YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 62

62
প্রধান বাদ্যকরের জন্য। যিদূথনের প্রণালীতে। দায়ূদের সঙ্গীত।
1আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,
তাঁহা হইতেই আমার পরিত্রাণ।
2কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না।
3তোমরা কত কাল এক জন মনুষ্যকে আক্রমণ করিবে,
সকলে তাহাকে হনন করিবে,
হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙ্গা বেড়ার ন্যায়?
4উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে;
উহারা মিথ্যা কথায় আমোদ করে;
উহারা মুখে আশীর্ব্বাদ করে,
কিন্তু অন্তরে শাপ দেয়। সেলা।
5হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;
কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা।
6কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।
7আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ;
আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান।
8হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর,
তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল;
ঈশ্বরই আমাদের আশ্রয়। সেলা।
9সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা;
তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে;
তাহাদের সর্ব্বস্ব বাষ্প অপেক্ষা লঘু।
10তোমরা উপদ্রবে নির্ভর করিও না,
অপহরণের শ্লাঘা করিও না;
ঐশ্বর্য্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না।
11ঈশ্বর এক বার বলিয়াছেন,
দুই বার আমি এই কথা শুনিয়াছি; পরাক্রম ঈশ্বরেরই।
12আর, হে প্রভু, দয়া তোমার,
কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্ম্মানুরূপ ফল দিয়া থাক।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in