গণনাপুস্তক। 27
27
পৈতৃক সম্পত্তিতে কন্যাদের অধিকার।
1পরে যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠীভূক্ত সলফাদের কন্যাগণ আসিল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই কন্যাদের নাম এই এই, মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা। 2তাহারা মোশির সম্মুখে ও ইলিয়াসর যাজকের সম্মুখে এবং অধ্যক্ষগণের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারে দাঁড়াইয়া এই কথা কহিল; 3আমাদের পিতা প্রান্তরে মরিয়াছেন; তিনি কোরহের দলের মধ্যে, সদাপ্রভুর প্রতিকূলে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না; কিন্তু তিনি নিজ পাপে মরিয়াছেন, এবং তাঁহার পুত্র হয় নাই। 4আমাদের পিতার পুত্র নাই বলিয়া তাঁহার গোষ্ঠী হইতে তাঁহার নাম কেন লোপ পাইবে? আমাদের পিতৃকুলের ভ্রাতৃগণের মধ্যে আমাদিগকে অধিকার দিউন।
5তখন মোশি সদাপ্রভুর সম্মুখে তাহাদের বিচার উপস্থিত করিলেন। 6আর সদাপ্রভু মোশিকে কহিলেন, সলফাদের কন্যাগণ যথার্থ কহিতেছে; 7তুমি উহাদের পিতৃকুলের ভ্রাতাদিগের মধ্যে অবশ্য উহাদিগকে স্বত্বাধিকার দিবে, ও উহাদের পিতার অধিকার উহাদিগকে সমর্পণ করিবে। 8আর ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি অপুত্রক হইয়া মরে, তবে তোমরা তাহার অধিকার তাহার কন্যাকে দিবে। 9যদি তাহার কন্যা না থাকে, তবে তাহার ভ্রাতৃগণকে তাহার অধিকার দিবে। 10যদি তাহার ভ্রাতা না থাকে, তবে তাহার পিতৃব্যদিগকে তাহার অধিকার দিবে। 11যদি তাহার পিতৃব্য না থাকে, তবে তাহার গোষ্ঠীর মধ্যে নিকটস্থ জ্ঞাতিকে তাহার অধিকার দিবে, সে তাহা অধিকার করিবে; সদাপ্রভু মোশিকে যেমন আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে ইহা ইস্রায়েল-সন্তানগণের পক্ষে বিচার বিধি হইবে।
মোশি ও যিহোশূয়ের বিষয়।
12পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই অবারীম পর্ব্বতে উঠ, আর যে দেশ আমি ইস্রায়েল-সন্তানগণকে দিয়াছি, তাহা দেখ। 13দেখিলে পর তোমার ভ্রাতা হারোণের ন্যায় তুমিও আপন পিতৃগণের নিকটে সংগৃহীত হইবে। 14কেননা সীন প্রান্তরে মণ্ডলীর বিবাদে তোমরা জলের বিষয়ে লোকদের সাক্ষাতে আমাকে পবিত্ররূপে মান্য না করিয়া আমার কথার বিদ্রোহাচরণ করিয়াছিলে। এ সীন প্রান্তরের কাদেশস্থ মরীবার জল।
15আর মোশি সদাপ্রভুকে কহিলেন, 16সর্ব্বশরীরস্থ আত্মাদিগের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন, 17যে তাহাদের সম্মুখে বাহিরে যায়, ও তাহাদের সম্মুখে ভিতরে আইসে, এবং তাহাদিগকে বাহিরে লইয়া যায়, ও ভিতরে লইয়া আইসে; যেন সদাপ্রভুর মণ্ডলী অরক্ষক মেষপালের ন্যায় না হয়।
18তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, নূনের পুত্র যিহোশূয় আত্মাবিষ্ট লোক; তুমি তাহাকে লইয়া তাহার মস্তকে হস্তার্পণ কর; 19এবং ইলিয়াসর যাজকের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে তাহাকে উপস্থিত করিয়া তাহাদের সাক্ষাতে তাহাকে আদেশ দেও। 20আর তাহাকে তোমার সম্মানের ভাগী কর, যেন ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী আজ্ঞাবহ হয়। 21আর সে ইলিয়াসর যাজকের সম্মুখে দাঁড়াইবে, এবং ইলিয়াসর তাহার জন্য সদাপ্রভুর সম্মুখে ঊরীমের বিচার দ্বারা জিজ্ঞাসা করিবে; সে ও তাহার সহিত সমস্ত ইস্রায়েল-সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তাহার আজ্ঞায় বাহিরে যাইবে, ও তাহার আজ্ঞায় ভিতরে আসিবে। 22পরে মোশি সদাপ্রভুর আজ্ঞামত কর্ম্ম করিলেন, তিনি যিহোশূয়কে লইয়া ইলিয়াসর যাজকের সম্মুখে ও সমস্ত মণ্ডলীর সম্মুখে উপস্থিত করিলেন, 23এবং তাঁহার মস্তকে হস্তার্পণ করিয়া তাঁহাকে আদেশ দিলেন; যেমন মোশির দ্বারা সদাপ্রভু বলিয়াছিলেন।
Currently Selected:
গণনাপুস্তক। 27: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.