Bible App logo
Search Icon

গীতসংহিতা 10

10
1হে সদাপ্রভু, কেন তুমি দূরে দাঁড়িয়ে আছ?
দুর্দিনে কেন তুমি নিজেকে লুকিয়ে রাখ?
2দুষ্ট লোক অহংকারের দরুন দুঃখীদের তাড়া করে,
কিন্তু নিজের কুমতলবে সে নিজেই ধরা পড়ে।
3দুষ্ট লোক তার অন্তরের মন্দ ইচ্ছার গর্ব করে;
লোভী সদাপ্রভুকে অভিশাপ দেয় আর তাঁকে তুচ্ছ করে।
4দুষ্ট লোক অহংকারের দরুন সদাপ্রভুকে অগ্রাহ্য করে;
তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে-
ঈশ্বর বলে কেউ নেই।
5সব সময় সে সফলতার পথে এগিয়ে যায়;
তার চোখ তোমার শাসন-ব্যবস্থার নাগাল পায় না,
কারণ তা অনেক উপরে;
তার সব শত্রুদের সে তুচ্ছ করে।
6সে মনে মনে বলে,
“এমন কিছু নেই যা আমাকে নাড়াতে পারে;
আমার বিপদ কোন কালেই হবে না।”
7তার মুখ অভিশাপ, ঠকামি আর অত্যাচারের কথায় ভরা;
তার জিভে রয়েছে অন্যায় আর মন্দতার কথা।
8গ্রামের কাছে গোপনে সে ওৎ পেতে বসে থাকে;
গোপন জায়গাতে সে নির্দোষীকে খুন করে
আর অসহায়ের উপর গোপনে লক্ষ্য রাখে।
9সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে;
দুঃখীকে ধরবার জন্যই সে তা করে,
জালে ফেলে সে তাকে ধরে।
10তারপর সে তাদের পিষে ফেলে;
সেই হতভাগারা পড়ে তার থাবার নীচে।
11সে মনে মনে বলে, “এদিকে ঈশ্বরের খেয়াল নেই;
তিনি মুখ ফিরিয়ে আছেন, কখনও দেখবেন না।”
12হে সদাপ্রভু, ওঠো;
হে ঈশ্বর, তোমার হাত বাড়িয়ে দাও,
দুঃখীদের ভুলে যেয়ো না।
13দুষ্ট লোক কেন ঈশ্বরকে তুচ্ছ বলে মনে করে?
সে কেন মনে মনে বলে,
“তিনি আমার কাছে কোন হিসাব চাইবেন না”?
14কিন্তু হে ঈশ্বর, দুঃখ-কষ্ট তোমার চোখ এড়িয়ে যায় না;
তুমি নিজের হাতেই এর ব্যবস্থা কর।
অসহায় তো তোমারই হাতে নিজেকে তুলে দেয়;
অনাথকে তুমিই সাহায্য করে থাক।
15দুষ্ট এবং মন্দ লোকের ক্ষমতা তুমি শেষ করে দিয়ো;
তার সমস্ত অন্যায়ের হিসাব তুমি চেয়ে নিয়ো।
16সদাপ্রভুই চিরকালের রাজা;
তাঁর দেশ থেকে অন্য জাতিরা ধ্বংস হয়ে যাবে।
17হে সদাপ্রভু, নম্রদের অন্তরের ইচ্ছার কথা তুমি শুনছ;
তুমি তাদের সাহস দিচ্ছ, তাদের কান্না তুমি শুনছ।
18তুমিই তা করছ, যাতে অনাথ ও অত্যাচারিত লোকদের পক্ষে
তুমি দাঁড়াতে পার,
যেন এ দুনিয়ার মানুষ তাদের আর ভয় দেখাতে না পারে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 10