YouVersion Logo
Search Icon

যিরমিয় 1

1
1এই সব কথা হিল্কিয়ের ছেলে যিরমিয় বলেছিলেন। তিনি ছিলেন বিন্যামীন এলাকার অনাথোৎ গ্রামের পুরোহিতদের মধ্যে একজন। 2যিহূদার রাজা আমোনের ছেলে যোশিয়ের রাজত্বের তেরো বছরের সময় সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল। 3যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের সময় থেকে যিহূদার রাজা যোশিয়ের ছেলে সিদিকিয়ের রাজত্বের এগারো বছরের পঞ্চম মাস পর্যন্তও সদাপ্রভুর বাক্য আবার প্রকাশিত হয়েছিল। সেই মাসেই যিরূশালেমের লোকদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
সদাপ্রভু যিরমিয়কে ডাকলেন
4সদাপ্রভু আমাকে বললেন, 5“তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি।”
6তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, আমি কথা বলতে জানি না; আমি তো ছেলেমানুষ।”
7কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ছেলেমানুষ এই কথা বোলো না। আমি যাদের কাছে তোমাকে পাঠাব তাদের প্রত্যেকের কাছে তুমি যাবে এবং আমি যা বলতে আদেশ করব তা-ই বলবে। 8তুমি তাদের ভয় কোরো না, কারণ আমি সদাপ্রভু তোমাকে রক্ষা করবার জন্য তোমার সংগে সংগে আছি।”
9তারপর সদাপ্রভু হাত বাড়িয়ে আমার মুখ ছুঁলেন এবং আমাকে বললেন, “এখন আমি তোমার মুখে আমার বাক্য দিলাম। 10দেখ, উপ্‌ড়ে ও ভেংগে ফেলবার জন্য, ধ্বংস ও সর্বনাশ করবার জন্য এবং তৈরী করবার ও স্থাপন করবার জন্য আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলোর উপরে নিযুক্ত করলাম।”
11তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?”
উত্তরে আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখতে পাচ্ছি।”
12সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ, কারণ আমার বাক্য যাতে সফল হয় তার দিকে আমি খেয়াল রাখছি।”
13আবার সদাপ্রভু বললেন, “তুমি কি দেখতে পাচ্ছ?”
আমি বললাম, “আমি উত্তর দিক থেকে দক্ষিণে কাৎ হয়ে থাকা একটা পাত্র দেখতে পাচ্ছি যার মধ্যে কিছু ফুটছে।”
14সদাপ্রভু আমাকে বললেন, “এই দেশে যারা বাস করে তাদের সকলের উপরে উত্তর দিক থেকে বিপদ বন্যার মত বেগে আসবে। 15আমি উত্তর দিকের রাজ্যগুলোর সমস্ত জাতিদের ডাক দিচ্ছি।” যিরূশালেমের ফটকগুলোতে ঢুকবার পথে রাজারা এসে তাদের সিংহাসন স্থাপন করবে। তারা তার চারপাশের দেয়াল আর যিহূদার সমস্ত শহরগুলো ঘেরাও করবে। 16আমার লোকেরা আমাকে ত্যাগ করেছে, তারা দেব-দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে আর নিজেদের হাতের তৈরী জিনিসের পূজা করেছে। তাদের এই সব দুষ্টতার জন্য আমি তাদের বিরুদ্ধে আমার বিচারের রায় দেব।
17“তুমি কোমর বেঁধে দাঁড়াও এবং আমি তোমাকে যা বলতে আদেশ করি তা-ই তুমি তাদের বল। তাদের দেখে তুমি ভেংগে পোড়ো না, যদি পড় তাহলে আমি এমন করব যাতে তাদের সামনে তুমি একেবারে ভেংগে পড়। 18আজ আমি তোমাকে একটা শক্তিশালী শহরের মত, একটা লোহার থামের মত ও একটা ব্রোঞ্জের দেয়ালের মত করলাম যাতে তুমি গোটা দেশের বিরুদ্ধে, অর্থাৎ যিহূদার রাজাদের, উঁচু পদের কর্মচারীদের, পুরোহিতদের ও দেশের লোকদের বিরুদ্ধে দাঁড়াতে পার। 19তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সংগে সংগে আছি। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

Currently Selected:

যিরমিয় 1: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in