YouVersion Logo
Search Icon

যিশাইয় 61

61
সদাপ্রভুর দয়া দেখাবার সময়
1প্রভু সদাপ্রভুর আত্মা আমার উপর আছেন, কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরীবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আমি লোকদের ভাংগা মন জোড়া দিতে পারি এবং বন্দীদের কাছে স্বাধীনতা আর কয়েদীদের কাছে মুক্তি ঘোষণা করতে পারি; 2যাতে আমি সদাপ্রভুর দয়া দেখাবার সময়ের কথা আর আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিনের কথা ঘোষণা করতে পারি এবং যারা শোক করছে তাদের সান্ত্বনা দিতে পারি; 3যাতে সিয়োনে যারা শোক করছে তাদের মাথার উপর আমি ছাইয়ের বদলে সৌন্দর্যের মুকুট দিতে পারি; যাতে আমি শোকের বদলে আনন্দের তেল আর হতাশার বদলে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের বলা হবে সততার এলোন গাছ; সদাপ্রভু তা লাগিয়েছেন যেন তাদের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ পায়।
4তারা পুরানো দিনের ধ্বংস হওয়া স্থানগুলো আবার গাঁথবে ও মেরামত করবে। যে সব শহরগুলো বংশের পর বংশ ধরে ধ্বংস হয়ে ছিল সেগুলো তারা আবার নতুন করে গড়বে। 5অন্য জাতির লোকেরা এসে তোমাদের ভেড়ার পাল চরাবে; বিদেশীরা তোমাদের শস্য ক্ষেত ও আংগুর ক্ষেতে কাজ করবে। 6তোমাদের বলা হবে সদাপ্রভুর পুরোহিত; তোমাদের নাম হবে আমাদের ঈশ্বরের সেবাকারী। তোমরা জাতিদের ধন-সম্পদ ভোগ করবে আর তাদের ধন দিয়ে গর্ব করবে। 7আমার লোকেরা লজ্জার বদলে সম্পত্তির দুই গুণ ভাগ পাবে, আর অসম্মানের বদলে তারা তাদের সম্পত্তিতে আনন্দ করবে। তাদের দেশে তারা দুই গুণ ভাগ পাবে আর তাদের চিরস্থায়ী আনন্দ হবে। 8সদাপ্রভু বলছেন, “আমি ন্যায়বিচার ভালবাসি আর ডাকাতি ও অন্যায় ঘৃণা করি। আমার বিশ্বস্ততায় আমি তাদের পুরস্কার দেব আর তাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। 9জাতিদের মধ্যে তাদের বংশধরেরা আর লোকদের মধ্যে তাদের সন্তানেরা নাম-করা হবে। যারা তাদের দেখবে তারা সবাই বুঝতে পারবে যে, এরা সেই জাতি যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
10আমি সদাপ্রভুকে নিয়ে খুব খুশী হব; আমার প্রাণ আমার ঈশ্বরকে নিয়ে আনন্দ করবে, কারণ বর যেমন নিজের মাথায় পাগড়ী পরে আর কনে নিজেকে অলংকার দিয়ে সাজায় তেমনি করে তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন আর সততার পোশাকে সাজিয়েছেন। 11মাটিতে যেমন চারা গজায় আর বাগানে বীজ থেকে গাছ গজায় তেমনি করে প্রভু সদাপ্রভু সমস্ত জাতির সামনে সততা ও প্রশংসার চারা গজাবেন।

Currently Selected:

যিশাইয় 61: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in