হোশেয় 12
12
1ইফ্রয়িম বাতাস খায়; সে সারাদিন পূবের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও অত্যাচার বাড়িয়ে তোলে। সে আসিরিয়ার সংগে সন্ধি করেছে এবং মিসরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে।”
2যিহূদার বিরুদ্ধে সদাপ্রভুর একটা নালিশ আছে; যাকোবের আচার-ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন। 3পেটে থাকতে যাকোব তার ভাইয়ের গোড়ালী ধরেছিল; বয়সকালে সে ঈশ্বরের সংগে যুদ্ধ করেছিল। 4সে স্বর্গদূতের সংগে যুদ্ধ করে তাঁকে হারিয়ে দিয়েছিল; সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বৈথেলে সদাপ্রভুকে পেয়েছিল এবং সেখানে সদাপ্রভু আমাদের সংগে কথা বলেছিলেন। 5তিনিই সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু; সদাপ্রভু নামেই লোকে তাঁকে স্মরণ করে। 6এখন হে যাকোব-বংশের লোকেরা, তোমাদের ঈশ্বরের কাছে তোমরা ফিরে এস; তোমরা বিশ্বস্ততা ও ন্যায়বিচার রক্ষা কর এবং সর্বদা তোমাদের ঈশ্বরের অপেক্ষায় থাক।
7সদাপ্রভু বলছেন, “ব্যবসায়ী ইফ্রয়িম ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করে; সে জোরজুলুম করতে ভালবাসে। 8সে বলে, ‘আমি খুব ধনী হয়েছি, অনেক ধন-সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোন দোষ বা পাপ খুঁজে পাবে না।’ 9কিন্তু হে ইফ্রয়িম, আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট পর্বের সময়ের মত করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাব। 10আমি নবীদের কাছে কথা বলেছি, তাদের অনেক দর্শন দিয়েছি এবং তাদের মধ্য দিয়ে রূপক অর্থে অনেক কথা বলেছি।”
11গিলিয়দ অন্যায়ে পূর্ণ; তার লোকেরা অপদার্থ। তারা গিল্গলে অনেক বলদ উৎসর্গ করে। তাদের বেদীগুলো চাষ করা জমিতে পাথরের ঢিবির মত অনেক। 12যাকোব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; স্ত্রী পাবার জন্য ইস্রায়েল মজুরের কাজ ও ভেড়া চরাবার কাজ করেছিল। 13মিসর থেকে ইস্রায়েলকে নিয়ে আসবার জন্য সদাপ্রভু একজন নবীকে ব্যবহার করেছিলেন; তাঁকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন। 14কিন্তু ইফ্রয়িম সদাপ্রভুকে ভীষণ অসন্তুষ্ট করে তুলেছিল; সেইজন্য তার প্রভু তার মন্দ কাজের জন্য তাকেই দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন।
Currently Selected:
হোশেয় 12: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000