YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 4

4
যিরূশালেম ঘেরাওয়ের ছবি
1তিনি আমাকে আরও বললেন, “হে মানুষের সন্তান, তুমি এখন একটা মাটির ফলক নিয়ে তোমার সামনে রাখ এবং তার উপর যিরূশালেম শহরের ছবি আঁক। 2তার চারপাশে এইভাবে ঘেরাও দেখাও: তার বিরুদ্ধে একটা উঁচু ঢিবি তৈরী কর, শহরের দেয়ালের সংগে একটা ঢালু ঢিবি বানাও, শহরের বিরুদ্ধে সৈন্যদের ছাউনি খাটাও এবং দেয়ালের চারপাশে দেয়াল ভাংগার যন্ত্র বসাও। 3তারপর লোহার একটা পাত নিয়ে সেটা তোমার ও শহরের মাঝখানে দেয়ালের মত করে রাখ এবং তোমার মুখ সেই দিকে ফিরিয়ে রাখ। তাতে শহরটা ঘেরাও করা হয়েছে বুঝা যাবে; এইভাবে তুমি দেখাবে যে, শহরটা ঘেরাও করা হয়েছে। এটা হবে ইস্রায়েল জাতির জন্য একটা চিহ্ন।
4“তারপর তুমি বাঁ পাশ ফিরে শোবে এবং ইস্রায়েলের পাপের শাস্তি তোমার নিজের উপরে নেবে। যে কয়দিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে সেই কয় দিন তাদের শাস্তি তুমি বহন করবে। 5তাদের শাস্তি পাবার বছরের সংখ্যা হিসাব করে ততদিন আমি তোমাকে তা বহন করতে দিলাম। কাজেই তিনশো ন্ববই দিন ইস্রায়েলের শাস্তি তুমি বহন করবে।
6“এটা শেষ হলে পর তুমি আবার শোবে; এবার ডান পাশ ফিরে শোবে এবং যিহূদার পাপের শাস্তি বহন করবে। শুয়ে থাকবার জন্য আমি তোমাকে চল্লিশ দিন দিলাম, এক এক বছরের জন্য এক এক দিন। 7তুমি যিরূশালেমের ঘেরাওয়ের দিকে মুখ ফিরাবে এবং হাতের উপর থেকে কাপড় সরিয়ে দিয়ে সেই শহরের বিরুদ্ধে নবী হিসাবে কথা বলবে। 8তোমার ঘেরাওয়ের দিন শেষ না হওয়া পর্যন্ত যাতে তুমি এপাশ-ওপাশ ফিরতে না পার সেইজন্য আমি তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখব।
9“তুমি গম, যব, শিম, মসুর ডাল, বাজ্‌রা ও জনার নিয়ে একটা পাত্রে রাখবে এবং সেগুলো দিয়ে তোমার জন্য রুটি তৈরী করবে। যে তিনশো ন্ববই দিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে তখন তা খাবে। 10প্রতিদিন ওজন করে দু’শো চল্লিশ গ্রাম খাবার সেই দিনের মধ্যেই বিভিন্ন সময়ে খাবে। 11এছাড়া আধা লিটারের একটু বেশী জলও বিভিন্ন সময়ে খাবে। 12যবের পিঠার মত করে সেই খাবার তুমি খাবে; লোকদের চোখের সামনে মানুষের পায়খানা পুড়িয়ে তা সেঁকে নেবে। 13যে সব জাতির মধ্যে আমি ইস্রায়েলীয়দের তাড়িয়ে দেব তাদের মধ্যে থাকবার সময় তারা এইভাবে অশুচি খাবার খাবে।” এই কথা সদাপ্রভু বললেন।
14তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, এই রকম না হোক। আমি কখনও অশুচি হই নি। ছেলেবেলা থেকে এই পর্যন্ত আমি মরা বা বুনো পশুর মেরে ফেলা কোন কিছু খাই নি। কোন অশুচি মাংস আমার মুখে কখনও ঢোকে নি।”
15তিনি বললেন, “আচ্ছা, মানুষের পায়খানার বদলে আমি তোমাকে গোবরের ঘুঁটে পুড়িয়ে তোমার রুটি সেঁকবার অনুমতি দিলাম।”
16তারপর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, আমি যিরূশালেমে খাবারের যোগান বন্ধ করে দেব। লোকেরা দুশ্চিন্তা নিয়ে মেপে খাবার খাবে ও হতাশা নিয়ে মেপে জল খাবে, 17কারণ খাবার ও জলের অভাব হবে। তারা একে অন্যকে দেখে হতভম্ব হবে এবং তাদের পাপের জন্য তারা ক্ষয় হয়ে যেতে থাকবে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in