YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 58

58
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “ধ্বংস কোরো না।” দায়ূদের একটা মিক্‌তাম।
1হে বিচারকেরা, আপনারা যে চুপ করে আছেন
এটা কি ন্যায়বিচার হচ্ছে?
ন্যায়ভাবে কি আপনারা লোকদের বিচার করছেন?
2না, আপনাদের মনে রয়েছে অন্যায় করার চিন্তা;
বিচারের দাঁড়িপাল্লা দিয়ে
পৃথিবীতে আপনারা অত্যাচার মেপে দিচ্ছেন।
3জন্ম থেকেই দুষ্টেরা বিপথে যায়;
যারা মিথ্যা কথা বলে, জন্ম থেকেই তারা কুপথে থাকে।
4সাপের বিষের মতই তাদের বিষ;
তারা যেন বয়রা গোখরো সাপ
যে নিজেই কান বন্ধ করে রেখেছে।
5সেই সাপ মন্ত্র-পড়া সাপুড়েদের স্বর শোনে না,
তা সে যত ওস্তাদ সাপুড়েই হোক না কেন।
6হে ঈশ্বর, তুমি দুষ্টদের দাঁত
তাদের মুখের মধ্যেই ভেংগে ফেল;
হে সদাপ্রভু, ঐ সব যুব সিংহদের ধারালো দাঁত
তুমি ভেংগে ফেল।
7ব’য়ে যাওয়া জলের মতই তারা অদৃশ্য হয়ে যাক;
তাদের ধনুকে টান দেওয়া তীরের ফলাগুলো ভেংগে পড়ুক।
8শামুক যেমন চলতে চলতে অদৃশ্য হয়ে যায়
তেমনি তারাও অদৃশ্য হয়ে যাক;
তারা যেন মায়ের গর্ভে মৃত শিশুদের মত হয়
যারা আলো দেখতে পায় না।
9তোমাদের পাত্রে আগুনের আঁচ লাগবার আগেই
শুকনা ও কাঁচা কাঁটার জ্বালানিগুলো
তিনি ঝড়ে উড়িয়ে দেবেন।
10তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলে ঈশ্বরভক্তেরা খুশী হবে;
তারা দুষ্টদের রক্তে পা ধোবে।
11তা দেখে লোকে বলবে,
“ঈশ্বরভক্তের জীবনে সত্যিই পুরস্কার আছে;
সত্যিই একজন ঈশ্বর আছেন
যিনি দুষ্টদের পৃথিবীতে বেঁচে থাকার সময়েই বিচার করেন।”

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 58