YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 29

29
মিসরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1আমাদের বন্দীদশার দশম বছরের দশম মাসের বারো দিনের দিন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 2“হে মানুষের সন্তান, তুমি তোমার মুখ মিসরের রাজা ফরৌণের দিকে রেখে তার ও সারা মিসর দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল যে, 3প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে মিসরের রাজা ফরৌণ, আমি তোমার বিপক্ষে। তুমি নিজের নদীর মধ্যে শুয়ে থাকা সেই বিরাট কুমীর। তুমি বলে থাক যে, নীল নদী তোমার আর তুমি নিজের জন্যই সেটা তৈরী করেছ। 4কিন্তু আমি তোমার চোয়ালে কড়া লাগাব ও তোমার নদীর মাছগুলোকে তোমার আঁশের সংগে লাগিয়ে দেব। তোমার আঁশে লেগে থাকা সব মাছ সুদ্ধই আমি তোমাকে তোমার নদী থেকে টেনে তুলে আনব। 5আমি তোমাকে ও তোমার নদীর সব মাছগুলোকে মরু-এলাকায় ফেলে রাখব। তুমি খোলা মাঠে পড়ে থাকবে এবং তোমাকে তুলে কবর দেওয়া হবে না। আমি খাবার হিসাবে তোমাকে বুনো পশু ও আকাশের পাখীদের দেব। 6তাতে যারা মিসরে বাস করে তারা সবাই জানবে যে, আমিই সদাপ্রভু।
“‘তুমি ইস্রায়েলীয়দের জন্য নলের লাঠি হয়েছিলে। 7তারা তোমাকে হাত দিয়ে ধরলে পর তুমি ফেটে গিয়ে তাদের কাঁধে আঘাত করতে। তারা যখন তোমার উপর ভর দিত তখন তুমি ভেংগে যেতে এবং তাদের পিঠ তাতে মোচড় খেত।
8“‘সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ নিয়ে এসে তোমার লোকদের ও পশুদের মেরে ফেলব। 9মিসর হবে একটা জনশূন্য ধ্বংসস্থান। তখন তোমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।
“‘তুমি বলেছ যে, নীল নদী তোমার আর তুমিই সেটা তৈরী করেছ। 10সেইজন্য আমি তোমার ও তোমার নদীর সমস্ত জলের বিরুদ্ধে। আমি মিগ্‌দোল থেকে সিবেনী, অর্থাৎ কূশের সীমানা পর্যন্ত মিসর দেশকে জনশূন্য ও ধ্বংসস্থান করে দেব। 11তার মধ্য দিয়ে কোন মানুষ বা পশু চলাফেরা করবে না; চল্লিশ বছর ধরে সেখানে কেউ বাস করবে না। 12ধ্বংস হয়ে যাওয়া সমস্ত দেশগুলোর মধ্যে আমি মিসর দেশের অবস্থা আরও বেশী খারাপ করে দেব; ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর মধ্যে তার শহরগুলোর অবস্থা চল্লিশ বছর ধরে আরও খারাপ হয়ে থাকবে। আমি নানা জাতি ও দেশের মধ্যে মিসরীয়দের ছড়িয়ে-ছিটিয়ে দেব।
13“‘চল্লিশ বছরের শেষে আমি নানা দেশে ছড়িয়ে থাকা মিসরীয়দের জড়ো করব। 14আমি তাদের অবস্থা ফিরিয়ে তাদের পূর্বপুরুষদের দেশ পথ্রোষে নিয়ে যাব। সেখানে তাদের রাজ্য হবে দুর্বল। 15পথ্রোষ হবে সবচেয়ে দুর্বল রাজ্য; অন্যান্য জাতিদের উপরে সে কখনও নিজেকে উঁচু করবে না। আমি তাকে এত দুর্বল করব যে, সে আর কখনও অন্যান্য জাতিদের উপরে রাজত্ব করবে না। 16ইস্রায়েলীয়েরা আর কখনও মিসরের উপর নির্ভর করবে না। মিসরের অবস্থা দেখে তারা বুঝতে পারবে যে, সাহায্যের জন্য মিসরের দিকে ফিরে তারা পাপ করেছিল। তাতে তারা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।’”
17আমাদের বন্দীদশার সাতাশ বছরের প্রথম মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 18“হে মানুষের সন্তান, বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর সোরের বিরুদ্ধে যুদ্ধের সময় তার সৈন্যদলকে এত বেশী খাটিয়েছে যে, তাদের সকলের মাথার চুল উঠে গেছে ও কাঁধের ছাল-চামড়া উঠে গেছে। তবুও সোরের বিরুদ্ধে সে যে যুদ্ধ চালিয়েছে তাতে তার বা তার সৈন্যদলের কোন লাভ হয় নি। 19সেইজন্য আমি বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরকে মিসর দেশটা দেব আর সে তার ধন-সম্পদ নিয়ে যাবে। তার সৈন্যদলের বেতনের জন্য সে সেই দেশটা লুটপাট করবে। 20তার কাজের পাওনা হিসাবে আমি তাকে মিসর দেশটা দিয়েছি, কারণ সে আমার জন্য কাজ করেছে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
21“সেই দিন আমি ইস্রায়েল জাতিকে শক্তিশালী করব এবং তাদের মধ্যে কথা বলবার জন্য তোমার মুখ খুলে দেব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in