YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 56

56
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “গানহারা পরদেশী ঘুঘু।” দায়ূদের একটা মিক্‌তাম। পলেষ্টীয়েরা যখন তাঁকে গাৎ শহরে ধরেছিল গানটা সেই সময়কার।
1হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে;
সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
2আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে;
অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।
3অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর নির্ভর করব।
4যাঁর বাক্যের গুণ আমি গাই,
সেই ঈশ্বরের উপরে, হ্যাঁ, সেই ঈশ্বরের উপরেই আমি নির্ভর করি;
আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
5তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করে
আর আমার ক্ষতি করার মতলবে থাকে।
6তারা একসংগে জড়ো হয়, আমার জন্য ওৎ পেতে থাকে;
আমাকে মেরে ফেলার সুযোগের জন্য
তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
7অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না?
হে ঈশ্বর, তুমি ক্রোধে জাতিদের ধ্বংস কর।
8আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান;
আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও।
এ সবই তো তোমার বইয়ে লেখা আছে।
9যেদিন আমি তোমাকে ডাকব,
সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে;
আমি জানি ঈশ্বর আমার পক্ষে আছেন।
10ঈশ্বর, যাঁর বাক্যের গুণ আমি গাই,
সদাপ্রভু, যাঁর বাক্যের আমি গুণগান করি,
11আমি তাঁর উপরেই নির্ভর করি;
আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
12হে ঈশ্বর, তোমার কাছে যে মানত করেছি
আমি তা পূরণ করতে বাধ্য;
আমি তোমার কাছে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করব;
13কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ
আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ,
যাতে জীবনের আলোতে আমি ঈশ্বরের সামনে
চলাফেরা করতে পারি।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 56