গীতসংহিতা 73
73
তৃতীয় খণ্ড
(73-89)
আসফের গান।
1যাদের অন্তর খাঁটি সেই ইস্রায়েলীয়দের পক্ষে
ঈশ্বর সত্যিই মংগলময়।
2কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম;
আমার পা প্রায় পিছলে গিয়েছিল।
3আমি দেখলাম, দুষ্টেরা বেশ সুখে আছে,
সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল;
4কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় না
আর তাদের দেহও বেশ মোটাসোটা থাকে।
5অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না;
অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না।
6সেজন্য অহংকার হয় তাদের গলার হার,
আর অত্যাচার হয় তাদের গায়ের কাপড়।
7চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে;
তাদের মনের কুমতলব উপ্চে পড়ছে।
8তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে;
অহংকারের বশে তারা অত্যাচারের ভয় দেখায়।
9তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলে
আর সারা দুনিয়ায় তাদের বড় বড় কথা ছড়িয়ে পড়ে।
10সেজন্য ঈশ্বরের লোকেরা মন্দ পথে ফিরে যায়
আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
11তারা বলে, “ঈশ্বর কি করে জানবেন?
মহান ঈশ্বরের মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?”
12এরাই হল সেই দুষ্ট লোকেরা
যারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে।
13আমার অন্তরকে আমি মিছামিছি খাঁটি রেখেছি,
আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি।
14সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি;
প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি।
15যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম,
তবে এই কালের তোমার লোকদের কাছে
আমি অবিশ্বস্ত হতাম।
16আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলাম
তখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;
17কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলাম
তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
18তুমি সত্যিই তাদের পিছল জায়গায় রেখেছ
আর ধ্বংসের মধ্যে ফেলেছ।
19কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায়
আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।
20ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ যেমন তুচ্ছ হয়ে যায়,
তেমনি হে প্রভু, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
21যখন আমার মন তেতো হয়ে উঠেছিল
আর অন্তরে আঘাত লেগেছিল,
22তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলাম
আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম।
23তবুও আমি সব সময় তোমার সংগেই আছি;
তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।
24তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে,
আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।
25স্বর্গে তুমিই আমার সব;
তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছু নেই।
26আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে,
কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি
আর আমার চিরকালের সম্পত্তির ভাগ।
27যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে,
তারা শেষ হয়ে যাবে;
যারা তোমার প্রতি অবিশ্বস্ত
তুমি তাদের ধ্বংস করে ফেলবে।
28কিন্তু ঈশ্বরের সংগে থাকা আমার জন্য মংগল;
প্রভু সদাপ্রভুকে আমি আমার আশ্রয়স্থান করেছি,
যেন তাঁর সব কাজের কথা আমি প্রচার করতে পারি।
Currently Selected:
গীতসংহিতা 73: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000