YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 115

115
1হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়,
কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর,
তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে।
2জাতিগণ কেন বলিবে,
‘কোথায় উহাদের ঈশ্বর?’
3আমাদের ঈশ্বর ত স্বর্গে থাকেন;
তিনি যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাই করিয়াছেন।
4উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ,
মনুষ্যের হস্তের কার্য্য।
5মুখ থাকিতেও তাহারা কথা কহে না;
চক্ষু থাকিতেও দেখিতে পায় না;
6কর্ণ থাকিতেও শুনিতে পায় না;
নাসিকা থাকিতেও ঘ্রাণ পায় না;
7হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না;
চরণ থাকিতেও চলিতে পারে না;
তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না।
8যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্ম্মাতারা,
আর যে কেহ সে গুলিতে নির্ভর করে।
9হে ইস্রায়েল, তুমি সদাপ্রভুতেই নির্ভর কর;
‘তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।’
10হারোণের কুল, তোমরা সদাপ্রভুতেই নির্ভর কর;
‘তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।’
11সদাপ্রভুর ভয়কারিগণ, সদাপ্রভুতে নির্ভর কর;
‘তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।’
12সদাপ্রভু আমাদিগকে মনে রাখিয়াছেন; তিনি আশীর্ব্বাদ করিবেন,
ইস্রায়েলের কুলকে আশীর্ব্বাদ করিবেন,
হারোণের কুলকে আশীর্ব্বাদ করিবেন।
13যাহারা সদাপ্রভুকে ভয় করে, তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করিবেন,
ক্ষুদ্র কি মহান সকলকে করিবেন।
14সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন,
তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন।
15তোমরা সদাপ্রভুর আশীর্ব্বাদপাত্র,
তিনি স্বর্গের ও পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা।
16স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ,
কিন্তু তিনি পৃথিবী মনুষ্য-সন্তানদিগকে দিয়াছেন।
17মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না,
যাহারা নিস্তব্ধ স্থানে নামে, তাহারা কেহ করে না।
18কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব,
এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত করিব।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 115