YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 84

84
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, গিত্তীৎ। কোরহ-সন্তানদের সঙ্গীত।
1হে বাহিনীগণের সদাপ্রভু,
তোমার আবাস কেমন প্রিয়।
2আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমন কি, মূর্চ্ছিত হয়,
আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশে উচ্চধ্বনি করে।
3সত্য, চটকপক্ষী এক কুলায় পাইয়াছে,
খঞ্জনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে;
তোমার বেদিই সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু,
আমার রাজন্‌, আমার ঈশ্বর।
4ধন্য তাহারা, যাহারা তোমার গৃহে বাস করে,
তাহারা সতত তোমার প্রশংসা করিবে। সেলা।
5ধন্য সেই ব্যক্তি, যাহার বল তোমাতে,
[সিয়োনগামী] রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে।
6তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে;
প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে।
7তাহারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়,
প্রত্যেকে সিয়োনে ঈশ্বরের কাছে দেখা দেয়।
8হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুন;
হে যাকোবের ঈশ্বর, কর্ণপাত কর। সেলা।
9দেখ, হে ঈশ্বর, আমাদের ঢাল,
দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।
10কেননা তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম;
বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়,
তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়।
11কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য্য ও ঢাল;
সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন;
যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না।
12হে বাহিনীগণের সদাপ্রভু,
ধন্য সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in