Bible App logo
Search Icon

মার্ক 3

3
শুকনা-হাত লোকটি সুস্থ হল
(মথি 12:9-14; লূক 6:6-11)
1এর পরে যীশু আবার সমাজ-ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। 2ফরীশীদের মধ্যে কয়েকজন যীশুকে দোষ দেবার অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে যীশু লোকটাকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য তাঁরা তাঁর উপর ভাল করে নজর রাখতে লাগলেন। 3যীশু সেই শুকনা-হাত লোকটিকে বললেন, “সকলের সামনে এসে দাঁড়াও।”
4তারপর যীশু ফরীশীদের জিজ্ঞাসা করলেন, “বিশ্রামবারে ভাল কাজ করা উচিত, না মন্দ কাজ করা উচিত? প্রাণ রক্ষা করা উচিত, না নষ্ট করা উচিত?”
ফরীশীরা কিন্তু কোনই উত্তর দিলেন না। 5তখন যীশু বিরক্ত হয়ে তাঁদের দিকে তাকিয়ে দেখলেন এবং তাঁদের অন্তরের কঠিনতার জন্য গভীর দুঃখের সংগে সেই লোকটিকে বললেন, “তোমার হাত বাড়িয়ে দাও।”
লোকটি হাত বাড়িয়ে দিলে পর তার হাত একেবারে ভাল হয়ে গেল। 6তখন ফরীশীরা বাইরে গেলেন এবং কিভাবে যীশুকে মেরে ফেলা যায় সেই বিষয়ে রাজা হেরোদের দলের লোকদের সংগে পরামর্শ করতে লাগলেন।
প্রভু যীশুর পিছনে পিছনে লোকেরা
7-8এর পরে যীশু তাঁর শিষ্যদের সংগে সাগরের ধারে গেলেন। গালীল প্রদেশের অনেক লোক তাঁর পিছনে পিছনে চলল। যীশু যে সব কাজ করছিলেন সেগুলোর কথা শুনে যিহূদিয়া, যিরূশালেম, ইদোম, যর্দন নদীর ওপার এবং সোর ও সীদোন শহরের চারদিক থেকে অনেক লোক তাঁর কাছে আসল। 9যীশু নিজের জন্য একটা ছোট নৌকা তাঁর শিষ্যদের ঠিক করে রাখতে বললেন যেন ভিড়ের দরুন লোকে চাপাচাপি করে তাঁর উপর না পড়ে। 10তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন বলে রোগীরা তাঁকে ছোঁবার জন্য ঠেলাঠেলি করছিল।
11মন্দ আত্মারা যখনই তাঁকে দেখত তখনই তাঁর সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলত, “আপনিই ঈশ্বরের পুত্র।” 12কিন্তু তিনি খুব কড়াভাবে তাদের আদেশ দিতেন যেন তারা কাউকে না বলে তিনি কে।
বারোজন শিষ্যকে প্রেরিত্‌-পদ দান
(মথি 10:1-4; লূক 6:12-16)
13-15এর পরে যীশু পাহাড়ের উপরে উঠলেন এবং নিজের ইচ্ছামত কিছু লোককে তাঁর কাছে ডেকে নিলেন। তাঁরা যীশুর কাছে আসলে পর তিনি বারোজনকে প্রেরিত্‌-পদে নিযুক্ত করলেন যেন তাঁরা তাঁর সংগে সংগে থাকেন এবং মন্দ আত্মা ছাড়াবার ক্ষমতা দিয়ে তিনি তাঁদের প্রচার-কাজে পাঠাতে পারেন। 16যে বারোজনকে তিনি নিযুক্ত করেছিলেন তাঁরা হলেন শিমোন, যাঁর নাম তিনি দিলেন পিতর; 17সিবদিয়ের দুই ছেলে যাকোব ও যোহন (এঁদের নাম তিনি দিলেন বোয়ানের্গিস, অর্থাৎ বজ্রধ্বনির পুত্রেরা); 18আন্দ্রিয়, ফিলিপ, বর্‌থলময়, মথি, থোমা, আলফেয়ের ছেলে যাকোব, থদ্দেয়, মৌলবাদী শিমোন, 19আর যিহূদা ইষ্কারিয়োৎ, যে যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল।
প্রভু যীশু ও মন্দ আত্মাদের রাজা
(মথি 12:22-32, 46-50; লূক 8:19-21; 11:14-23; 12:10)
20যীশু ঘরে আসলে পর আবার এত লোক তাঁর কাছে জড়ো হল যে, তিনি ও তাঁর শিষ্যেরা কিছু খেতেও পারলেন না। 21যীশুর নিজের লোকেরা এই খবর শুনে তাঁকে বের করে নিতে আসলেন। তাঁরা বললেন, “ও পাগল হয়ে গেছে।”
22যিরূশালেম থেকে যে ধর্ম-শিক্ষকেরা এসেছিলেন তাঁরা বললেন, “ওকে বেল্‌সবূলে পেয়েছে। মন্দ আত্মাদের রাজার সাহায্যেই ও মন্দ আত্মা ছাড়ায়।”
23যীশু সেই ধর্ম-শিক্ষকদের ডাকলেন এবং শিক্ষা দেবার জন্য বললেন, “শয়তান কেমন করে শয়তানকে তাড়িয়ে দিতে পারে? 24কোন রাজ্য নিজের মধ্যে ভাগ হয়ে গেলে সেই রাজ্য টিকতে পারে না। 25আবার কোন পরিবার যদি ভাগ হয়ে যায় তবে সেই পরিবারও টিকতে পারে না। 26সেইভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁর শক্তিতে ভাংগন ধরায় তবে সেও টিকতে পারে না এবং সেখানেই তার শেষ হয়। 27এই কথা ঠিক যে, একজন বলবান লোককে প্রথমে বেঁধে না রেখে তার ঘরে ঢুকে তার জিনিসপত্র কেউই নিয়ে যেতে পারে না। তাকে বাঁধলে পরে তবেই সে তার ঘর লুট করতে পারবে। 28আমি আপনাদের সত্যি বলছি, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, 29কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা কখনও ক্ষমা করা হবে না। সেই লোকের পাপ চিরকাল থাকবে।”
30ধর্ম-শিক্ষকেরা যে বলেছিলেন, “ওকে মন্দ আত্মায় পেয়েছে,” তাঁদের সেই কথার জন্যই যীশু এই সব বললেন।
31এর পরে যীশুর মা ও ভাইয়েরা সেখানে আসলেন এবং বাইরে দাঁড়িয়ে থেকে যীশুকে ডেকে পাঠালেন। 32যীশুর চারদিকে তখন অনেক লোক বসে ছিল। তারা যীশুকে বলল, “আপনার মা ও ভাইয়েরা বাইরে আপনার খোঁজ করছেন।”
33যীশু বললেন, “কে আমার মা, আর কারা আমার ভাই?”
34যারা তাঁকে ঘিরে বসে ছিল তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, “এই তো আমার মা ও ভাইয়েরা! 35ঈশ্বরের ইচ্ছা যারা পালন করে তারাই আমার ভাই, বোন ও মা।”

Currently Selected:

মার্ক 3: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in