দানিয়েল 8
8
দর্শনে মেষ ও ছাগের দৃশ্য
1বেলশৎসরের রাজত্বের তৃতীয় বছরে আমি আরেকটি দর্শন পেলাম। এটি দ্বিতীয় দর্শন। 2দর্শনে দেখলাম, আমি রয়েছি এলম প্রদেশের রাজধানী প্রাকার ঘেরা নগরী সুসায়। সেখানে উলয় নদীতীরে দাঁড়িয়ে আছি। 3দেখলাম, নদীতীরে একটি মেষ। মেষটর দুটি বড় বড় শিং। একটি শিং অন্যটির চেয়ে লম্বায় আরও বড়, যদিও বোঝা যাচ্ছে সেটি পরে গজিয়েছে। 4লক্ষ্য করলাম, মেষটি শিং উঁচিয়ে পশ্চিম, উত্তর ও দক্ষিণে তেড়ে যাচ্ছে। তাকে রোধ করার মত কোন জন্তু সেখানে ছিল না। তার হাত থেকে রক্ষা করতে পারে এমন কেউ সেখানে ছিল না। তার যা ইচ্ছা তাই করছে আর ক্রমে তার দর্প আরও বেড়ে উঠছে।
5মনে মনে ভাবছি, এ সব কি ব্যাপার! দেখি পশ্চিম দিক থেকে একটি ছাগ বিদ্যুৎগতিতে ছুটে আসছে। এত তীব্র তার গতি যে তার পা পর্যন্ত মাটিতে ঠেকছে না। তার দুচোখের মাঝখানে একটি মাত্র সিং সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। 6যে মেষটিকে আমি নদীতীরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, ছাগটি তার কাছাকাছি এসে প্রচণ্ড রোষে তাকে আক্রমণ করল। 7দেখলাম, ছাগটি ক্রোধে উন্মত্ত হয়ে মেষটির দিকে তেড়ে গিয়ে এক ধাক্কায় তার শিং দুটি ভেঙ্গে দিল। ছাগটিকে প্রতিরোধ করার মত কোন ক্ষমতাই তার আর ছিল না। মেষটিকে মাটিতে ফেলে ছাগটি তাকে পা দিয়ে দলতে লাগল। মেষটিকে ছাগের হাত থেকে রক্ষা করার মত ক্ষমতা কারও ছিল না।
8ছাগটি ক্রমে দর্পে স্ফীত হয়ে উঠল। কিন্তু সে যখন ক্ষমতার শীর্ষে তখন তার শিংটি গেল ভেঙ্গে। তার বদলে সেখানে গজিয়ে উঠল সুস্পষ্টভাবে প্রতীয়মান চারটি শিং। এক একটি শিংয়ের সুখ এক দিকে। 9এই চারটি শিংয়ের একটি থেকে ছোট এক শিং গজিয়ে উঠল। এর ক্ষমতা দক্ষিণে, পূর্বে ও অপরূপ সেই দেশের উপর বিস্তৃত হল। 10নিসর্গবাহিনী অর্থাৎ নক্ষত্ররাজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত ক্ষমতা হল তার। এমনকি কতকগুলি নক্ষত্রকে সে টেনে নামিয়ে ফেলল মাটিতে আর তাদের পা দিয়ে পিষতে লাগল।#প্রকা 12:4 11তার উপর আবার নিসর্গবাহিনীর প্রধানকেও সে তুচ্ছ করল। তাঁর জন্য নিরূপিত নিত্য নৈবেদ্য সে বন্ধ করে দিল। তাঁর পঠস্থান কলুষিত করে দিল। 12বিধিসঙ্গত নিত্য নৈবেদ্যর বদলে সেখানে ধর্মবিরুদ্ধ ক্রিয়াকলাপ সম্পাদিত হল। পরিত্যক্ত হল প্রকৃত ধর্ম। শিংটি আর যা কিছু করল সবেতেই সফল হল।
13এরপর আমি শুনলাম, এক স্বর্গদূত আরেক দূতকে বলছেন, দর্শনে যে সব ঘটনাবলী দেখলাম, সেগুলি কতকাল স্থায়ী হবে? কতকাল নিত্যনৈবেদ্যের বদলে এই অনাসৃষ্টি চলবে? কতকাল নিসর্গবাহিনী ও পবিত্রস্থান পদদলিত হতে থাকবে?
14শুনলাম অন্য দূতটি বলছেন, এক হাজার একশো পঞ্চাশ দিন প্রাতঃসন্ধ্যা নৈবেদ্য বন্ধ থাকবে। তারপর পবিত্র স্থান নূতন করে প্রতিষ্ঠা করা হবে।
দিব্য দর্শনের ব্যাখ্যা
15দর্শনটির অর্থ কি হতে পারে ভাবছি, এমন সময়ে হঠাৎ দেখি সামনে কে যেন দাঁড়িয়ে। 16শুনলাম উলয় নদীর উপর থেকে একজনের কণ্ঠস্বর। বলছেন, গাব্রিয়েল ওকে বুঝিয়ে দাও ও কি দেখছে।#লুক 1:19,26 17গাব্রিয়েল আমার কাছে এসে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত হয়ে আমি উপুড় হয়ে মাটিতে পড়লাম। তিনি বললেন, মর্ত্য মানব, ভাল করে বুঝে নাও। দর্শনটিতে জগতের শেষ সময়ের কথা বলা হয়েছে। 18তিনি যখন কথা বলছেন আমি তখনও আবিষ্ট অবস্থায় উপুড় হয়ে মাটিতে পড়ে। তিনি আমাকে ধরে তুললেন। 19বললেন, ঈশ্বরের ক্রোধের পরিণাম কি হয় এবার তাই তোমাকে দেখাব। দর্শনে যা কিছু দেখেছ সেগুলি সেই নিরূপিত অন্তিম কালের বিষয়।
20দুই শিং বিশিষ্ট যে মেষটিকে দেখলে সেটি মিডিয়া ও পারস্য সাম্রাজ্যের প্রতীক। 21ছাগটি গ্রীক সাম্রাজ্যের প্রতীক। তার কপালের মাঝখানে যে বিরাট শিংটি দেখা যাচ্ছিল সেটি প্রথম রাজার প্রতীক। 22সেই শিংটি ভেঙ্গে যাওয়ার পর তার জায়গায় যে চারটি শিং গজিয়ে উঠল সেগুলি ঐ সাম্রাজ্য যে চার রাজ্যে বিভক্ত হয়ে যাবে সেই চারটি রাজ্যের প্রতীক। এগুলি প্রথম সাম্রাজ্যটির মত অতটা শক্তিশালী হবে না।
23যখন এই সাম্রাজ্যগুলির অন্তিমকাল উপস্থিত হবে, তাদের দুষ্টতা ও কদাচার চরমে উঠবে, তখন আসবে দুর্ধর্ষ, বেপরোয়া, চক্রান্তে পটু এক রাজা। 24দিন দিন তার ক্ষমতা বেড়ে উঠবে, যদিও তার নিজ শক্তিতে নয়। সব কিছু ছারখার করে দেবে সে। সে যা কছু করবে সবেতেই হবে সফল। ক্ষমতাশালী লোকদের অনেককে সে নিপাত করবে, এমন কি ঈশ্বরের প্রজাদেরও। 25তার চাতুরীর জোরে সে সবরকম চক্রান্তে সফল হবে। তার দর্পের সীমা থাকবে না। অতর্কিতে বহু লোকের সে বিনাশসাধন করবে। এমন কি রাজাদের রাজাকেও অবমাননা করতে সে ছাড়বে না। তবে তার বিনাশ অবশ্যই হবে। কিন্তু কোন মানুষের হাতে নয়। 26প্রাতঃসন্ধ্যা নৈবেদ্যের বিষয়ে যে দর্শনটি তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটিও সত্য হবে। তবে এই সব দর্শনের কথা তুমি শীলমোহর দিয়ে বন্ধ করে রাখ কারণ এগুলি ফলতে অনেক দেরী আছে।
27বেশ কিছুদিন আমি মানসিক অবসাদে ভুগলাম, অসুস্থ হয়ে পড়লাম। তারপরে শয্যা ছেড়ে উঠে রাজকার্যে মনোনিবেশ করলাম। কিন্তু দর্শনটি আমাকে একেবারে বিভ্রান্ত করে দিয়েছিল। সব কিছুই হেঁয়ালি হয়ে রইল।
Currently Selected:
দানিয়েল 8: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.