YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 25

25
অম্মোনের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1পরে সদাপ্রভু আমাকে বললেন, 2“হে মানুষের সন্তান, অম্মোনীয়দের দিকে তোমার মুখ রেখে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল। 3প্রভু সদাপ্রভুর এই বাক্য তাদের শুনতে বল, ‘আমার ঘর অপবিত্র হতে দেখে ও ইস্রায়েল দেশকে পতিত জমি হতে দেখে এবং যিহূদার লোকদের বন্দী হিসাবে নিয়ে যেতে দেখে তোমরা বেশ খুশী হয়েছিলে। 4সেইজন্য আমি পূর্বদেশের লোকদের হাতে তোমাদের তুলে দেব। তারা তোমাদের দেশে তাদের তাম্বু খাটিয়ে তোমাদের মধ্যে বাস করবে; তারা তোমাদের ফল ও দুধ খাবে। 5আমি র্ববা শহরকে করব উটের চারণ ভূমি ও অম্মোন দেশকে করব ভেড়ার বিশ্রামস্থান। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। 6তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সংগে তাকে হিংসা করে আনন্দ করেছ। 7সেইজন্য তোমাদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং লুটের মাল হিসাবে অন্য জাতিদের হাতে তোমাদের তুলে দেব। অন্যান্য জাতি ও দেশের মধ্য থেকে আমি তোমাদের ছেঁটে ফেলে ধ্বংস করে দেব। তাতে তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
মোয়াবের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
8পরে প্রভু সদাপ্রভু বললেন, “মোয়াব ও সেয়ীর বলেছে, ‘দেখ, যিহূদার লোকেরা অন্যান্য সব জাতিদের মত হয়ে গেছে।’ 9সেইজন্য আমি মোয়াবের এক দিকের সীমানা খুলে দেব। তাতে মোয়াবের গৌরবের শহর বৈৎ-যিশীমোৎ, বাল্‌-মিয়োন ও কিরিয়াথয়িম আক্রমণ করা হবে। 10-11আমি অম্মোনীয়দের সংগে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব যাতে জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায় আর মোয়াবও শাস্তি পায়। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
ইদোমের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
12পরে প্রভু সদাপ্রভু বললেন, “ইদোম যিহূদার লোকদের উপর বারবার প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে। 13সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ইদোমের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং সেখানকার সমস্ত লোকজন ও পশু মেরে ফেলব। আমি সেটা ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত লোকে যুদ্ধে মারা পড়বে। 14আমি আমার লোক ইস্রায়েলের হাত দিয়ে ইদোমের উপর প্রতিশোধ নেব আর তারা আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ অনুসারে ইদোমের বিরুদ্ধে কাজ করবে। তখন তারা জানতে পারবে যে, আমি প্রতিশোধ নিয়েছি।”
পলেষ্টীয়ার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
15পরে প্রভু সদাপ্রভু বললেন, “পলেষ্টীয়েরা হিংসার মনোভাব নিয়ে যিহূদার উপর প্রতিশোধ নিয়েছে; তারা পুরানো শত্রুতার মনোভাব নিয়ে যিহূদাকে ধ্বংস করতে চেয়েছে। 16সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ‘পলেষ্টীয়ার বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব; আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকী লোকদের ধ্বংস করব। 17আমি তাদের উপর ভীষণ প্রতিশোধ নেবার জন্য আমার ক্রোধে তাদের শাস্তি দেব। আমি যখন তাদের উপর প্রতিশোধ নেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in