নহিমিয় 11
11
যিরূশালেম ও তার আশেপাশের বাসিন্দাদের তালিকা
1লোকদের নেতারা যিরূশালেমে বাস করতেন। বাকী লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর যিরূশালেমে বাস করতে পারে, আর বাকী নয়জন তাদের নিজের নিজের গ্রামেই থাকবে। 2যে সব লোক ইচ্ছা করে যিরূশালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
3-5অনেক ইস্রায়েলীয়, পুরোহিত, লেবীয়, উপাসনা-ঘরের সেবাকারীরা ও শলোমনের চাকরদের বংশধরেরা যিহূদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া যিহূদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করত। দেশের যে সব নেতারা যিরূশালেমে বাস করতেন তাঁরা হলেন:
যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল সখরিয়, অমরিয়, শফটিয়, মহললেল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, সখরিয় ও শীলোনীয়। 6পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক যিরূশালেমে বাস করত।
7-8বিন্যামীনের বংশের মধ্য থেকে মশুল্লমের ছেলে সল্লু এবং তাঁর সাহায্যকারী গব্বয় ও সল্লয়। মশুল্লমের পূর্বপুরুষেরা ছিল যোয়েদ, পদায়, কোলায়া, মাসেয়, ঈথীয়েল ও যিশায়াহ। এই বংশের মোট ন’শো আটাশ জন লোক যিরূশালেমে বাস করত। 9শিখ্রির ছেলে যোয়েল ছিলেন তাদের প্রধান কর্মচারী আর হস্সনূয়ার ছেলে যিহূদা ছিলেন শহরের দ্বিতীয় কর্তা।
10-11পুরোহিতদের মধ্য থেকে যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন এবং হিল্কিয়ের ছেলে সরায়। হিল্কিয়ের পূর্বপুরুষেরা ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটুব। অহীটুব ঈশ্বরের ঘরের তদারকের কাজ করতেন। 12-14তাঁদের আরও অনেক সহকর্মী ছিলেন যাঁরা উপাসনা-ঘরে কাজ করতেন। এই বংশের মোট আটশো বাইশজন পুরোহিত যিরূশালেমে বাস করতেন। এঁরা ছাড়া যিরোহমের ছেলে অদায়া ও তাঁর বংশের দু’শো বিয়াল্লিশ জন পুরোহিত যিরূশালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন পরিবারের কর্তা। যিরোহমের পূর্বপুরুষেরা ছিলেন পললিয়, অম্সি, সখরিয়, পশ্হূর ও মল্কিয়। এছাড়া অসরেলের ছেলে অমশয় ও তাঁর বংশের একশো আটাশজন পুরোহিতও যিরূশালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা; তাঁদের প্রধান কর্মচারী ছিলেন হগ্গদোলীমের ছেলে সব্দীয়েল। অসরেলের পূর্বপুরুষেরা ছিলেন অহসয়, মশিল্লেমোৎ ও ইম্মের।
15লেবীয়দের মধ্য থেকে হশূবের ছেলে শিময়িয়; হশূবের পূর্বপুরুষেরা ছিলেন অস্রীকাম, হশবিয় ও বুন্নি। 16এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দু’জন প্রধান লোক, যাঁদের হাতে ঈশ্বরের ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল। 17এঁরা ছাড়া ছিলেন মীখার ছেলে মত্তনিয়, যিনি ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিলেন। মীখার পূর্বপুরুষেরা ছিলেন সব্দি ও আসফ। এঁদের সংগে ছিলেন বক্বুকিয়, যিনি তাঁর সহকর্মীদের মধ্যে দ্বিতীয়। আরও ছিলেন শম্মুয়ের ছেলে অব্দ; শম্মুয়ের পূর্বপুরুষেরা ছিলেন গালল ও যিদূথূন। 18পবিত্র শহরের লেবীয়দের মোট সংখ্যা ছিল দু’শো চুরাশী।
19ফটক-রক্ষীরা হল অক্কুব, টল্মোন ও তাদের সংগীরা। এরা একশো বাহাত্তর জন লোক ফটকগুলো পাহারা দিত।
20ইস্রায়েলীয়দের বাকী লোকেরা, পুরোহিতেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত শহর ও গ্রামের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গা-জমিতে বাস করত।
21উপাসনা-ঘরের সেবাকারীরা ওফল পাহাড়ে বাস করত। তাদের দেখাশোনার ভার ছিল সীহ ও গীষ্পের উপর।
22যিরূশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির পূর্বপুরুষেরা ছিলেন হশবিয়, মত্তনীয়, মীখা ও আসফ। আসফের বংশের লোকেরা গায়ক হিসাবে ঈশ্বরের ঘরে সেবা-কাজ করতেন। 23রাজার আদেশের অধীনে ছিলেন এই গায়কেরা। সেই আদেশ দ্বারাই তাঁদের প্রতিদিনকার কাজ ঠিক করা হত।
24লোকদের সমস্ত বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও যিহূদা।
25যিহূদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্-সেল ও তার আশেপাশের গ্রামগুলো, 26যেশূয়, মোলাদা, বৈৎ-পেলট, 27হৎসর-শুয়াল, বের্-শেবা ও তার আশেপাশের গ্রামগুলো, 28সিক্লগ, মকোনা ও তার আশেপাশের গ্রামগুলো, 29ঐন্-রিম্মোন, সরা, যর্মূত, 30সানোহ, অদুল্লম ও সেগুলোর আশেপাশের গ্রামগুলো, লাখীশ ও তার আশেপাশের গ্রামগুলো এবং অসেকা ও তার আশেপাশের গ্রামগুলো। তারা বের্-শেবা থেকে শুরু করে হিন্নোম উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় বাস করত।
31বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রামে বাস করত সেগুলো হল গেবা, মিক্মস, অয়া, বৈথেল ও তার আশেপাশের গ্রামগুলো, 32অনাথোৎ, নোব, অননিয়া, 33-35হাৎসার, রামা, গিত্তয়িম, হাদীদ, সবোয়িম, নবল্লাট, লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকা। 36এছাড়া কিছু লেবীয়, যারা আগে যিহূদা-এলাকায় বাস করত, তারা বিন্যামীন-এলাকায় গিয়ে বাস করতে লাগল।
Currently Selected:
নহিমিয় 11: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000