YouVersion Logo
Search Icon

গণনাপুস্তক 13

13
গুপ্তচর পাঠানো
1এর পর সদাপ্রভু মোশিকে বললেন, 2“যে কনান দেশ আমি ইস্রায়েলীয়দের দিতে যাচ্ছি তার সম্বন্ধে খোঁজ-খবর নিয়ে আসবার জন্য তুমি বারো গোষ্ঠীর প্রত্যেকটি থেকে একজন করে নেতা পাঠিয়ে দাও।”
3সদাপ্রভুর আদেশ পেয়ে মোশি তা-ই করলেন। তিনি পারণ মরু-এলাকা থেকে যাঁদের পাঠিয়ে দিলেন তাঁরা সকলেই ছিলেন ইস্রায়েলীয়দের নেতা। 4এঁরা হলেন, রূবেণ-গোষ্ঠীর সক্কূরের ছেলে শম্মূয়; 5শিমিয়োন-গোষ্ঠীর হোরির ছেলে শাফট; 6যিহূদা-গোষ্ঠীর যিফুন্নির ছেলে কালেব; 7ইষাখর-গোষ্ঠীর যোষেফের ছেলে যিগাল; 8ইফ্রয়িম-গোষ্ঠীর নূনের ছেলে হোশেয়; 9বিন্যামীন-গোষ্ঠীর রাফূর ছেলে পল্‌টি; 10সবূলূন-গোষ্ঠীর সোদির ছেলে গদ্দীয়েল; 11যোষেফ-গোষ্ঠীর, অর্থাৎ মনঃশি-গোষ্ঠীর সূষির ছেলে গদ্দি; 12দান-গোষ্ঠীর গমল্লির ছেলে অম্মীয়েল; 13-15আশের-গোষ্ঠীর মীখায়েলের ছেলে সথুর; নপ্তালি-গোষ্ঠীর বপ্সির ছেলে নহ্‌বি আর গাদ-গোষ্ঠীর মাখির ছেলে গ্যূয়েল। 16মোশি এই লোকদেরই কনান দেশের খোঁজ-খবর নিয়ে আসবার জন্য পাঠিয়েছিলেন। তিনি নূনের ছেলে হোশেয়ের নাম দিয়েছিলেন যিহোশূয়।
17কনান দেশে পাঠাবার সময় মোশি তাঁদের বলে দিলেন, “তোমরা নেগেভের মধ্য দিয়ে গিয়ে পাহাড়ী এলাকায় ঢুকবে। 18দেশটা কেমন তা তোমরা দেখবে। তোমরা দেখবে, সেখানে যারা বাস করে তারা দুর্বল না শক্তিশালী এবং সংখ্যায় তারা বেশী না কম, 19কি রকম দেশে তারা বাস করে এবং সেটা ভাল, না মন্দ। যে সব শহরে তারা বাস করে সেগুলো কি দেয়াল ছাড়া, না দেয়াল ঘেরা? 20সেখানকার মাটিতে কি ভাল ফসল জন্মায়, না জন্মায় না? সেখানে গাছপালা আছে, না নেই? সেখানকার কিছু ফল নিয়ে আসবার জন্য তোমরা খুব চেষ্টা করবে।” সেই সময় আংগুর তোলা মাত্র শুরু হয়েছিল।
21তখন তারা গিয়ে সীন মরু-এলাকা থেকে শুরু করে হমাতের দিকে রহোব পর্যন্ত দেশটার খোঁজ-খবর নিয়ে আসলেন। 22তাঁরা নেগেভের মধ্য দিয়ে গিয়ে হিব্রোণ শহরে উপস্থিত হলেন। হিব্রোণ শহরটা গড়ে উঠেছিল মিসরের সোয়ন শহর গড়ে উঠবার সাত বছর আগে। সেখানে অনাকের বংশের অহীমান, শেশয় ও তল্‌ময় নামে তিনজন লোক ছিল। 23নেতারা ইষ্কোল উপত্যকাতে গিয়ে এক থোকা আংগুর সুদ্ধ একটা ডাল কেটে নিলেন। তাঁদের মধ্যে দু’জন সেটা লাঠিতে ঝুলিয়ে বয়ে নিয়ে এসেছিলেন। এছাড়া তাঁরা কিছু ডালিম আর ডুমুরও নিয়ে এসেছিলেন। 24ইস্রায়েলীয়েরা সেখানে সেই আংগুরের থোকাটা কেটেছিলেন বলে সেই জায়গার নাম হয়েছিল ইষ্কোল উপত্যকা। 25দেশটার খোঁজ-খবর নিয়ে তাঁরা চল্লিশ দিন পরে ফিরে আসলেন।
কনান দেশ
26সেই নেতারা পারণ মরু-এলাকার কাদেশে মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীয়দের কাছে ফিরে আসলেন। তাঁরা মোশি, হারোণ এবং অন্যান্য লোকদের কাছে সব কথা জানালেন এবং সেই দেশের ফল দেখালেন। 27তাঁরা মোশিকে বললেন, “আপনি আমাদের যে দেশে পাঠিয়েছিলেন আমরা সেখানে গিয়েছিলাম। দেশটাতে সত্যিই দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই। এই হল সেখানকার ফল। 28কিন্তু যারা সেখানে বাস করে তাদের গায়ে শক্তি বেশী এবং তাদের শহরগুলোও বেশ বড় বড় আর দেয়াল দিয়ে ঘেরা। অনাকের বংশের লোকদেরও আমরা সেখানে দেখেছি। 29অমালেকীয়েরা থাকে নেগেভে; হিত্তীয়, যিবূষীয় ও ইমোরীয়েরা থাকে পাহাড়ী এলাকায় আর কনানীয়েরা থাকে সমুদ্রের কাছে এবং যর্দন নদীর কিনারা ধরে।”
30তখন মোশির সামনে যে সব লোক ছিল কালেব তাদের গোলমাল থামিয়ে বললেন, “সেখানে গিয়ে দেশটা আমাদের দখল করে নেওয়া উচিত। আমরা তা নিশ্চয়ই করতে পারব।”
31কিন্তু যাঁরা তাঁর সংগে গিয়েছিলেন তাঁরা বললেন, “ঐ লোকদের সংগে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়; আমাদের চেয়ে তাদের গায়ে শক্তি বেশী।” 32তাঁরা যে দেশটার খোঁজ-খবর নিয়ে এসেছিলেন ইস্রায়েলীয়দের কাছে সেই দেশ সম্বন্ধে একটা বাজে কথা রটিয়ে দিয়ে বললেন, “আমরা যে দেশের খোঁজ-খবর নিয়ে এসেছি সেই দেশটা তার বাসিন্দাদের গিলে খেয়ে ফেলে। যে সব লোক আমরা সেখানে দেখেছি তারা দেখতে খুব বড়। 33আমরা সেখানে নেফিলীয়দের দেখেছি। অনাকের বংশের লোকেরা তো জাতে নেফিলীয়। তাদের দেখে আমরা নিজেদের মনে করলাম ঘাস-ফড়িং আর তারাও আমাদের তা-ই মনে করল।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গণনাপুস্তক 13