YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 15

15
1নরম উত্তর রাগ দূর করে,
কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।
2জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে,
কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামি
স্রোতের মত বের হয়ে আসে।
3সদাপ্রভুর চোখ সবখানেই আছে;
তা ভাল ও মন্দ লোকদের উপর নজর রাখে।
4যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন-গাছের মত,
কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।
5অসাড়-বিবেক লোক তার বাবার শাসনকে তুচ্ছ করে,
কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।
6ঈশ্বরভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার,
কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।
7জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়,
কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না।
8দুষ্টদের উৎসর্গ সদাপ্রভু ঘৃণা করেন,
কিন্তু খাঁটি লোকদের প্রার্থনায় তিনি খুশী হন।
9সদাপ্রভু দুষ্টদের পথ ঘৃণা করেন,
কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায়
তাদের তিনি ভালবাসেন।
10যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে;
যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।
11সদাপ্রভু তো ধ্বংসস্থান, অর্থাৎ মৃতস্থান দেখতে পান;
তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
12ঠাট্টা-বিদ্রূপ কারী সংশোধনের কথা পছন্দ করে না;
সে জ্ঞানীদের কাছে যায় না।
13অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়,
কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।
14যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের খোঁজ করে,
কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।
15দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,
কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন ভোজের দিন।
16অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়ে
সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের সংগে অল্পও ভাল।
17ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়ে
গরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
18রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,
কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
19অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত,
কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ।
20জ্ঞানী ছেলে বাবার জীবনে আনন্দ আনে,
কিন্তু বিবেচনাহীন লোক মাকে তুচ্ছ করে।
21যার বুদ্ধির অভাব আছে সে বোকামিতে আনন্দ পায়,
কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সোজা পথে হাঁটে।
22পরামর্শের অভাবে পরিকল্পনা মিথ্যা হয়ে যায়,
কিন্তু পরামর্শদাতা অনেক হলে পরিকল্পনা সফল হয়।
23যে লোক উপযুক্ত উত্তর দিতে পারে সে খুশী হয়;
ঠিক সময়ে বলা কথা কেমন ভাল!
24বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়,
আর তাতে সে নীচে মৃতস্থানে যাওয়া থেকে রক্ষা পায়।
25সদাপ্রভু অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন,
কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন।
26সদাপ্রভু সব কুমতলব ঘৃণা করেন,
কিন্তু মংগলের কথাবার্তা তাঁর চোখে খাঁটি।
27লোভী লোক তার পরিবারে কষ্ট নিয়ে আসে,
কিন্তু যে লোক ঘুষ ঘৃণা করে সে পরিপূর্ণ জীবন পাবে।
28ঈশ্বরভক্ত লোকের অন্তর চিন্তা করে উত্তর দেয়,
কিন্তু দুষ্টদের মুখ থেকে মন্দ কথার স্রোত বের হয়ে আসে।
29সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন,
কিন্তু তিনি ঈশ্বরভক্তদের প্রার্থনা শোনেন।
30আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়,
আর মংগলের খবর হাড়-মাংসকে পুষ্ট করে।
31যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় কান দেয়
সে জ্ঞানীদের মধ্যে বাস করবে।
32যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে,
কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে।
33সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় মানুষকে জ্ঞান শিক্ষা দেয়,
আর নম্রতা সম্মান আনে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 15