YouVersion Logo
Search Icon

দানিয়েল 6

6
দানিয়েলের বিরুদ্ধে চক্রান্ত
1সম্রাট দারাউস সব বিবেচনা করে তাঁর রাজ্যে একশো কুড়ি জন রাজ্যপাল নিযুক্ত করলেন। 2এঁদের উপর আবার তিনজন অধ্যক্ষ নিযুক্ত করলেন। এঁদের মধ্যে দানিয়েল একজন। অধ্যক্ষের দায়িত্ব ছিল রাজার প্রাপ্য বুঝে নেওয়া। অচিরেই দেখা গেল যে অন্য সব অধ্যক্ষ ও সমস্ত রাজ্যপালদের চেয়ে দানিয়েলের কাজ অনেক ভাল। 3দানিয়েলের চরিত্রের বৈশিষ্ট্য দেখে রাজা দানিয়েলের হাতে সমগ্র রাজ্যের প্রশাসন ভার তুলে দেবার সঙ্কল্প করলেন। 4এই শুনে অন্যান্য সব অধ্যক্ষেরা ও রাজ্যপালেরা রাজকার্যের ব্যাপারে দানিয়েলের দোষত্রুটি খুঁজতে শুরু করলেন। কিন্তু দানিয়েল তাঁর কাজে এত বিশ্বস্ত ও সৎ ছিলেন যে তাঁরা তাঁর কোন দোষত্রুটি খুঁজে বার করতে পারলেন না। 5তাঁরা বললেন, দানিয়েলকে অভিযুক্ত করার মত সূত্র পাওয়া যেতে পারে একমাত্র তাঁর ধর্ম সংক্রান্ত সাধন-ভজনের ব্যাপারে। আর কোন ব্যাপারে অভিযুক্ত করা সহজসাধ্য হবে না।
6তাঁরা গেলেন রাজার কাছে। বললেন, মহারাজ দারাউস চিরজীবী হোন! 7আমরা অর্থাৎ যাদের উপর আপনার রাজ্যের প্রশাসনের ভার দিয়েছেন সেই সব অধ্যক্ষেরা, রাজ্যপালেরা, সামরিক প্রশাসকেরা, সামন্তরাজেরা ও মন্ত্রীরা—সবাই মিলে একটি বিষয় স্থির করেছি। আমাদের অনুরোধ যে মহারাজ একটি আদেশ জারী করবেন ও সেটিকে যথাযথভাবে বলবৎ করবেন। আপনার হুকুম হবে যে তিরিশ দিন কোন মানুষ মহারাজ ছাড়া কোন দেবতা বা মানুষের কাছে কিছু প্রার্থনা করতে পারবে না। আর যদি কেউ এই আজ্ঞা অমান্য করে তবে তাকে সিংহের গহ্বরে ফেলে দেওয়অ হবে। 8মহারাজ, আদেশনামায় স্বাক্ষর করে এই হুকুম জারী করে দিন। রাজ্যে এই আদেশ বলবৎ করা হোক। মাদীয় ও পারসিকদের রীতি অনুযায়ী এই আদেশের যেন একটি বিন্দুও নড়চড় না হয়। 9সেই কথা অনুসারে রাজা দারাউস হুকুমনামায় স্বাক্ষর করে দিলেন। 10হুকুমনামা স্বাক্ষরিত হওয়ার কথা দানিয়েলের কানে গেল। তিনি বাড়ি ফিরে গেলেন। কক্ষের যেদিকে জেরুশালেম—বাড়ির উপরতলায় একটি ঘরের সেই দিকে ছিল কয়েকটি জানলা। তাঁর চিরাচরিত রীতি অনুসারে তিনি সেই খোলা জানলার সামনে নতজানু হয়ে দিনে তিনবার নিয়মিত প্রার্থনা করে যেতে লাগলেন।
ক্ষুধার্ত সিংহের মুখে
11দানিয়েলের শত্রুরা সজাগ দৃষ্টি রাখলেন। তাঁরা তাকে এইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখলেন। 12তাঁরা সকলে মিলে গেলেন রাজার কাছে। বললেন, হে রাজন্‌, নিজের হাতে স্বাক্ষর করা হুকুমনামা আপনি জারী করেছিলেন, তিরিশ দিনের মধ্যে যে ব্যক্তি আপনার কাছে ছাড়া অন্য কোন মানুষ বা দেবতার কাছে প্রার্থনা করবে, তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে, তাই নয় কি মহারাজ?
রাজা বললেন, হ্যাঁ, ঠিক তাই। আর সে আজ্ঞা তো এখনও বলবৎ আছে। মাদীয় ও পারসিকদের রীতি অনুযায়ী তার অন্যথা হবার নয়।
13তাঁরা রাজাকে বললেন, কিন্তু নির্বাসিত ইহুদীদের মধ্যে একজন তো আপনাকে মানে না, আপনার আজ্ঞাও সে পালন করে না। সে নিয়মিতভাবে দিনে তিনবার তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে।
14এই কথা শুনে রাজা খুব দুঃখ পেলেন। দানিয়েলকে উদ্ধার করার পথ খুঁজতে লাগলেন এবং সারাদিন তিনি সেই চেষ্টা চালিয়ে গেলেন। 15তারপর সেই লোকেরা আবার একযোগে রাজার কাছে এসে বললেন, আপনি অবশ্যই জানেন মহারাজ, যে মাদীয় ও পারসিকদের আইন অনুসারে রাজা একবার যে হুকুম জারী করেন তার অন্যথা হবার নয়।
16অগত্যা রাজা দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের খাদে ফেলে দেবার আদেশ মঞ্জুর করলেন। দানিয়েলকে এনে সিংহের খাদে ফেলে দেওয়া হল। দানিয়েলকে তিনি বললেন, আপনি যে ঈশ্বরের বিশ্বস্ত ভক্ত তিনিই আপনাকে রক্ষা করুন। 17একটি প্রস্তরখণ্ড দিয়ে খাদের মুখ বন্ধ করে দেওয়া হল। রাজা তার উপর তাঁর নিজের ও অমাত্যবর্গের শীলমোহর বসিয়ে দিলেন যেন দানিয়েলকে কেউ উদ্ধার করতে না পারে।
অলৌকিক উপায়ে দানিয়েলের রক্ষা
18রাজা প্রাসাদে ফিরে এলেন। দূরে সরিয়ে দিলেন সব খাওয়া-দাওয়া, আমোদ-প্রমোদ। অনিদ্রায় কাটালেন সারা রাত।
19ভোর হতে না হতেই রাজা ছুটে গেলেন সিংহের খাদের কাছে। 20সেখানে গিয়ে ব্যাকুল হয়ে উচ্চকণ্ঠে ডাকলেন, দানিয়েল! সদা জাগ্রত ঈশ্বরের ভক্ত দাস দানিয়েল! যে ঈশ্বরকে আপনি একনিষ্ঠভাবে সেবা করেন, সিংহদের মুখ থেকে কি তিনি আপনাকে রক্ষা করতে পেরেছেন?
21দানিয়েল উত্তর দিলেন, মহারাজ চিরজীবী হোন! 22ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন যেন তারা আমার কোন ক্ষতিসাধন করতে না পারে। মহারাজ, এর কারণ এই যে ঈশ্বর জানেন আমি নির্দোষ! তিনি জানেন যে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি।
23রাজা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। দানিয়েলকে খাদ থেকে তুলে আনতে আদেশ দিলেন। তাঁকে তুলে আনা হল। দেখা গেল তাঁর কেন রকম ক্ষতি হয়নি। তাঁর গায়ে একটা আঁচড়ও লাগেনি। কারণ তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন। 24দানিয়েলের বিরুদ্ধে যাঁরা অভিযোগ এনেছিলেন, রাজা তাঁদের ধরে আনতে বললেন। তাঁর আদেশে স্ত্রী-পুত্র-কন্যা সমেত তাঁদের সকলকে সিংহদের গহ্বরে ফেলে দেওয়া হল। তাঁরা নীচে পড়তে না পড়তেই সিংহেরা ঝাঁপিয়ে পড়ল তাঁদের উপর, একটি অস্থিও আস্ত রাখল না।
25সম্রাট দারাউস তখন পৃথিবীর সমস্ত জাতি, গোষ্ঠী ও সব ভাষাভাষী মানুষের কাছে লিখে পাঠালেনঃ
তোমাদের মঙ্গল হোক। 26আমার আদেশ, আমার সাম্রাজ্যের প্রত্যেক লোক দানিয়েলের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করবে।
সদাজাগ্রত ঈশ্বর তিনি, শাশ্বত, সনাতন।
বিনষ্ট হবে না কোনদিন তাঁর শাসনব্যবস্থা,
অবসান হবে না কোনদিন
তাঁর প্রতাপ-পরাক্রমের।
27তিনি উদ্ধার করেন, সাধন করেন পরিত্রাণ, ভূলোকে,
দ্যুলোকে সম্পাদন করেন অদ্ভুত অলৌকিক ক্রিয়া।
তিনিই সেই, যিনি ছিনিয়ে এনেছেন
দানিয়েলকে সিংহের মুখ-গহ্বর থেকে।
28রাজা দারাউস ও তাঁর পরবর্তী পারস্যরাজ সাইরাসের রাজত্বের শেষদিন পর্যন্ত দানিয়েলের শ্রী ও সমৃদ্ধি অক্ষুণ্ণ ছিল।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in