গণনাপুস্তক 2
2
তাম্বু খাটাবার জায়গা সম্বন্ধে নির্দেশ
1এর পর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, 2“মিলন-তাম্বু থেকে কিছু দূরে তার চারপাশে ইস্রায়েলীয়েরা তাদের ছাউনি ফেলবে। প্রত্যেকজনকে তার বিভাগীয় পতাকা এবং বংশের নিশানের কাছে থাকতে হবে।
3-4“যিহূদা-বিভাগের লোকেরা মিলন-তাম্বুর পূর্ব দিকে তাম্বু খাটাবে। যিহূদা-গোষ্ঠীর নেতা হল অম্মীনাদবের ছেলে নহশোন আর তার লোকসংখ্যা হল চুয়াত্তর হাজার ছ’শো। 5-8যিহূদা-গোষ্ঠীর এক পাশে ইষাখর-গোষ্ঠী এবং অন্য পাশে সবূলূন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। ইষাখর-গোষ্ঠীর নেতা হল সূয়ারের ছেলে নথনেল আর তার লোকসংখ্যা হল চুয়ান্ন হাজার চারশো। সবূলূন-গোষ্ঠীর নেতা হল হেলোনের ছেলে ইলীয়াব আর তার লোকসংখ্যা হল সাতান্ন হাজার চারশো। 9যিহূদা-বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল এক লক্ষ ছিয়াশি হাজার চারশো। এদেরই প্রথমে রওনা হতে হবে।
10-11“দক্ষিণ দিকে তাম্বু খাটাবে রূবেণ-বিভাগের লোকেরা। রূবেণ-গোষ্ঠীর নেতা হল শদেয়ূরের ছেলে ইলীষূর আর তার লোকসংখ্যা হল ছেচল্লিশ হাজার পাঁচশো। 12-15রূবেণ-গোষ্ঠীর এক পাশে শিমিয়োন-গোষ্ঠী এবং অন্য পাশে গাদ-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। শিমিয়োন-গোষ্ঠীর নেতা হল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল আর তার লোকসংখ্যা হল ঊনষাট হাজার তিনশো। গাদ-গোষ্ঠীর নেতা হল রূয়েলের ছেলে ইলীয়াসফ আর তার লোকসংখ্যা হল পঁয়তাল্লিশ হাজার ছ’শো পঞ্চাশ। 16রূবেণ-বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল এক লক্ষ একান্ন হাজার চারশো পঞ্চাশ। এদেরই দ্বিতীয় দল হিসাবে রওনা হতে হবে।
17“তারপর মিলন-তাম্বু নিয়ে রওনা হবে লেবি-গোষ্ঠীর লোকেরা। এরা থাকবে সব বিভাগের মাঝখানে। একের পর এক যেভাবে তারা তাম্বু খাটাবে সেইভাবেই তাদের পর পর রওনা হতে হবে। প্রত্যেকজনকে তার নিজের বিভাগের সংগে থাকতে হবে।
18-19“পশ্চিম দিকে তাম্বু খাটাবে ইফ্রয়িম-বিভাগের লোকেরা। ইফ্রয়িম-গোষ্ঠীর নেতা হল অম্মীহূদের ছেলে ইলীশামা আর তার লোকসংখ্যা হল চল্লিশ হাজার পাঁচশো। 20-23ইফ্রয়িম-গোষ্ঠীর এক পাশে মনঃশি-গোষ্ঠী এবং অন্য পাশে বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। মনঃশি-গোষ্ঠীর নেতা হল পদাহসূরের ছেলে গমলীয়েল, আর তার লোকসংখ্যা হল বত্রিশ হাজার দু’শো। বিন্যামীন-গোষ্ঠীর নেতা হল গিদিয়োনির ছেলে অবীদান আর তার লোকসংখ্যা হল পয়ত্রিশ হাজার চারশো। 24ইফ্রয়িম-বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল এক লক্ষ আট হাজার একশো। এদেরই তৃতীয় দল হিসাবে রওনা হতে হবে।
25-26“উত্তর দিকে তাম্বু খাটাবে দান-বিভাগের লোকেরা। দান-গোষ্ঠীর নেতা হল অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর আর তার লোকসংখ্যা হল বাষট্টি হাজার সাতশো। 27-30দান-গোষ্ঠীর এক পাশে আশের-গোষ্ঠী এবং অন্য পাশে নপ্তালি-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। আশের-গোষ্ঠীর নেতা হল অক্রণের ছেলে পগীয়েল আর তার লোকসংখ্যা হল একচল্লিশ হাজার পাঁচশো। নপ্তালি-গোষ্ঠীর নেতা হল ঐননের ছেলে অহীরঃ আর তার লোকসংখ্যা হল তিপ্পান্ন হাজার চারশো। 31দান-বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল এক লক্ষ সাতান্ন হাজার ছ’শো। এদেরই সবার শেষে নিজেদের বিভাগের সংগে রওনা হতে হবে।”
32এই সব ইস্রায়েলীয়দের বংশ অনুসারে গণনা করা হয়েছিল। বিভিন্ন বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ। 33সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই অনুসারে ইস্রায়েলীয়দের গণনার সময়ে লেবীয়দের বাদ দেওয়া হয়েছিল।
34মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই ইস্রায়েলীয়েরা সমস্ত কিছু করত। তাঁর আদেশ মতই তারা নিজ নিজ বিভাগে তাম্বু খাটাত এবং তাঁর আদেশ মতই তারা নিজ নিজ বংশ ও পরিবার অনুসারে যাত্রা করত।
Currently Selected:
গণনাপুস্তক 2: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000