Bible App logo
Search Icon

গীতসংহিতা 4

4
গান পরিচালকের সংকলনের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। দায়ূদের গান।
1হে আমার ঈশ্বর, আমি যে তোমার ইচ্ছামত চলছি
তা তুমি দেখিয়ে দিচ্ছ;
আমি যখন তোমাকে ডাকব
তখন তুমি আমার ডাকে সাড়া দিয়ো।
বিপদ আমাকে চেপে ধরেছে,
কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ।
আমার প্রতি দয়া কর, আমার প্রার্থনা শোন।
2হে মানুষ, আর কতকাল
তোমরা আমার সম্মানকে অসম্মান করবে?
আর কতকাল তোমরা মিথ্যাকে ভালবাসবে
আর অসত্যের পিছনে দৌড়াবে? [সেলা]
3তোমরা জেনে রেখো, সদাপ্রভু তাঁর ভক্তদের
তাঁর নিজের জন্য আলাদা করেছেন;
আমি ডাকলে তিনি শুনবেন।
4তোমরা উত্তেজিত হয়ে পাপ কোরো না।
বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো
আর চুপ করে থেকো। [সেলা]
5যোগ্য মনোভাব নিয়ে তোমরা উৎসর্গের অনুষ্ঠান কোরো,
আর সদাপ্রভুর উপর নির্ভর কোরো।
6অনেকে বলে, “কে আমাদের মংগল করতে পারে?”
হে সদাপ্রভু, তোমার দয়ার দৃষ্টি
আলোর মত করে আমাদের উপর পড়ুক।
7প্রচুর ফসল ও নতুন আংগুর-রস উঠলে
লোকদের যেমন আনন্দ হয়,
তার চেয়েও বেশী আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ।
8হে সদাপ্রভু, তুমিই আমাকে নির্ভয়ে রাখছ,
তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাব।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in