ইয়োবের বিবরণ। 41
41
1তুমি কি বড়শীতে লিবিয়াথনকে#41:1 (বা) কুম্ভীরকে। তুলিতে পার?
হাতসূতে তাহার জিহ্বা বাঁধিতে পার?
2নলকাটী দিয়া তার নাক কি ফুঁড়িতে পার?
বড়শা দিয়া তাহার হনূ কি বিঁধিতে পার?
3সে কি তোমার কাছে বহু বিনতি করিবে,
বা তোমাকে কোমল কথা বলিবে?
4সে কি তোমার সহিত নিয়ম করিবে?
তুমি কি তাহাকে লইয়া চির দাস করিবে?
5পক্ষীর সঙ্গে যেমন খেলা করে, তেমনি কি তার সঙ্গে খেলা করিবে?
তোমার যুবতীদের জন্য কি তাহাকে বাঁধিয়া রাখিবে?
6ধীবর-দল কি তাহাকে দিয়া ব্যবসায় করিবে?
অংশ অংশ করিয়া কি বণিক্দিগকে দিবে?
7তুমি কি তাহার চর্ম্ম লৌহ-ফলায়,
তাহার মস্তক ধীবরের টেঁটায়, বিঁধিতে পার?
8তোমার হস্ত তাহার উপরে রাখ;
যুদ্ধ স্মরণ কর, আর সেরূপ করিও না।
9দেখ, তাহাকে ধরিবার প্রত্যাশা মিথ্যা;
তাহাকে দেখিবামাত্র লোকে কি পড়িয়া যায় না?
10তাহাকে জাগাইবে, এমন সাহসী কেহ নাই;
তবে আমার সাক্ষাতে কে দাঁড়াইতে পারে?
11কে অগ্রে আমার উপকার করিয়াছে যে, আমি তাহার প্রত্যুপকার করিব?
সমস্ত আকাশমণ্ডলের নীচে সকলই আমার।
12তাহার অঙ্গের সম্বন্ধে আমি নীরব থাকিব না,
তাহার বিপুল বলের ও শরীরের সৌষ্ঠবের [কথা বলিব]।
13তাহার বর্ম্ম কে খুলিয়া দিতে পারে?
তাহার দন্তশ্রেণীদ্বয়ের মধ্যে কে যাইতে পারে?
14তাহার মুখের কবাট কে খুলিতে পারে?
তাহার দন্তাবলির চারি দিকে ত্রাস থাকে।
15তাহার ফলকশ্রেণী শোভা পায়,
তাহা মুদ্রাঙ্কিতের ন্যায় দৃঢ়রূপে বদ্ধ।
16সেই সকল পরস্পর এমন সংলগ্ন যে,
তাহার অন্তরালে বায়ু প্রবেশ করিতে পারে না।
17সেই সকল পরস্পর সংযুক্ত,
সেগুলি একত্র সংলগ্ন, কিছুতেই ভিন্ন হয় না।
18তাহার হাঁচিতে দীপ্তি বিকাশ করে,
তাহার নয়ন অরুণের নেত্রচ্ছদের সদৃশ।
19তাহার মুখ হইতে জ্বলন্ত মশাল নির্গত হয়,
অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হয়।
20তাহার নাসারন্ধ্র হইতে ধূম নির্গত হয়,
যেমন তপ্ত হণ্ডিকা ও খাগড়ার ধূম।
21তাহার নিঃশ্বাসে অঙ্গার জ্বলিয়া উঠে,
তাহার মুখ হইতে অগ্নিশিখা বাহির হয়।
22তাহার গ্রীবায় বল অবস্থিতি করে,
তাহার সম্মুখে ত্রাস নৃত্য করে।
23তাহার মাংসের পর্ত্তা পরস্পর সংযুক্ত;
তাহা তাহার উপরে দৃঢ়ীভূত, সরিতে পারে না।
24তাহার হৃৎপিণ্ড প্রস্তরের ন্যায় দৃঢ়,
যাঁতার নীচের পাটের ন্যায় দৃঢ়।
25সে উঠিলে বলবানেরাও উদ্বিগ্ন হয়,
ত্রাসপ্রযুক্ত হতবুদ্ধি হইয়া পড়ে।
26খড়্গে তাহাকে আক্রমণ করিলে কিছু হইবে না,
বড়শা, বাণ ও সাঁজোয়া বিফল হয়।
27সে লৌহকে নাড়ার ন্যায়,
পিত্তলকে পচা কাষ্ঠের ন্যায় জ্ঞান করে।
28ধনুর্ব্বাণ তাহাকে তাড়াইতে পারে না,
তাহার কাছে ফিঙ্গার প্রস্তর তৃণ হইয়া পড়ে।
29সে গদাকে তৃণতুল্য জ্ঞান করে,
বড়শার ধ্বনিতে হাস্য করে।
30তাহার তলদেশ শাণিত খোলার ন্যায়,
সে কর্দ্দমের উপর দিয়া কাঁটার মই চালায়।
31সে অগাধ জলকে স্থালীর জলের ন্যায় ফুটায়।
সে সমুদ্রকে মলমের ন্যায় করে।
32তাহার পশ্চাতে পথ চক্মক্ করে,
জলধি পক্ককেশের তুল্য বোধ হয়।
33পৃথিবীতে তাহার তুল্য কিছুই নাই;
তাহাকে নির্ভীক করিয়া নির্ম্মাণ করা হইয়াছে।
34সে যাবতীয় উচ্চবস্তু সন্দর্শন করে,
যাবতীয় গর্ব্ব-সন্তানের উপরে রাজা হয়।
Currently Selected:
ইয়োবের বিবরণ। 41: BENGALI-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.