারে। একই দেশ থেকে বার হয়েছে পথ দুটি। যেখান থেকে পথ দুটি ভাগ হয়ে দুদিকে#21:19 দু'দিকে-হিব্রু অস্পষ্ট। চলে গেছে সেইখানে একটি পথ নির্দেশক স্তম্ভ স্থাপন কর। 20এই পথ নির্দেশক রাজাকে দেখিয়ে দেবে রব্বার আম্মোন নগরীর পথ, দেখিয়ে দেবে যিহুদীয়ার প্রাচীর বেষ্টিত নগরী জেরুশালেমের পথ। 21ব্যাবিলন রাজ দাঁড়িয়ে আছে পথনির্দেশক স্তম্ভের কাছে। কোন পথে সে যাবে—সেই সিদ্ধান্ত নিতে সে তার বাণগুলিকে ঝাঁকাচ্ছে#21:21 বাণগুলিকে ঝাঁকাচ্ছে-প্রাচীন কালে লোকেরা কোন ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য এক গোছা তীর বা বাণ হাতে নিয়ে ছুঁড়ে ফেলতো মাটিত। সেগুলির মাটিতে পড়ার ভঙ্গী দেখে তারা তাদের কর্তব্য নির্ধারণ করত।, দেবদেবীর কাছে শুভাশুভ জেনে নিচ্ছে এবং বলির পশুর যকৃত নিরীক্ষণ#21:21 যকৃত নিরীক্ষণ-প্রাচীন কালের সিদ্ধান্ত নেওয়ার রীতি বিশেষ। করছে। 22ঐ দেখ! এবার তার ডান হাতে ধরা রয়েছে একটি বাণ—তাতে লেখা আছে ‘জেরুশালেম’। এর থেকে সে সদম্ভে জেরুশালেমের দিকে এগিয়ে যাবার নির্দেশ পেয়েছে। সেখানে মাটির টিলা ও বুরুজ তৈরী করার, যুদ্ধের জন্য হুঙ্কার তোলার ও পরিখা খনন করার নির্দেশ পেয়েছে। 23জেরুশালেমের লোকেরা এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করবে না কারণ তারা শপথবদ্ধ হয়েছিল। কিন্তু এই ভবিষ্যদ্বাণী করা হচ্ছে তাদের কৃত পাপের কথা স্মরণ করিয়ে দেবার জন্য এবং তারা যে ভবিষ্যতে এর জন্যই বন্দী হবে সে সম্বন্ধে সাবধান করে দেবার জন্য। 24এইজন্যই আমি, সর্বাধিপতি প্রভু বলছি, তোমাদের পাপ ধরা পড়ে গেছে। সকলেই জেনে গেছে যে কি দারুণ অপরাধই না তোমরা করেছ। তোমাদের প্রতিটি কাজেই ধরা পড়ছে তোমাদের পাপ। তোমরা অপরাধী সাব্যস্ত হয়েছ। দণ্ডস্বরূপ আমি তোমাদের শত্রুর হাতে তুলে দেব।
25আর তুমি, হে অভিশপ্ত নরাধম ইসরায়েল নরপতি, তোমারও দিন ঘনিয়ে এসেছে, এবার তোমায় চরম দণ্ড পেতে হবে সেইদিন আসন্ন। 26আমি সর্বাধিপতি প্রভু বলছি, তোমার মুকুট ও উষ্ণীষ তোমার মাথায় আর থাকবে না, দারুণ ওলোট-পালট হয়ে যাবে সব। অবনত-উপেক্ষিত ক্ষমতার উচ্চাসনে বসবে। শাসককুলকে নামিয়ে আনা হবে নীচে! 27ধ্বংস, ধ্বংস—ধ্বংস করে দেব সব। হ্যাঁ, এ নগরীকে আমি ধ্বংসস্তূপে পরিণত করব, কিন্তু এ নগরীর দণ্ড বিধানের জন্য আমি যাকে মনোনীত করেছি, সে না আসা পর্যন্ত এসব কিছুই ঘটবে না। সে এলে আমি তার হাতেই সব তুলে দেব।
একটি তরবারি ও আম্মোননিবাসী
28হে মর্ত্যমানব, ভবিষ্যদ্বাণী কর। যে আম্মোন নিবাসীরা ইসরায়েলীদের অপমান করছে, আমি, সর্বাধিপতি প্রভু সেই আম্মোন নিবাসীদের যা বলছি—ঘোষণা কর:
একটি তরবারি সংহারের জন্য উদ্যত,
বিদ্যুতের মত ঝলসে উঠে হত্যার জন্য শাণিত।#যির 49:1-6; যিহি 25:1-7; আমোস 1:3-15; সফ 2:8-11
29তোমরা পেয়ে থাক অলীক দর্শন, উচ্চারণ কর মিথ্যা ভবিষ্যদ্বাণী। তোমরা দুষ্ট, নরাধম, তোমাদের চরম দণ্ডের দিন সমাসন্ন। ঐ তরবারি তোমাদের মুণ্ডুচ্ছেদ করার জন্য এগিয়ে চলেছে।
30কোষবদ্ধ কর তোমার তরবারি, যে দেশে তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, তোমার সেই জন্মভূমিতেই আমি তোমার বিচার করব। 31সেদিন তুমি বুঝবে আমার ক্রোধের জ্বালা, সেজিন সেই ক্রোধ জ্বলন্ত অগ্নির মত তোমাদের উপর দাউ দাউ করে জ্বলে উঠবে। ক্রুর, নৃশংস লোকদের হাতে আমি তোমাদের তুলে দেব, যারা ধ্বংস করার কাজে সিদ্ধহস্ত। 32আগুন তোমাদের গ্রাস করবে। স্বদেশেই তোমাদের রক্তপাত ঘটাবে, কেউ আর কোনদিন তোমাদের স্মরণে আনবে না—প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in