পরমগীত 7
7
1হে রাজকন্যা, জুতার মধ্যে তোমার পা দু’খানা
দেখতে কেমন সুন্দর!
তোমার দুু’টি উরুর গড়ন মণি-মাণিকের মত,
তা যেন পাকা কারিগরের হাতের কাজ।
2তোমার নাভি দেখতে গোল পাত্রের মত
যার মধ্যে মেশানো আংগুর-রসের অভাব হয় না।
তোমার পেট দেখতে উড়ানো গমের স্তূপের মত
যার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।
3তোমার বুক দু’টা যেন হরিণের দু’টা বাচ্চা,
কৃষ্ণসারের যমজ বাচ্চা।
4হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা,
তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের ফটকের কাছে
হিষ্বোনের পুকুরগুলোর মত।
তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করা
লেবাননের উঁচু পাহারা-ঘর।
5তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত;
চক্চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল;
সেই চুলের গোছায় রাজা বন্দী হয়ে আছেন।
6হে আমার প্রিয়া, আমার আনন্দ দানকারিনী,
তুমি কি সুন্দর, কি চমৎকার!
7তোমার গড়ন খেজুর গাছের মত,
আর বুক দু’টা যেন আংগুরের দু’টা থোকা।
8আমি বললাম, “আমি খেজুর গাছে উঠব,
আমি তার ফল ধরব।”
তোমার বুক দু’টা হোক আংগুরের থোকা,
তোমার নিঃশ্বাসের গন্ধ হোক আপেলের মত,
9আর তোমার মুখ হোক সবচেয়ে ভাল আংগুর-রস।
প্রিয়ার কথা:
সেই আংগুর-রস সোজা আমার প্রিয়ের গলায় নেমে যাক,
যেমন ঘুমিয়ে থাকা লোকদের ঠোঁটের মধ্য দিয়ে
আংগুর-রস সহজে চলে যায়।
10আমি আমার প্রিয়ের,
তাঁর কামনা-বাসনা আমারই জন্য।
11প্রিয় আমার, চল, আমরা মাঠে যাই,
মেহেদী ঝোপের মধ্যে গিয়ে রাত কাটাই।
12চল, আমরা ভোর বেলাতেই আংগুর ক্ষেতে যাই,
দেখি, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না,
তাতে ফুল ধরেছে কি না
আর ডালিমের ফুল ফুটেছে কি না;
আমি সেখানেই তোমাকে আমার ভালবাসা দান করব।
13দূদাফল তার সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে;
তাজা ও পাকা সব রকম ভাল ভাল ফল
আমাদের দরজার কাছেই আছে।
প্রিয় আমার, আমি তোমার জন্যই এই সব রেখেছি।
Currently Selected:
পরমগীত 7: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000