যিশাইয় 43
43
ইস্রায়েলের একমাত্র উদ্ধারকর্তা
1হে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইস্রায়েল, যিনি তোমাকে তৈরী করেছেন, সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, “তুমি ভয় কোরো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। 2তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সংগে সংগে থাকব। যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে, তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না; তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না; আগুনের শিখা তোমার গায়ে লাগবে না; 3কারণ আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইস্রায়েলের সেই পবিত্রজন। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিসর দেশ দেব, আর তোমার বদলে কূশ ও সবা দেশ দেব। 4আমি তোমার বদলে অন্য লোকদের দেব আর তোমার প্রাণের বদলে অন্য জাতিদের দেব, কারণ তুমি আমার চোখে মূল্যবান ও সম্মানিত, আর আমি তোমাকে ভালবাসি। 5তুমি ভয় কোরো না, কারণ আমি তোমার সংগে সংগে আছি। পূর্ব দিক থেকে আমি তোমার বংশকে নিয়ে আসব আর পশ্চিম দিক থেকে তোমাকে জড়ো করব। 6আমি উত্তরের দেশগুলোকে বলব, ‘ওদের ছেড়ে দাও,’ আর দক্ষিণের দেশগুলোকে বলব, ‘ওদের আট্কে রেখো না।’ আমি তাদের বলব, ‘তোমরা দূর থেকে আমার ছেলেদের আর পৃথিবীর শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস। 7আমার নামে যাদের ডাকা হয়, আমি যাদের আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গড়েছি ও তৈরী করেছি, তোমরা তাদের প্রত্যেককে নিয়ে এস।’ ”
8যারা চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বয়রা তারা বের হয়ে আসুক। 9সব জাতি একসংগে জড়ো হোক আর লোকেরা এক জায়গায় মিলিত হোক। তাদের মধ্যে কে আমাদের কাছে ভবিষ্যদ্বাণী করতে পারে ও আগেকার বিষয় বলতে পারে? তাদের কথা যে ঠিক তা প্রমাণ করবার জন্য তারা তাদের সাক্ষী আনুক যাতে সেই সাক্ষীরা তা শুনে বলতে পারে, “ঠিক কথা।” 10সদাপ্রভু ইস্রায়েলীয়দের বলছেন, “তোমরাই আমার সাক্ষী ও আমার বেছে নেওয়া দাস, যাতে তোমরা জানতে পার ও আমার উপর বিশ্বাস করতে পার আর বুঝতে পার যে, আমিই তিনি। আমার আগে কোন ঈশ্বর তৈরী হয় নি আর আমার পরেও অন্য কোন ঈশ্বর থাকবেন না। 11আমি, আমিই সদাপ্রভু, আমি ছাড়া আর কোন উদ্ধারকর্তা নেই। 12আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি; তখন তোমাদের মধ্যে কোন দেবতা ছিল না। এই বিষয়ে তোমরাই আমার সাক্ষী। আমি সদাপ্রভু এই কথা বলেছি; আমিই ঈশ্বর। 13হ্যাঁ, প্রথম থেকে আমিই তিনি। কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে না। আমি কাজ করলে কেউ তা বাতিল করতে পারে না।”
ঈশ্বরের দয়া ও ইস্রায়েলের অবিশ্বস্ততা
14সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছেন, “আমি তোমাদের জন্য বাবিলে লোক পাঠাব এবং যে জাহাজ নিয়ে বাবিলীয়েরা গর্ব করত তাতে করে পালিয়ে যাওয়া লোকদের মত করে সেই বাবিলীয়দের নিয়ে আসব। 15আমিই সদাপ্রভু, তোমাদের সেই পবিত্রজন; আমিই ইস্রায়েলের সৃষ্টিকর্তা ও তোমাদের রাজা।”
16সদাপ্রভু সাগরের মধ্য দিয়ে রাস্তা করেছিলেন, সেই ভীষণ জলের মধ্য দিয়ে পথ করেছিলেন। 17তিনি রথ, ঘোড়া ও শক্তিশালী সৈন্যদলকে বের করে এনেছিলেন। তারা একসংগে সেখানে পড়ে ছিল, আর উঠতে পারে নি। তারা শল্তের মত নিভে গিয়েছিল। 18তিনি বলছেন, “তোমরা আগেকার সব কিছু মনে এনো না; পুরানো কিছুর মধ্যে পড়ে থেকো না। 19দেখ, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি। তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে। আমি মরু-এলাকার মধ্যে পথ করব আর মরুভুমিতে নদী বইয়ে দেব। 20বুনো পশু, শিয়াল ও উটপাখীরা আমার গৌরব করবে, কারণ আমার লোকদের, আমার বাছাই করা লোকদের খাবার জন্য আমি মরু-এলাকায় জল যুগিয়ে দেব আর মরুভূমিতে নদী বইয়ে দেব। 21সেই লোকদের আমি নিজের জন্য তৈরী করেছি যাতে তারা আমার গৌরব ঘোষণা করতে পারে।
22“কিন্তু হে যাকোব, তুমি আমাকে ডাক নি; হে ইস্রায়েল, তুমি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে গেছ। 23পোড়ানো-উৎসর্গের জন্য তুমি আমার কাছে ভেড়া আন নি আর তোমার কোন উৎসর্গের দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-উৎসর্গের ভার দিই নি; লোবান দেবার জন্য তোমাকে ক্লান্ত করি নি। 24তুমি কোন সুগন্ধি বচ আমার জন্য কিনে আন নি; তোমার পশু-উৎসর্গের চর্বি দিয়ে তুমি আমাকে খুশী কর নি। তার বদলে তুমি তোমার পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ আর তোমার সমস্ত অন্যায় দিয়ে আমাকে ক্লান্ত করেছ।
25“আমি, আমিই আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলি; আমি তোমার পাপ আর মনে আনব না। 26তোমার বিষয় আমাকে মনে করিয়ে দাও; এস, আমরা তা নিয়ে তর্কাতর্কি করি। তুমি নিজের পক্ষে কথা বল যাতে তোমাকে নির্দোষ বলে প্রমাণ করা যায়। 27তোমার আদিপিতা পাপ করেছিল; তোমার মধ্যস্থ হিসাবে যারা কথা বলেছিল তারা আমার বিরুদ্ধে পাপ করেছিল। 28তাই আমি তোমাদের উপাসনা-ঘরের পুরোহিতদের অপমান করব আর যাকোবকে ধ্বংসের অভিশাপের অধীন করব এবং ইস্রায়েলকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করব।”
Currently Selected:
যিশাইয় 43: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000