ইষ্রা 3
3
বেদী আবার তৈরী করা হল
1ইস্রায়েলীয়েরা নিজের নিজের গ্রাম ও শহরে বাস করতে শুরু করবার পর সপ্তম মাসে সমস্ত লোকেরা একসংগে মিলে যিরূশালেমে জড়ো হল। 2তারপর যোষাদকের ছেলে যেশূয় ও তাঁর সংগী পুরোহিতেরা এবং শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও তাঁর সংগীরা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠানের জন্য ঈশ্বরের লোক মোশির আইন-কানুনের লেখা অনুসারে ইস্রায়েলের ঈশ্বরের বেদীটি তৈরী করলেন। 3তাঁদের চারপাশের লোকদের তাঁরা ভয় করলেও আগের ভিত্তির উপরেই তাঁরা বেদী তৈরী করলেন এবং তার উপর সকাল ও বিকালের উৎসর্গের সময়ে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে লাগলেন। 4তারপর তাঁরা শাস্ত্রের কথামত কুঁড়ে-ঘরের পর্ব পালন করলেন এবং প্রত্যেক দিনের নির্দিষ্ট সংখ্যা অনুসারে নিয়ম মত পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন। 5তারপর থেকে তাঁরা প্রতি দিনকার পোড়ানো-উৎসর্গ, অমাবস্যার পোড়ানো-উৎসর্গ, সদাপ্রভুর উদ্দেশে নির্দিষ্ট করা পর্বের পোড়ানো-উৎসর্গ এবং নিজের ইচ্ছায় আনা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে লাগলেন। 6যদিও তখনও সদাপ্রভুর ঘরের ভিত্তি গাঁথা হয় নি তবুও তাঁরা সপ্তম মাসের প্রথম দিন থেকে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে লাগলেন।
উপাসনা-ঘর আবার তৈরী হল
7তাঁরা রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রিকে টাকা দিলেন এবং সীদোন ও সোরের লোকদের খাবার, আংগুর-রস ও তেল দিলেন যাতে তারা পারস্যের রাজা কোরসের অনুমতি অনুসারে লেবানন থেকে যাফো পর্যন্ত সমুদ্র পথে এরস কাঠ নিয়ে আসতে পারে।
8যিরূশালেমে ঈশ্বরের ঘরে পৌঁছাবার পরে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, যোষাদকের ছেলে যেশূয় এবং তাঁদের বাদবাকী ভাইয়েরা কাজ করতে শুরু করলেন। এই ভাইয়েরা হল পুরোহিত, লেবীয় ও অন্যান্য সমস্ত লোক যারা বন্দীদশা থেকে যিরূশালেমে ফিরে এসেছিল। বিশ বছর ও তার বেশী বয়সের লেবীয়দের সদাপ্রভুর ঘর তৈরীর কাজ দেখাশোনা করবার জন্য নিযুক্ত করা হল। 9যেশূয় ও তাঁর ছেলেরা ও ভাইয়েরা, হোদবিয়ের বংশের কদ্মীয়েল ও তার ছেলেরা, হেনাদদের ছেলেরা এবং তাদের ছেলেরা ও ভাইয়েরা একত্র হয়ে যারা ঈশ্বরের ঘরে কাজ করছিল তাদের দেখাশোনা করতে লাগল। এরা সবাই লেবীয় ছিল।
10রাজমিস্ত্রিরা যখন সদাপ্রভুর ঘরের ভিত্তি স্থাপন করল তখন ইস্রায়েলের রাজা দায়ূদের নির্দেশ মত সদাপ্রভুর গৌরব করবার জন্য পুরোহিতেরা তাঁদের নির্দিষ্ট পোশাক পরে তূরী নিয়ে ও লেবীয়দের মধ্য থেকে আসফের ছেলেরা করতাল নিয়ে যে যার জায়গায় দাঁড়ালেন। 11সদাপ্রভুর গৌরব ও ধন্যবাদের গান গাইতে গাইতে তাঁরা গাইলেন,
“তিনি মংগলময়,
ইস্রায়েলের প্রতি তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
সদাপ্রভুর ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে সব লোকেরা খুব জোরে চিৎকার করে সদাপ্রভুর গৌরব করল। 12কিন্তু অনেকে যখন আনন্দে চিৎকার করে উঠল তখন যাঁরা আগের উপাসনা-ঘরটি দেখেছিলেন তেমন অনেক বুড়ো পুরোহিত, লেবীয় ও বংশের নেতা এই উপাসনা-ঘরের ভিত্তি স্থাপন করতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলেন। 13লোকেরা এত চিৎকার করছিল যে, কোন্টা আনন্দের আর কোন্টা কান্নার শব্দ কেউ তা বুঝতে পারল না। অনেক দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছিল।
Currently Selected:
ইষ্রা 3: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000