YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 2

2
সুবুদ্ধির দান
1ছেলে আমার, তুমি যদি আমার কথা শোন
আর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশ
জমা করে রাখ,
2যদি সুবুদ্ধির কথায় কান দাও
আর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও,
3যদি বিবেচনা-শক্তিকে ডাক
আর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে,
4যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির খোঁজ কর
আর গুপ্তধনের মত তা খুঁজে দেখ,
5তাহলে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় কি,
তা তুমি বুঝতে পারবে আর ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাবে;
6কারণ সদাপ্রভুই সুবুদ্ধি দান করেন,
তাঁর মুখ থেকেই জ্ঞান ও বিচারবুদ্ধি বের হয়ে আসে।
7খাঁটি অন্তরের লোকদের জন্য
তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন;
যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন,
8যেন তিনি ন্যায়বিচার বজায় রাখতে পারেন,
আর তাঁর ভক্তদের পথ রক্ষা করতে পারেন।
9যদি তুমি আমার কথা শোন,
তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎ
আর বুঝতে পারবে মংগলের সমস্ত পথ;
10কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে,
আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে।
11তোমার ভাল-মন্দ বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে,
আর বিচারবুদ্ধি তোমাকে পাহারা দেবে।
12এতে দুষ্ট লোকদের পথ থেকে জ্ঞানই তোমাকে রক্ষা করবে;
রক্ষা করবে তাদের থেকে-
যারা মিথ্যা কথা বলে,
13যারা অন্ধকার পথে চলবার জন্য সোজা পথ ত্যাগ করে,
14যারা মন্দ কাজে আনন্দ পায়,
মন্দতার কুটিল পথেই যাদের আনন্দ,
15আর যারা বাঁকা পথে ও বিপথে চলে।
16জ্ঞানই তোমাকে রক্ষা করবে ব্যভিচারিণীর হাত থেকে,
মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।
17সে তার যৌবনকালের স্বামীকে ছেড়ে দিয়েছে
আর তার ঈশ্বরের স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছে।
18তুমি তার ঘরে ঢুকলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে,
তার সংগে যোগ দিলে মৃতদের কাছে পৌঁছাবে।
19যারা তার কাছে যায় তাদের কেউ আর ফিরে আসে না,
তারা বাঁচবার পথ পায় না।
20জ্ঞানই তোমাকে ঐ সব থেকে রক্ষা করবে
যাতে তুমি ভাল লোকদের পথে,
ঈশ্বরভক্তদের পথে চলতে পার।
21সৎ লোকেরাই দেশে বাস করতে পারবে,
নির্দোষ লোকেরাই তার মধ্যে টিকে থাকবে;
22কিন্তু দেশ থেকে দুষ্টদের ছেঁটে ফেলা হবে
আর অবিশ্বস্তদের উপ্‌ড়ে ফেলা হবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in