১ শমুয়েলে 30
30
অমালেকীদের আক্রমণ ও দাউদের প্রতিশোধ
1তৃতীয় দিনে দাউদ ও তাঁর অনুচরেরা সিকলগে ফিরে এলেন। ইতিমধ্যে অমালেকী উপজাতীয়েরা নেগেব অঞ্চল ও সিকলগ নগর আক্রমণ করেছিল। তারা সিকলগ নগর দখল করে পুড়িয়ে দিয়েছিল এবং 2সেখানকার সমস্ত স্ত্রীলোক এবং ছোট বড় সবাইকে বন্দী করে নিয়ে গিয়েছিল। কাউকে তারা হত্যা করল না, সকলকেই সঙ্গে করে নিয়ে গেল। 3দাউদ ও তাঁর লোকজন ফিরে এসে দেখলেন যে নগরটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের স্ত্রী, পুত্রকন্যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। 4এই দেখে দাউদ ও তাঁর সঙ্গীরা হাহাকার করতে লাগলেন। শেষে তাঁদের আর কাঁদবারও শক্তি রইল না। 5দাউদের দুই স্ত্রী জেজেরিলের অহিনোয়ম এবং কারমেল নিবাসী নাবলের বিধবা স্ত্রী অবিগলও বন্দী হয়েছিলেন।#১ শমু 25:42-43 6প্রত্যেকে নিজ নিজ পুত্রকন্যাদের জন্য অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছিল। তারা দাউদকে পাথর মেরে হত্যা করার কথা আলোচনা করতে লাগল।দাউদ খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু তিনি তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করে শক্তি সঞ্চয় করলেন।
7দাউদ তখন অহিমেলকের পুত্র পুরোহিত অবিয়াথরকে বললেন, আমার কাছে এফোদ নিয়ে এস।#১ শমু 22:20-23 8অবিয়াথর দাউদের কাছে এফোদ নিয়ে এলেন। দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি ঐ দস্যুদলের পিছনে তাড়া করে গেলে ওদের ধরতে পারব কি? প্রভু উত্তর দিলেন, ওদের পিছনে তাড়া করে যাও, ওদের নিশ্চয়ই ধরতে পারবে ও সবাইকে উদ্ধার করতে পারবে।
9দাউদ ও তাঁর ছশো অনুচর রওনা হয়ে বেশোর নামে এক পাহাড়ী নদীর কাছে উপস্থিত হলেন। পরিত্যক্ত কিছু লোকজন সেখানে ছিল। 10দাউদ চারশো লোক নিয়ে এগিয়ে গেলেন। বাকী দুশো লোক ক্লান্ত হয়ে পড়ায় নদী পার হতে না পেরে বেশোর নদী তীরেই রয়ে গেল। 11দাউদের অনুচররা প্রান্তরে একজন মিশরী লোককে দেখতে পেয়ে দাউদের কাছে তাকে ধরে নিয়ে এল। 12তারা তাকে রুটি, ডুমুরের তৈরী এক খণ্ড পিঠে দুই গোছা শুকনো আঙুর খেতে দিল এবং জল পান করতে দিল। এই সব খাওয়ার পর সে সুস্থির হল। 13তিন দিন তিন রাত সে লোকটি কিছুই খায়নি। পরে দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন পক্ষের লোক? কোথা থেকে এসেছ? সে উত্তর দিল, আমি একজন মিশরী যুবক, এক অমালেকীর ক্রীতদাস। আমি অসুস্থ হয়ে পড়ায় আজ তিনদিন হল আমার প্রভু আমাকে ফেলে চলে গেছেন। 14আমরা যিহুদাগোষ্ঠীর দখলভুক্ত করেথীয় এলাকা এবং কালেব গোষ্ঠীর দখলভুক্ত এলাকা আক্রমণ করেছিলাম আর সিকলগ নগর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। 15দাউদ তাকে বললেন, তুমি কি সেই দলের কাছে আমাদের নিয়ে যেতে পার? সে বলল, আপনি ঈশ্বরের নামে দিব্য করে বলুন যে আপনি আমাকে হত্যা করবেন না বা আমার প্রভুর হাতে আমাকে তুলে দেবেন না তাহলে আমি তাদের কাছে আপনাদের নিয়ে যেতে পারি।
16সে যখন তাঁকে ঐ দলের আস্তানায় নিয়ে এল তখন তারা প্রান্তরে চারিদিকে ছড়িয়ে পড়ে খাওয়াদাওয়া ও নাচগানে মত্ত ছিল। তারা যিহুদীয়া ও ফিলিস্তিনীদের দেশ থেকে প্রচুর জিনিসপত্র লুঠ করে এনেছিল। 17দাউদ সেদিন গোধূলিবেলা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাদের আক্রমণ করে হত্যাকাণ্ড চালালেন। চারশো যুবক ছাড়া তাদের কেউই রক্ষা পেল না। ঐ যুবকেরা উটে চড়ে পালিয়ে গিয়েছিল। 18অমালেকীরা যা কিছু লুঠ করে নিয়ে গিয়েছিল দাউদ সবই উদ্ধার করলেন। 19তাঁর দুই স্ত্রীকেও তিনি মুক্ত করলেন। তাদের পুত্রকন্যা, ছোটবড় সব লোক এবং যাবতীয় জিনিসপত্র যা অমালেকীরা নিয়ে গিয়েছিল তার কিছুই খোওয়া যায়নি। 20দাউদ সব কিছুই ফিরিয়ে আনলেন। এ ছাড়া দাউদ তাদের গোমেষাদির পালও দখল করে নিলেন। তাঁর লোকজন সেগুলিকে অন্যান্য পশুপালের সামনে রেখে তাড়িয়ে নিয়ে যেতে লাগল। তারা বলল, এ সব দাউদের লুঠের মাল।
21যে দুশো লোক ক্লান্ত হয়ে দাউদের সঙ্গে যেতে পারেনি, যাদের তাঁরা বেশোর নদীতীরে রেখে গিয়েছিলেন তাদের কাছে দাউদ এসৈএ পৌঁছালেন। তারা তখন দাউদ ও তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করতে এগিয়ে গেল। 22দাউদ তাদের সম্ভাষণ জানালেন। দাউদের সঙ্গে যারা গিয়েছিল তাদের মধ্যে কিছু দুষ্ট ও নীচ প্রকৃতির লোক ছিল। তারা বলল, ওরা তো আমাদের সঙ্গে যায়নি। আমাদের লুঠের বখরা ওদের দেব না। ওরা শুধু ওদের বউ ছেলেমেয়ে নিয়ে চলে যাক। 23কিন্তু দাউদ বললেন, ভাই সব, প্রভু পরমেশ্বর আমাদের যা দিয়েছেন, তা নিয়ে এ রকম করা ঠিক নয়। তিনি আমাদের রক্ষা করেছেন এবং যে দস্যুদল আমাদের উপর চড়াও হয়েছিল, তাদের তিনি আমাদের হাতে সমর্পণ করেছেন। 24তোমাদের এ কথা কেউ মানবে না। যারা যুদ্ধে যায় তারা যেমন ভাগ পাবে, জিনিসপত্রের পাহারায় যারা থাকে তারাও তেমনি ভাগ পাবে। 25সকলেরই ভাগ সমান। সেদিন থেকেই দাউদ ইসরায়েলীদের মধ্যে এই রীতি ও কানুন প্রবর্তন করলেন। আজ, পর্যন্ত তা চলে আসছে।
26দাউদ সিকলগে ফিরে এসে যিহুদা গোষ্ঠীর বন্ধুস্থানীয় প্রবীণদের কাছে লুঠ করা জিনিসপত্রের কিছু কিছু অংশ ভেট পাঠিয়ে বললেন, প্রভু পরমেশ্বরের শত্রুকুলের কাছ থেকে লুঠ করে আনা জিনিসপত্রের মধ্য থেকে কিছু উপহার তোমাদের জন্য পাঠালাম। 27-31বেথেল, দক্ষিণ অঞ্চলের রামোৎ, যত্তীয়, আরোয়েব, শিফমোৎ, ইষ্টিমোয়, রাখাল, যিরহমেলী ও কেনী উপজাতিদের নগর-হর্মা, বোর-আশান, আথাক ও হিব্রোণ ইত্যাদি স্থানে যেখানে দাউদ ও তাঁর সঙ্গীরা যাতায়াত করতেন, সেই সব জায়গার অধিবাসীদের কাছে তিনি উক্ত উপহার পাঠিয়ে দিলেন।
Currently Selected:
১ শমুয়েলে 30: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.