YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 5

5
ব্যভিচার সম্বন্ধে সতর্কবাণী
1ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভাল করে শোন;
আমার বিচারবুদ্ধির কথায় কান দাও।
2তাতে তুমি ভাল-মন্দ বুঝবার শক্তি রক্ষা করতে পারবে,
আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে।
3ব্যভিচারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে,
তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;
4কিন্তু তার শেষ ফল হয় বিষের মত তেতো,
দু’দিকে ধার দেওয়া ছোরার মত ধারালো।
5তার পথ মৃত্যুর কাছে নেমে গেছে,
তা সোজা চলে গেছে মৃতস্থানের দিকে।
6জীবনের দিকে যাবার পথের কথা সে চিন্তাও করে না;
তার চলবার পথ বাঁকা, কিন্তু সে তা জানে না।
7ছেলেরা আমার, এবার আমার কথা শোন,
আমি যা বলি তা থেকে সরে যেয়ো না।
8সেই স্ত্রীলোকের কাছ থেকে তোমার পা দূরে রাখ,
তার ঘরের দরজার কাছেও যেয়ো না;
9যদি যাও তাহলে তোমার যৌবনের শক্তি অন্যদের দিয়ে দেবে
আর তোমার আয়ু দিয়ে দেবে নিষ্ঠুরদের।
10তাতে অজানা লোকেরা তোমার ধন-সম্পদ ভোগ করবে,
আর তোমার পরিশ্রমের ফল চলে যাবে অন্য লোকের বাড়ীতে।
11জীবনের শেষ সময়ে যখন তোমার দেহ ও মাংস ধ্বংস হবে
তখন তুমি কাত্‌রাতে থাকবে।
12তুমি বলবে, “হায়! আমি শাসন ঘৃণা করেছি,
আমার অন্তর সংশোধনের কথা তুচ্ছ করেছে।
13আমার শিক্ষকদের কথা আমি শুনি নি,
যাঁরা আমাকে শিক্ষা দিয়েছেন তাঁদের কথায় কান দিই নি।
14সমাজের লোকদের হাতে পড়ে
আমি প্রায় মরেই যাচ্ছিলাম।”
নিজের স্ত্রীতে আনন্দ
15তোমার নিজের জমা করা জল থেকেই তুমি জল খাও;
তোমার নিজের কূয়ার টাটকা জল খাও।
16তোমার নিজের ফোয়ারার জল কেন বাইরে উপ্‌চে পড়বে?
তোমার স্রোতের জল কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়?
17তোমার সন্তানেরা তোমার একারই থাকুক,
ব্যভিচারিণীদের তাতে ভাগ না থাকুক,
18তোমার ফোয়ারায় আশীর্বাদ থাকুক,
তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
19সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী;
তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক,
তুমি সব সময় তার ভালবাসায় মেতে থেকো।
20ছেলে আমার, কেন তুমি ব্যভিচারিণীকে নিয়ে মজে থাকবে?
তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে?
21মানুষের চলাফেরার উপর সদাপ্রভুই চোখ রেখেছেন;
তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন।
22দুষ্ট লোক তার মন্দ কাজের ফাঁদে পড়ে,
সে নিজের পাপের দড়িতে কষে বাঁধা পড়ে।
23শাসনের অভাবে সে মারা পড়ে;
নিজের ভীষণ বোকামির দরুন সে তার পথে স্থির থাকে না।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 5