YouVersion Logo
Search Icon

উপদেশক 7

7
জীবন-ভাবনা
1সুগন্ধী আতরের চেয়ে সুনাম ভাল, জন্মদিনের চেয়ে ভাল মৃত্যুদিন।
2ভোজ বাড়িতে যাওয়ার চেয়ে শোকার্ত পরিবারে যাওয়া ভাল। জীবিত লোকদের মনে রাখা দরকার, মৃত্যুই সকলের শেষ গতি।
3হাসির চেয়ে কান্না ভাল, কারণ কান্নায় মুখ বিষণ্ণ হলেও চেতনা হয় জাগ্রত।
4মূর্খের মন মত্ত থাকে আমোদ প্রমোদে, কিন্তু শেষ পরিণতির ভাবনা থাকে জ্ঞানীর অন্তরে।
5মূর্খের প্রশস্তি শোনার চেয়ে জ্ঞানবানের তিরস্কার সহ্য করা ভাল।
6মূর্খের হাসির আওয়াজ কাঁটাগাছ পোড়ার হালকা আওয়াজের মতই, এ হাসি অর্থহীন।
7জ্ঞানবান যখন প্রবঞ্চনায় আশ্রয় নেয়, তখন সে আচরণ করে মূর্খেরই মত, উৎকোচ গ্রহণ চরিত্র নষ্টের কারণ হয়।
8কোনও কাজ শুরুর চেয়ে শেষ ভাল। কোমলতা ভাল গর্বের রূঢ়তার চেয়ে।
9ক্রোধ দমন কর, অন্তরে ক্রোধ পোষণ করা মূর্খতা।#যাকোব 1:19
10কখনও বলো না: পুরাণো দিনগুলি বর্তমানের চেয়ে কেন অত ভাল ছিল? এ প্রশ্ন বুদ্ধিমানের যোগ্য নয়।
11মানুষমাত্রেরই বুদ্ধিপূর্বক চলা উচিত, কারণ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির নিরাপত্তা দেয় এই বুদ্ধি।#হিতো 22:1 12অর্থের মত প্রজ্ঞা মানুষকে নিরাপদে রাখে প্রজ্ঞাই জ্ঞানীকে দান করে নিরাপত্তা।
13ঈশ্বরের মহান কর্মের কথা ভেবে দেখ, তিনি যা বাঁকা করেছেন, কে তা সোজা করতে পারে? 14সুখের দিনে সুখী হও, বিবেচনা কর সঙ্কটের দিনে যে, সুখ ও দুঃখ—দুই-ই ঈশ্বরের দান। কারণ, কার জীবনে কখন কি ঘটে, তা কে জানে।#7:14 পাঠান্তর: এর জন্যে ঈশ্বরকে দায়ী করতে যেও না।
15আমার এ ব্যর্থ জীবনে আমি সব কিছুই দেখেছি। আমি দেখেছি: একজন সৎলোক সৎপথে থেকেও ধ্বংস হয়, অথচ একজন দুর্জন দুষ্কর্ম করেও বেঁচে থাকে দীর্ঘকাল। 16তাই বলি: অতি ধার্মিক অথবা অতি জ্ঞানী হয়ো না, তাতে তুমি ধ্বংস করবে নিজেকেই। 17আবার এ-ও বলি: অতি দুষ্ট বা মূর্খও হয়ো না, তার ফলে তোমার মৃত্যু হবে অকালে। 18অতএব কোন কিছুরই অতিরিক্ত ভাল নয়, ঈশ্বরকে যে ভক্তি করে সে কাটিয়ে ওঠে সমস্ত সঙ্কট।
19প্রজ্ঞা মানুষকে নগরীর দশজন শাসকের চেয়েও শক্তিশালী করে।
20পৃথিবীতে এমন কোনও ধার্মিক ব্যক্তি নেই, যে সর্বদাই সৎকর্ম করে, পাপ করে না কখনও।
21লোকে যা বলে, সব সময় তাতে কান দিও না, তুমি হয়ত শুনবে তোমার ভৃত্য তোমার নিন্দায় মুখর, 22কিন্তু তুমি জান যে, নিজেও তুমি বারবার নিন্দা করেছ অনেকের।
23আমি এ সব তত্ত্বই বুদ্ধি দিয়ে বিচার করে দেখেছি। আমি জ্ঞান অর্জনের সঙ্কল্প করেছিলাম কিন্তু তা আমার সাধ্যের অতীত। 24জীবনে যা ঘটে তার মর্ম আমাদের আয়ত্তের বাইরে, অনেক দূরে, অনেক গভীরে নিহিত। কে উদ্ধার করতে পারে সেই মর্ম? 25আমি প্রজ্ঞার অনুশীলনে নিযুক্ত করলাম নিজেকে, ব্যাপৃত হলাম সব কিছুর অর্থ অনুসন্ধানে, দুর্নীতির মূর্খতা এবং নির্বুদ্ধির প্রমত্ততা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করলাম। 26আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তিক্ত এক বস্তু-সে হচ্ছে নারী। তার ভালবাসা ফাঁদ ও জালের মত, শৃঙ্খলের মত তার বাহু আবদ্ধ করে তোমাকে। ঈশ্বর যার প্রতি প্রীত, সে-ই শুধু এড়াতে পারে তার কঠিন বন্ধন, কিন্তু পাপীরা ধরা পড়ে তার ফাঁদে। 27উপদেশক বলছেনঃ এই আমার উপলব্ধি, আমি তিল তিল করে অবগত হয়েছি এই তত্ত্ব। 28আমি বার বার আনুসন্ধান করেছি, কিন্তু পাই নি কোনও উত্তর। আমি হাজার জনের মধ্যে একজনকে খাঁটি পেয়েছি। কিন্তু নারীকুলের মধ্যে পেলাম না একজনকেও! 29দেখ, আমি শুধু এই একটি তত্ত্বই বুঝেছি, ঈশ্বর মানুষকে সৃজন করলেন সহজ ও সরল করে, কিন্তু মানুষই নিজেকে জটিল করে তুলেছে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in