YouVersion Logo
Search Icon

যোনা 2

2
যোনার প্রার্থনা
1-2যোনা সেই মাছের পেটে থেকে তাঁর ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, “হে সদাপ্রভু, আমার কষ্টের সময়ে আমি তোমাকে ডাকলাম আর তুমি আমাকে উত্তর দিলে। মৃতস্থানের গভীরতা থেকে আমি সাহায্যের জন্য ডাক দিলাম আর তুমি আমার কান্না শুনলে। 3তুমি আমাকে গভীর জলে, সাগরের তলায় ফেলে দিলে আর আমি স্রোতের মধ্যে তলিয়ে গেলাম; তোমার সমস্ত ঢেউ আমার উপর দিয়ে বয়ে গেল। 4আমি বললাম, ‘আমাকে তোমার চোখের সামনে থেকে দূর করে দেওয়া হয়েছে; তবুও আমি আবার তোমার সেই পবিত্র ঘরের দিকে চোখ তুলব।’ 5সাগরের জল আমাকে গ্রাস করে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গেল; সাগর আমাকে ঘিরে ধরল এবং তার আগাছা আমার মাথায় জড়িয়ে গেল। 6আমি ডুবে গিয়ে পাহাড়ের গোড়া পর্যন্ত গেলাম; মৃতস্থান চিরকালের জন্য আমাকে আট্‌কে রাখল। কিন্তু হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি সেখান থেকে আমাকে উঠিয়ে আনলে।
7“হে সদাপ্রভু, আমার প্রাণ যখন যায়-যায় হয়ে উঠেছিল তখন আমি তোমাকে মনে করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে, তোমার পবিত্র ঘরে উঠে গিয়েছিল। 8যারা অপদার্থ প্রতিমাগুলোর পূজা করে তারা তোমার যে দয়া পেতে পারত তা অবহেলা করে, 9কিন্তু আমি ধন্যবাদের গান গেয়ে তোমার উদ্দেশে পশু-উৎসর্গ করব। আমি যে মানত করেছি তা পূর্ণ করব। উদ্ধার করা সদাপ্রভুরই কাজ।”
10পরে সদাপ্রভু মাছটাকে আদেশ দিলেন আর মাছটা যোনাকে শুকনা জমির উপর বমি করে বের করে দিল।

Currently Selected:

যোনা 2: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in