YouVersion Logo
Search Icon

যিশাইয় 27

27
ইস্রায়েলের উদ্ধার লাভ
1সেই দিন সদাপ্রভু তাঁর ভয়ংকর, মহান ও ক্ষমতাপূর্ণ তলোয়ার দিয়ে সেই এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন। তিনি সমুদ্রের সেই দানবকে কেটে ফেলবেন।
2সেই দিন এই গান গাওয়া হবে:
“তোমরা গান কর সেই আংগুর ক্ষেতের বিষয় নিয়ে
যেখান থেকে রস পাওয়া যায়।
3আমি সদাপ্রভু তার দেখাশোনা করি;
আমি সব সময় তাতে জল দিই।
যাতে কেউ তার ক্ষতি করতে না পারে
সেজন্য দিনরাত আমি তা পাহারা দিই।
4তার উপর আমার ক্রোধ নেই।
আহা, কাঁটাঝোপ ও কাঁটাবন যেন আমার বিরুদ্ধে দাঁড়ায়!
তাহলে আমি তাদের পায়ে মাড়াব
আর সেগুলো সবই পুুড়িয়ে দেব।
5সেগুলো বরং আশ্রয়ের জন্য আমার কাছে আসুক;
আমার সংগে শান্তি স্থাপন করুক।
হ্যাঁ, তারা আমার সংগে শান্তি স্থাপন করুক।
6আগামী দিনগুলোতে যাকোব শিকড় বসাবে,
ইস্রায়েল কুঁড়ি ধরিয়ে ফুল ফোটাবে
আর ফল দিয়ে সারা জগৎ ভরিয়ে দেবে।”
7ইস্রায়েলের আঘাতকারীদের যেমন সদাপ্রভু আঘাত করেছেন তেমনি করে তিনি ইস্রায়েলকে আঘাত করেন নি; যারা তাকে মেরে ফেলেছে তাদের মত করে তিনি তাকে মেরে ফেলেন নি। 8তিনি বিচার করে তাকে বের করে দিয়েছেন, কিন্তু তাতে পাওনার অতিরিক্ত শাস্তি দেওয়া হয় নি; পূবের বাতাসের মত করে তাঁর ভীষণ ঝাপটায় তিনি তাকে তাড়িয়ে বের করে দিয়েছেন। 9এর মধ্য দিয়ে যাকোবের পাপের দেনা পরিশোধ করা হবে, কিন্তু তার সব পাপ দূর করবার আগে চুনা পাথরের মত করে সে তার বেদীর সব পাথর চুরমার করবে; কোন আশেরা-খুঁটি বা ধূপ-বেদী থাকবে না। 10দেয়াল-ঘেরা শহরটা নির্জন হয়েছে; তা ছেড়ে যাওয়া বাসস্থান ও মরুভূমির মত ত্যাগ করা হয়েছে। সেখানে বাছুর চরে বেড়াবে ও শুয়ে থাকবে; তারা গাছের সব পাতা খেয়ে ফেলবে। 11তার ডালপালা শুকালে পর ভেংগে ফেলা হবে আর স্ত্রীলোকেরা এসে সেগুলো দিয়ে আগুন জ্বালাবে। এটা একটা বুদ্ধিহীন জাতি, কাজেই যিনি তাদের তৈরী করেছেন তাদের উপর তাঁর কোন মমতা নেই; তাদের প্রতি তাদের সৃষ্টিকর্তার কোন দয়া নেই।
12হে ইস্রায়েলীয়েরা, সেই দিন বয়ে যাওয়া ইউফ্রেটিস থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত শস্য ঝাড়ার মত করে সদাপ্রভু তোমাদের ঝাড়বেন, আর এক এক করে তোমাদের জড়ো করবেন। 13সেই দিন একটা বিরাট শিংগা বাজবে। এতে যারা আসিরিয়া দেশে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং যাদের মিসর দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা আসবে আর যিরূশালেমের পবিত্র পাহাড়ে সদাপ্রভুর উপাসনা করবে।

Currently Selected:

যিশাইয় 27: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in