Bible App logo
Search Icon

প্রকাশিত বাক্য 5

5
বই ও মেষ-শিশু
1যিনি সেই সিংহাসনের উপর বসে ছিলেন তাঁর ডান হাতে আমি একটা বই দেখলাম। বইটার ভিতরে ও বাইরে লেখা ছিল এবং সাতটা মোহর দিয়ে সীলমোহর করা ছিল। 2পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে জোর গলায় এই কথা বলতে শুনলাম, “কে এই সীলমোহরগুলো ভেংগে বইটা খুলবার যোগ্য?”
3কিন্তু স্বর্গে বা পৃথিবীতে কিম্বা পৃথিবীর গভীরে কেউই সেই বইটা খুলতে পারল না, ভিতরে দেখতেও পারল না। 4তখন আমি খুব কাঁদতে লাগলাম, কারণ এমন কাউকে পাওয়া গেল না যে ঐ বইটা খুলবার বা দেখবার যোগ্য। 5পরে নেতাদের মধ্যে একজন আমাকে বললেন, “কেঁদো না। যিহূদা বংশের সিংহ, যিনি দায়ূদের বংশধর, তিনি জয়ী হয়েছেন। তিনিই ঐ সাতটা সীলমোহর ভেংগে বইটা খুলতে পারেন।”
6চারজন জীবন্ত প্রাণী এবং নেতাদের মাঝখানে যে সিংহাসনটি ছিল তার উপর একটি মেষ-শিশুকে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার মনে হচ্ছিল যেন সেই মেষ-শিশুকে মেরে ফেলা হয়েছিল। ঐ মেষ-শিশুর সাতটা শিং ও সাতটা চোখ ছিল। ঈশ্বরের যে সাতটি আত্মাকে জগতের সব জায়গায় পাঠানো হয় এই চোখগুলো ছিল সেই সাতটি আত্মা। 7পরে সেই মেষ-শিশু এসে যিনি সিংহাসনে বসে ছিলেন তাঁর ডান হাত থেকে বইটা নিলেন। 8বইটা নেবার পর সেই চারজন জীবন্ত প্রাণী ও চব্বিশজন নেতা মেষ-শিশুর সামনে উবুড় হলেন। তাঁদের প্রত্যেকের হাতে একটা করে বীণা ও একটা করে ধূপে পূর্ণ সোনার বাটি ছিল। সেই ধূপে পূর্ণ বাটিগুলো হল ঈশ্বরের লোকদের প্রার্থনা। 9তাঁরা এই নতুন গানটা গাইছিলেন:
“তুমিই ঐ বইটা নিয়ে তার সীলমোহরগুলো খুলবার যোগ্য,
কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল।
তুমিই তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ,
ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে
ঈশ্বরের জন্য লোকদের কিনেছ।
10তুমি তাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছ
এবং আমাদের ঈশ্বরের সেবা করবার জন্য
পুরোহিত করেছ।
পৃথিবীতে তারাই রাজত্ব করবে।”
11পরে আমি চেয়ে দেখলাম; আর আমি সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও নেতাদের চারদিকে অনেক স্বর্গদূতের কণ্ঠস্বর শুনলাম। সেই স্বর্গদূতেরা ছিলেন সংখ্যায় হাজার হাজার, কোটি কোটি। 12তাঁরা জোরে জোরে এই কথা বলছিলেন:
“যে মেষ-শিশুকে মেরে ফেলা হয়েছিল,
তিনিই ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান,
গৌরব ও প্রশংসা পাবার যোগ্য।”
13তারপর স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমন কি, সেগুলোর মধ্যে আর যা কিছু আছে সকলকে আমি এই কথা বলতে শুনলাম:
“সিংহাসনের উপরে যিনি বসে আছেন
তাঁর এবং সেই মেষ-শিশুর প্রশংসা,
সম্মান, গৌরব ও ক্ষমতা চিরকাল থাকুক।”
14সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন।” তারপর সেই নেতারা উবুড় হয়ে প্রণাম করলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in