YouVersion Logo
Search Icon

মথি 2

2
প্রভু যীশুর খোঁজে পণ্ডিতেরা
1যিহূদিয়া প্রদেশের বৈৎলেহম গ্রামে যীশুর জন্ম হয়েছিল। তখন রাজা ছিলেন হেরোদ। পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত যিরূশালেমে এসে বললেন, 2“যিহূদীদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তাঁর তারা দেখে তাঁকে প্রণাম করতে এসেছি।”
3এই কথা শুনে রাজা হেরোদ এবং তাঁর সংগে যিরূশালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন। 4হেরোদ সমস্ত প্রধান পুরোহিত ও ধর্ম-শিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন মশীহ কোথায় জন্মগ্রহণ করবেন। 5তাঁরা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবী এই কথা লিখেছেন:
6যিহূদা দেশের বৈৎলেহম,
যিহূদার মধ্যে তুমি কোনমতেই ছোট নও,
কারণ তোমার মধ্য থেকেই
এমন একজন শাসনকর্তা আসবেন
যিনি আমার ইস্রায়েল জাতিকে পরিচালনা করবেন।”
7তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন্‌ সময়ে তারাটা দেখা গিয়েছিল। 8তিনি পণ্ডিতদের এই কথা বলে বৈৎলেহমে পাঠিয়ে দিলেন, “আপনারা গিয়ে ভাল করে সেই শিশুটির খোঁজ করুন। তাঁকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।”
9রাজার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন। তাঁরা পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন সেই তারাটা তাঁদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপরে এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল। 10-11তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তাঁর মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তাঁরা মাটিতে উবুড় হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাক্স খুলে তাঁকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। 12পরে ঈশ্বর স্বপ্নে তাঁদের সাবধান করে দিলেন যেন তাঁরা হেরোদের কাছে ফিরে না যান। তখন তাঁরা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন।
প্রভু যীশুর খোঁজে হেরোদ
13পণ্ডিতেরা চলে যাবার পর প্রভুর এক দূত স্বপ্নে যোষেফকে দেখা দিয়ে বললেন, “ওঠো, ছেলেটি ও তাঁর মাকে নিয়ে মিসর দেশে পালিয়ে যাও আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাক, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তাঁর খোঁজ করবে।”
14-15তখন যোষেফ উঠে সেই ছেলে ও তাঁর মাকে নিয়ে সেই রাতেই মিসরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়:
আমি মিসর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম।
16পণ্ডিতেরা তাঁকে ঠকিয়েছেন দেখে হেরোদ ভীষণ রেগে গেলেন। সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই সময়ের হিসাব মত দুই বছর ও তার কম বয়সের যত ছেলে বৈৎলেহম ও তাঁর আশেপাশের জায়গাগুলোতে ছিল সকলকে মেরে ফেলবার আদেশ দিলেন। 17তাতে নবী যিরমিয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হল:
18রামায় ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে;
রাহেল তার সন্তানদের জন্য কাঁদছে,
কিছুতেই শান্ত হচ্ছে না,
কারণ তারা আর নেই।
19হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিসর দেশে যোষেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, 20“ওঠো, ছেলেটি এবং তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে।”
21তখন যোষেফ উঠে সেই ছেলেটি ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে গেলেন। 22যিহূদিয়া প্রদেশে সেই সময় হেরোদের পরে তাঁর ছেলে আর্খিলায় রাজা হয়েছিলেন। এই কথা শুনে যোষেফ সেখানে যেতে ভয় পেলেন। পরে স্বপ্নে আদেশ পেয়ে তিনি গালীল প্রদেশে চলে গেলেন, 23আর নাসরত নামে একটা গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। এটা ঘটল যাতে নবীদের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়: “তাঁকে নাসরতীয় বলে ডাকা হবে।”

Currently Selected:

মথি 2: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in