হিতোপদেশ 7
7
1ছেলে আমার, আমার কথা শোন
আর আমার সব আদেশ তোমার অন্তরের মধ্যে
জমা করে রাখ।
2আমার আদেশ পালন কর, তাতে তুমি বাঁচবে।
আমার দেওয়া শিক্ষা তোমার চোখের মণির মত করে
পাহারা দিয়ে রাখ;
3তোমার আংগুলগুলোতে তা বেঁধে রাখ,
তোমার অন্তরের পাতায় তা লিখে রাখ।
4জ্ঞানকে বল, “তুমি আমার বোন,”
আর বুদ্ধিকে সাথী বল;
5যাতে তারা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকে রক্ষা করে,
রক্ষা করে সেই মিষ্টি কথায় ভরা
বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।
ব্যভিচারিণীর নিমন্ত্রণ
6আমার ঘরের জানলার জালির মধ্য দিয়ে আমি বাইরে তাকালাম।
7বোকা লোকদের মধ্যে আমি চেয়ে দেখলাম,
যুবকদের মধ্যে আমি এমন একজন যুবককে লক্ষ্য করলাম
যার বুদ্ধির অভাব ছিল।
8সে সেই স্ত্রীলোকের বাড়ীর কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল,
তারপর সে তার বাড়ীর দিকের গলিতে গিয়ে ঢুকল;
9তখন দিনের আলো মিলিয়ে যাবার পর সন্ধ্যা হয়ে
রাতের গভীর অন্ধকার নেমে এসেছিল।
10সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতে
বের হয়ে আসল;
তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা।
11সে বিপথে যাওয়া স্ত্রীলোক, জোরে জোরে কথা বলে,
তার পা কখনও ঘরে থাকে না;
12কখনও রাস্তায়, কখনও বাজারে, প্রত্যেকটি মোড়ে সে ওৎ পেতে থাকে।
13সে সেই যুবককে ধরে চুমু দিল আর বেহায়া মুখে বলল,
14“আমার ঘরে যোগাযোগ-উৎসর্গের মাংস আছে,
আজকেই আমি মানত পূরণ করেছি।
15তাই আমি তোমার সংগে দেখা করবার জন্য বের হয়ে এসেছি;
আমি তোমার খোঁজ করে তোমাকে পেয়েছি।
16মিসর দেশের বিভিন্ন রংয়ের কাপড়ের তৈরী চাদর দিয়ে
আমি বিছানা ঢেকেছি;
17গন্ধরস, অগুরু আর দারচিনি দিয়ে
আমার বিছানা সুগন্ধযুক্ত করেছি।
18এস, আমরা সকাল পর্যন্ত দেহ-ভোগে মেতে থাকি,
গভীর ভালবাসার মধ্যে আনন্দ ভোগ করি।
19আমার স্বামী বাড়ীতে নেই, তিনি দূরে যাত্রা করেছেন;
20তিনি থলি ভরে টাকা নিয়েছেন,
পূর্ণিমার আগে ঘরে ফিরবেন না।”
21মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল,
মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল,
22আর সে তখনই সেই স্ত্রীলোকের পিছনে গেল।
গরু যেমন করে জবাই হতে যায়,
শিকলে বাঁধা অসাড়-বিবেক লোক যেমন তার শাস্তি পেতে যায়,
23পাখী যেমন তাড়াতাড়ি ফাঁদে পড়তে যায়
আর শেষে তার কলিজায় তীর বিঁধে যায়,
তেমনি করে সেই লোক জানেও না যে, এতে তার প্রাণ যাবে।
24ছেলেরা আমার, এখন তোমরা আমার কথা শোন,
আমি যা বলি তাতে কান দাও।
25তোমাদের মনকে সেই স্ত্রীলোকের পথে যেতে দিয়ো না,
তোমরা তার পথে ঘুরে বেড়ায়ো না;
26কারণ সে অনেকের সর্বনাশ করেছে,
আর যাদের সে শেষ করে দিয়েছে তারা সংখ্যায় অনেক।
27তার ঘরটা হল মৃতস্থানে যাবার পথ,
যে পথ মৃত্যুর ঘরে নেমে গেছে।
Currently Selected:
হিতোপদেশ 7: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000